অ্যামাজনকে টপকে বিশ্ববাজারের শীর্ষ পাঁচ দামি কোম্পানির তালিকায় জায়গা করে নিয়েছে ইলোন মাস্কের স্পেসএক্স। মহাকাশ গবেষণা ও কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) খাতের মার্কিন জায়ান্টটির শেয়ারদর গত মঙ্গলবার একলাফে ১৪ শতাংশের বেশি বাড়ায় নতুন এ মাইলফলক তৈরি হয়। খবর রয়টার্স।
শেয়ারদর বাড়ার পর স্পেসএক্সের মোট বাজার মূলধন দাঁড়িয়েছে ২ দশমিক ৮৯ ট্রিলিয়ন ডলারে। অন্যদিকে ই-কমার্স জায়ান্ট অ্যামাজনের বর্তমান বাজারমূল্য ২ দশমিক ৬৭ ট্রিলিয়ন ডলার। ফলে বাজারমূল্যের দিক থেকে অ্যামাজনকে ষষ্ঠ স্থানে ঠেলে দিয়ে পঞ্চম স্থানটি দখল করেছে স্পেসএক্স। এমনকি লেনদেনের একপর্যায়ে মাইক্রোসফটকেও (২.৯২ ট্রিলিয়ন ডলার) ছাড়িয়ে যাওয়ার উপক্রম হয়েছিল মাস্কের এ প্রতিষ্ঠানের।
বর্তমানে বাজারমূল্যের দিক থেলে স্পেসএক্সের তুলিনায় এগিয়ে রয়েছে এনভিডিয়া, অ্যালফাবেট, অ্যাপল ও মাইক্রোসফট।
বিশ্বের শীর্ষ ১০ প্রযুক্তি প্রতিষ্ঠানের তালিকায় ৫ দশমিক ০৯ ট্রিলিয়ন ডলার বাজারমূল্য নিয়ে সবার ওপরে রয়েছে চিপ নির্মাতা এনভিডিয়া। এরপর যথাক্রমে দ্বিতীয় ও তৃতীয় স্থানে আছে গুগলের মূল প্রতিষ্ঠান অ্যালফাবেট (৪ দশমিক ৪৬ ট্রিলিয়ন ডলার) ও অ্যাপল (৪ দশমিক ৩৪ ট্রিলিয়ন ডলার)।
মাইক্রোসফট ও স্পেসএক্সের ঠিক পরেই ষষ্ঠ অবস্থানে থাকা অ্যামাজনের পর শীর্ষ দশে থাকা অন্য প্রতিষ্ঠানগুলো হলো ব্রডকম, মেটা, মাস্কের আরেক প্রতিষ্ঠান টেসলা ও চিপ নির্মাতা মাইক্রন।