আরআইএসজের গবেষণা

খবরের প্রধান উৎস সোশ্যাল মিডিয়া ও অনলাইন ভিডিও

বিশ্বজুড়ে তথ্য পাওয়ার ক্ষেত্রে প্রথাগত গণমাধ্যমের তুলনায় সোশ্যাল মিডিয়া ও ভিডিও প্লাটফর্মের জনপ্রিয়তা এখন অনেক বেশি।

সম্প্রতি প্রকাশিত এক গবেষণা প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। প্রতিবেদনটিতে সতর্ক করে বলা হয়েছে, সোশ্যাল মিডিয়ার কারণে পুরনো ধাঁচের গণমাধ্যমগুলোর ব্যবসায়িক মডেল বড় ধরনের ঝুঁকিতে পড়েছে। খবর জাপান টাইমস।

অক্সফোর্ড ইউনিভার্সিটির রয়টার্স ইনস্টিটিউট ফর দ্য স্টাডি অব জার্নালিজম (আরআইএসজে) প্রতি বছর এ প্রতিবেদন প্রকাশ করে। বিশ্বজুড়ে গণমাধ্যমের প্রবণতা বোঝার জন্য প্রতিবেদনটি খুবই গুরুত্ব দিয়ে দেখা হয়।

চলতি বছরের প্রতিবেদনের প্রধান লেখক জিম এগান বলেন, ‘২০২৬ সালটি গণমাধ্যমের জন্য একটি বড় মাইলফলক। ইতিহাসে এই প্রথম বিশ্বজুড়ে খবরের সবচেয়ে বড় উৎস হিসেবে অন্যান্য মাধ্যমকে ছাড়িয়ে গেছে সোশ্যাল মিডিয়া ও ভিডিও নেটওয়ার্ক। বিশ্বব্যাপী ৫৪ শতাংশ মানুষ এখন এসব প্লাটফর্ম থেকে খবর পড়েন বা দেখেন।’

চলতি বছরের শুরুতে আন্তর্জাতিক জরিপ সংস্থা ইউগভের সহায়তায় ৪৮টি দেশের প্রায় এক লাখ মানুষের ওপর একটি অনলাইন জরিপ চালানো হয়। সে জরিপের ভিত্তিতেই গবেষকরা এ সিদ্ধান্তে পৌঁছেছেন।

জরিপে দেখা গেছে, ৫৪ শতাংশ মানুষ জরিপের আগের সপ্তাহে সোশ্যাল মিডিয়া বা ভিডিও প্লাটফর্ম থেকে খবর নিয়েছেন। এর সঙ্গে যদি চ্যাটজিপিটির মতো এআই চ্যাটবট যুক্ত করা হয়, তবে এ হার দাঁড়ায় ৫৬ শতাংশে। এর বিপরীতে টেলিভিশন থেকে খবর নেন ৫২ শতাংশ, সংবাদপত্র বা নিউজ পোর্টাল থেকে ৫১ শতাংশ ও রেডিও থেকে ২১ শতাংশ মানুষ। তবে ইউরোপের কিছু দেশে এখনো প্রথাগত গণমাধ্যমের ওয়েবসাইট ও অ্যাপগুলো জনপ্রিয়তায় এগিয়ে আছে।

জিম এগান একে হুট করে ঘটে যাওয়া কোনো পরিবর্তন না বলে ‘ধীরে ধীরে গড়ে ওঠা প্রবণতা’ হিসেবে উল্লেখ করেছেন।

একেক সোশ্যাল মিডিয়া ব্যবহারের ধরনও একেক রকম। যেমন এক্স বা ইউটিউবে মানুষ মূলত খবর খোঁজার জন্যই ঢোকে। অন্যদিকে ফেসবুক, ইনস্টাগ্রাম বা টিকটকে মানুষ অন্য কাজ করার সময় আচমকা কোনো খবরের মুখোমুখি হয়। টেলিভিশন এখন কেবল ৪৫ বছরের বেশি বয়সীদের কাছে জনপ্রিয় সংবাদের উৎস।

বিবিসির সাবেক শীর্ষ কর্মকর্তা জিম এগান জানান, এ পরিবর্তনের ফলে প্রথাগত গণমাধ্যমগুলোর পাঠক বা দর্শক পাওয়া ও খবর থেকে আয় করার সুযোগ কমে যাচ্ছে।

জরিপে দেখা গেছে, ১৭ শতাংশ মানুষ অনলাইনে খবর পড়ার জন্য অর্থ খরচ করেন। অন্যদিকে বিজ্ঞাপন বাজারের সিংহভাগ এখন গুগল ও মেটার মতো ইন্টারনেট জায়ান্টদের দখলে চলে গেছে।

প্রতিবেদনে বলা হয়, প্রথাগত গণমাধ্যমের ওপর মানুষের আস্থা এখন ইতিহাসের সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে। কেবল ৩৭ শতাংশ মানুষ জানান, তারা অধিকাংশ সময় বেশির ভাগ খবর বিশ্বাস করেন। পাশাপাশি খবর খোঁজার জন্য এআই চ্যাটবটের ব্যবহার বাড়ছে। জরিপে অংশ নেয়া ১০ শতাংশ মানুষ প্রতি সপ্তাহে খবরের জন্য চ্যাটবট ব্যবহার করেন, যা গত বছর ছিল ৭ শতাংশ।

জিম এগান জানান, প্রযুক্তির দ্রুত বিকাশ ও বিস্তারের সঙ্গে খাপ খাইয়ে নেয়াই এখন গণমাধ্যমের প্রধান চ্যালেঞ্জ।

আরও