এবিবির বিজ্ঞপ্তি

ইসলামী ব্যাংক নিয়ে কেন্দ্রীয় ব্যাংকের সিদ্ধান্ত ইতিবাচক

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির পরিচালনা পর্ষদ ভেঙে দিয়ে প্রশাসক নিয়োগের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে দেশের ব্যাংকগুলোর প্রধান নির্বাহীদের সংগঠন অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স, বাংলাদেশ (এবিবি)।

সংগঠনটি বলছে, দেশের ব্যাংক খাতের স্থিতিশীলতা রক্ষায় বাংলাদেশ ব্যাংকের এ পদক্ষেপ সময়োপযোগী ও বিচক্ষণ সিদ্ধান্ত। এক সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল এবিবির চেয়ারম্যান এবং সিটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মাসরুর আরেফিন এ মন্তব্য করেন।

বিজ্ঞপ্তিতে তিনি বলেন, ‘ইসলামী ব্যাংককে কেন্দ্র করে সাম্প্রতিক পরিস্থিতি রাজনৈতিক মাত্রা পাওয়ার পরিপ্রেক্ষিতে এবিবি গত ১০ জুন বাংলাদেশ ব্যাংকের গভর্নরের কাছে গভীর উদ্বেগ প্রকাশ করেছিল। তখন সংগঠনের পক্ষ থেকে বলা হয়েছিল, বিষয়টির দ্রুত সমাধান ব্যাংক খাতের জন্য ইতিবাচক হবে। সেই প্রেক্ষাপটে কেন্দ্রীয় ব্যাংকের সর্বশেষ সিদ্ধান্তকে এবিবি ইতিবাচক হিসেবে দেখছে।’

তিনি আশা প্রকাশ করে বলেন, ‘এ সিদ্ধান্তের ফলে ইসলামী ব্যাংকের চলমান অস্থিরতা প্রশমিত হবে এবং ব্যাংকটির আমানতকারী, বিনিয়োগকারী ও অংশীজনদের মধ্যে আস্থা পুনঃপ্রতিষ্ঠিত হবে।’

এবিবির চেয়ারম্যান বলেন, ‘সাম্প্রতিক পরিস্থিতির কারণে ব্যাংকটির পরিচালনা ব্যবস্থা, তারল্য, আমানতকারীদের আস্থা এবং বিদেশী বিনিয়োগকারীদের দৃষ্টিভঙ্গি নিয়ে ব্যাংকারদের মধ্যে গভীর উদ্বেগ তৈরি হয়েছিল। কেন্দ্রীয় ব্যাংকের নেয়া সিদ্ধান্তের ফলে সেই উদ্বেগ অনেকটাই দূর হবে বলে তারা বিশ্বাস করেন।’

সংগঠনটি ইসলামী ব্যাংকে সুশাসন, জবাবদিহি ও স্বচ্ছতা প্রতিষ্ঠা, রাজনৈতিক প্রভাবমুক্ত ব্যাংকিং পরিবেশ নিশ্চিত করা এবং খেলাপি ঋণ আদায়ে কার্যকর অগ্রগতি প্রত্যাশা করেছে।

একই সঙ্গে এবিবি সতর্ক করে বলেছে, ব্যাংক খাতকে কেন্দ্র করে যেকোনো ধরনের অস্থিতিশীলতা বা জনমনে আতঙ্ক সৃষ্টির ঘটনা পুরো আর্থিক খাতের জন্য অশনিসংকেত হতে পারে। তাই ব্যাংকিং ব্যবস্থার স্থিতিশীলতা রক্ষায় সংশ্লিষ্ট সব পক্ষকে দায়িত্বশীল আচরণ করার আহ্বান জানিয়েছে সংগঠনটি।

আরও