১৭ জুন শ্রীমঙ্গলে যাচ্ছেন প্রধানমন্ত্রী
প্রকাশিত হয়েছে : ১০ জুন ২০২৬, ২:৪৬:৪১

শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি : ফ্যামিলি কার্ড সম্প্রসারণ কার্যক্রমের (৩য় পর্যায়) আওতা উদ্বোধন করতে আগামী ১৭ জুন শ্রীমঙ্গল আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ তথ্য জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জিয়াউর রহমান।
মঙ্গলবার দুপুরে উপজেলা কনফারেন্স রুমে ফ্যামিলি কার্ড সংক্রান্ত এক বৈঠকে তিনি এমন তথ্য জানিয়ে বলেন, উপজেলার মির্জাপুর ইউনিয়নের ১নং ওয়ার্ড সুইলপুর মৌজাতে প্রাথমিকভাবে ১৮৪ জন সুবিধাবঞ্চিত মানুষের তালিকা করা হয়েছে। তাদের হাতে ফ্যামিলি কার্ড তুলে দিতে প্রধানমন্ত্রী শ্রীমঙ্গল ও রাজনগর উপজেলা সফরে আসবেন বলে প্রাথমিক সম্মতি জ্ঞাপন করেছেন। সেই লক্ষ্যে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সার্বিক প্রস্তুতি নেওয়া হচ্ছে।
তিনি আরও বলেন, ওই ১৮৪ জন উপকারভোগীদের অধিকতর তথ্য যাচাই-বাছাই করতে উপজেলা প্রশাসনের ১২ জন কর্মকর্তাদের দায়িত্ব দেওয়া হয়েছে। কোনো স্বাবলম্বী ব্যক্তির নাম তালিকায় ওঠে থাকলে তা ওই তালিকা থেকে তাদের নাম বাদ দেওয়া হবে।
ইউএনও বলেন, মির্জাপুর ইউনিয়নের সুইলপুর মৌজাটি দুর্গম এলাকা হওয়ায় শহরের ভিক্টোরিয়া হাই স্কুল মাঠে কার্ড বিতরণ অনুষ্ঠানের জন্য বিকল্প ব্যবস্থা রাখা হয়েছে। তবে প্রধানমন্ত্রীর অগ্রবর্তী টিম এসএসএফ চূড়ান্তভাবে স্থান নির্বাচন করবেন বলেও তিনি জানান।
প্রধানমন্ত্রী শ্রীমঙ্গল আসার তথ্য নিশ্চিত করে মৌলভীবাজার-৪ আসনের সংসদ সদস্য মুজিবুর রহমান চৌধুরী বলেন, শ্রীমঙ্গলে প্রধানমন্ত্রী তারেক রহমানকে স্বাগত জানাতে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাদের নিয়ে মাঠপর্যায়ে কাজ করে যাচ্ছি।



