ইউরোপে প্রথম বাড়ি কেনার গড় বয়স ৩১ বছর

ইউরোপীয়দের প্রথম বাড়ি কেনার গড় বয়স ৩১ বছর।

সম্প্রতি আবাসন খাতের আন্তর্জাতিক প্রতিষ্ঠান রিম্যাক্সের এক গবেষণা প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। ইউরোপের ২৩টি দেশের ওপর ভিত্তি করে তৈরি করা হয়েছে এ প্রতিবেদন। খবর ইউরো নিউজ।

ইউরোপের দেশগুলোর মধ্যে সবচেয়ে কম বয়সে বাড়ি কেনেন মাল্টার নাগরিকরা। সেখানে প্রথম বাড়ি কেনার গড় বয়স ২৮ বছর। অন্যদিকে সুইজারল্যান্ড ও গ্রিসে এ বয়স সবচেয়ে বেশি, প্রায় ৩৪ বছর ৭ মাস।

রিম্যাক্স ইউরোপের প্রধান নির্বাহী মাইকেল পোলজলার জানান, আর্থিক সামর্থ্যের পাশাপাশি পারিবারিক সহায়তা ও বাড়ি ভাড়ার বিষয়ে সামাজিক দৃষ্টিভঙ্গিও বাড়ি কেনার বয়সের ক্ষেত্রে বড় ভূমিকা রাখে।

ইউরোপের বড় অর্থনীতির দেশগুলোর মধ্যে যুক্তরাজ্যে সবচেয়ে কম বয়সে (গড় বয়স ২৮ বছর ৪ মাস) মানুষ নিজের প্রথম বাড়ি কেনেন। এর বড় কারণ পারিবারিক আর্থিক সহায়তা। দেশটিতে ১৮-৩৪ বছর বয়সীদের প্রায় ৫৩ শতাংশ তরুণ বাড়ি কেনার জন্য পরিবার থেকে উপহার বা উত্তরাধিকার সূত্রে অর্থ পান। লুক্সেমবার্গেও বাড়ি কেনার গড় বয়স যুক্তরাজ্যের সমান।

এর বিপরীতে জার্মানিতে প্রথম বাড়ি কেনার গড় বয়স ৩৩ বছর ৬ মাস। তবে জার্মানিতে বাড়ি কিনে থাকার চেয়ে ভাড়ায় থাকাকে বেশি পছন্দ করা হয়। সেখানে ভাড়াটিয়াদের জন্য আইনি সুরক্ষা ও নিরাপত্তা অনেক বেশি।

জরিপে দেখা গেছে, জার্মানির ১৮-৩৪ বছর বয়সীদের ৬৯ শতাংশই ভাড়াবাড়িতে থাকেন। এছাড়া স্পেনে প্রথম বাড়ি কেনার গড় বয়স ৩০ বছর ৯ মাস।

ইউরোস্ট্যাটের তথ্য অনুযায়ী, ২০২৫ সাল পর্যন্ত ইউরোপীয় ইউনিয়নভুক্ত (ইইউ) দেশগুলোর ৬৮ দশমিক ৫ শতাংশ পরিবার নিজেদের বাড়িতে থাকছে, যা ২০১০ সালের তুলনায় ২ দশমিক ২ শতাংশ কম।

আরও