সাউথইস্ট বিজনেস ইনোভেশন ফোরাম

তরুণ নেতৃত্বের হাতেখড়ি যেখানে

সাউথইস্ট ইউনিভার্সিটিতে শিক্ষার্থীদের প্রথাগত শিক্ষার পাশাপাশি মেধা, মনন, নেতৃত্ব ও প্রায়োগিক দক্ষতার সার্বিক বিকাশে সক্রিয় ভূমিকা পালন করছে ২০টি ক্লাব ও ফোরাম।

এর মধ্যে সাউথইস্ট বিজনেস ইনোভেশন ফোরাম (এসবিআইএফ) অনন্য। ব্যবসায় শিক্ষার শিক্ষার্থীদের মাঝে উদ্ভাবনী চিন্তা, নেতৃত্বগুণ ও করপোরেট সংস্কৃতির বিকাশ ঘটাতে সংগঠনটি সক্রিয়ভাবে কাজ করছে। শিক্ষার্থীদের ভবিষ্যৎ কর্মজীবন ও সফল উদ্যোক্তা হিসেবে গড়ে উঠতে পাঠ্যপুস্তকের তাত্ত্বিক জ্ঞানকে বাস্তব অভিজ্ঞতার সঙ্গে সমন্বয় করে ফোরামটি বিশেষ ভূমিকা পালন করছে।

প্রতিযোগিতামূলক বর্তমান বিশ্বে সফল হতে হলে শুধু ক্লাসরুমের জ্ঞানই যথেষ্ট নয়, পাশাপাশি প্রয়োজন বাস্তব দক্ষতা ও বিশ্লেষণী ক্ষমতা। এ বিশ্বাস ধারণ করে এসবিআইএফের মূল লক্ষ্য হলো সৃজনশীল, তথ্যনির্ভর, নৈতিক ও দক্ষ সমস্যা সমাধানকারী তৈরি করা। সদস্যদের দক্ষতা বৃদ্ধিতে সংগঠনটি নানা ধরনের কার্যক্রম পরিচালনা করে থাকে। কৌশলগত পরিকল্পনা, সদস্য নির্বাচন প্রক্রিয়া, রিসার্চ এবং অনুষ্ঠান ডিজাইনের মতো কাজগুলো সদস্যরা করে থাকে। অতিথি ব্যবস্থাপনা, প্রয়োজনীয় কার্যক্রম পরিচালনার মতো দায়িত্ব পালনের মধ্য দিয়ে তারা কমিউনিকেশন স্কিল, টিম ওয়ার্ক, টাইম ম্যানেজমেন্ট ও সিদ্ধান্ত গ্রহণের গুরুত্বপূর্ণ দক্ষতা অর্জন করে।

এসবিআইএফ একটি সুসংগঠিত কাঠামোর মাধ্যমে পরিচালিত হয়। শিক্ষকদের মধ্য থেকে একজন উপদেষ্টা এবং সহকারী উপদেষ্টাদের তত্ত্বাবধানে ফোরামের নির্বাহী কমিটি সার্বিক কার্যক্রম পরিচালনা করে। নির্বাহী কমিটির অধীনে উপনির্বাহী কমিটি এসব কার্যক্রম বাস্তবায়নে সহযোগিতা করে থাকে। হিউম্যান রিসোর্স, ব্র্যান্ডিং অ্যান্ড পাবলিক রিলেশনস, করপোরেট অ্যাফেয়ার্স ও বিজনেস ডেভেলপমেন্ট, অর্থ, ডিজিটাল অ্যাফেয়ার্স, আন্তর্জাতিক সম্পর্ক, প্রশাসন এবং ফটোগ্রাফির মতো বিভাগগুলো এখানে সমন্বিতভাবে কাজ করে। ফোরামে নিয়মিতভাবে উন্মুক্ত মতবিনিময় সভার আয়োজন করা হয়, যেখানে সদস্যরা ফোরামের কাজের অগ্রগতি, নতুন পরিকল্পনা প্রণয়ন ও নিজেদের মতামত নিয়ে আলোচনা করতে পারে। এর ফলে সদস্যদের মাঝে স্বচ্ছতা, দায়িত্ববোধ ও নেতৃত্বের গুণাবলি বিকশিত হয়। উল্লেখযোগ্য উদ্যোগ ও নেটওয়ার্কিং শিক্ষার্থীদের ব্যবহারিক জ্ঞান বৃদ্ধির জন্য এসবিআইএফ বেশকিছু উদ্যোগ গ্রহণ করেছে। এর মধ্যে ‘ইনজেনিয়াস’ একটি উল্লেখযোগ্য উদ্যোগ। এটি একটি জাতীয় প্রতিযোগিতা, যেখানে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বাস্তব ব্যবসায়িক সমস্যার ভিত্তিতে সমাধান উপস্থাপন করে। এর মাধ্যমে অংশগ্রহণকারীরা ব্র্যান্ডিং, ভোক্তা আচরণ বিশ্লেষণ এবং ব্যবসায়িক মডেল তৈরির বাস্তব প্রয়োগ সম্পর্কে ধারণা লাভ করে। সাউথইস্ট বিজনেস ইনোভেশন ফোরামের মডারেটর ড. মো. আহসানুজ্জামান নিশু বলেন, শিক্ষা কেবল জ্ঞানের সঞ্চয় নয়; বরং সেই জ্ঞানকে বাস্তবতায় রূপ দেয়ার সক্ষমতা, নেতৃত্বের বিকাশ এবং সমাজের জন্য মূল্য সৃষ্টির মধ্যেই প্রকৃত শিক্ষার সার্থকতা নিহিত, আর সেই পথেই এগিয়ে চলেছে সাউথইস্ট বিজনেস ইনোভেশন ফোরাম।

শূন্য দারিদ্র্য, শূন্য বেকারত্ব এবং শূন্য কার্বন নিঃসরণ—এ লক্ষ্যগুলোকে কেন্দ্র করে নীতিনির্ভর ও কার্যকর সমাধান নিয়ে কাজের অভিজ্ঞতা অর্জনে এসবিআইএফ ‘থ্রি জিরো পলিসি হ্যাকাথন’-এর আয়োজন করে। এছাড়া বিভিন্ন জাতীয় উদ্যোগে সহযোগী হিসেবে যুক্ত থেকে সংগঠনটি অন্যান্য বিশ্ববিদ্যালয় ও প্রতিষ্ঠানের সঙ্গে একটি শক্তিশালী নেটওয়ার্ক গড়ে তুলছে। এর ফলে সদস্যরা ক্যাম্পাসের বাইরেও বহুমাত্রিক অভিজ্ঞতা অর্জনের সুযোগ পাচ্ছে।

এসবিআইএফ সংশ্লিষ্ট শিক্ষার্থীদের দৃষ্টিভঙ্গি, আচরণ ও পেশাদার প্রস্তুতিতে ইতিবাচক পরিবর্তনের মাধ্যমে কোনো ফোরামের সফলতা পরিমাপ করা উচিত বলে বিশ্বাস করে। ভবিষ্যৎ পরিকল্পনা হিসেবে সংগঠনটি নতুন উদ্যোগ গ্রহণ এবং সদস্যদের জন্য একটি ধারাবাহিক প্রশিক্ষণের পরিবেশ নিশ্চিত করতে চায়। এ ফোরামের চূড়ান্ত লক্ষ্য হলো এমন একটি সংস্কৃতি গড়ে তোলা, যেখানে প্রতিটি সদস্য একজন দায়িত্বশীল ভবিষ্যৎ নেতা হিসেবে বিকশিত হতে পারে।

আরও