৪৩তম এজিএম

পূবালী ব্যাংকের ৩০% লভ্যাংশ অনুমোদন

পূবালী ব্যাংক পিএলসি শেয়ারহোল্ডারদের জন্য ৩০ শতাংশ লভ্যাংশ অনুমোদন করেছে।

এর মধ্যে ১০ শতাংশ নগদ ও ২০ শতাংশ বোনাস লভ্যাংশ। ভার্চুয়াল প্লাটফর্মে গতকাল অনুষ্ঠিত ব্যাংকের ৪৩তম বার্ষিক সাধারণ সভায় (এজিএম) এ লভ্যাংশ অনুমোদন করা হয়। পূবালী ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মনজুরুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় পরিচালক হাবিবুর রহমান, রুমানা শরীফ, আজিজুর রহমান, মো. আব্দুর রাজ্জাক মণ্ডল, রানা লায়লা হাফিজ, মুস্তফা আহমদ, আরিফ আহমেদ চৌধুরী, ড. শাহিনুজ্জামান ইয়াকুব, কবির আহমেদ ও সাজিদ আজাদ এবং স্বতন্ত্র পরিচালক মোহাম্মদ নওশাদ আলী চৌধুরীসহ উল্লেখযোগ্য সংখ্যক শেয়ারহোল্ডাররা ভার্চুয়ালি অংশ নেন। এছাড়া অন্যদের মধ্যে ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মোহাম্মদ আলী, প্রধান আর্থিক কর্মকর্তা (সিএফও) ও মহাব্যবস্থাপক মোহাম্মদ লিটন মিয়া এবং কোম্পানি সচিব ও মহাব্যবস্থাপক মো. আনিসুর রহমান।

সভায় পর্ষদ চেয়ারম্যান মনজুরুর রহমান বলেন, ‘বৈশ্বিক ও দেশীয় অর্থনীতির নানা চ্যালেঞ্জ সত্ত্বেও পূবালী ব্যাংক ২০২৫ সালে সুশাসন, বিচক্ষণ ঝুঁকি ব্যবস্থাপনা এবং শক্তিশালী মূলধন ভিত্তির মাধ্যমে একটি স্থিতিশীল ও আস্থাশীল আর্থিক প্রতিষ্ঠান হিসেবে আরো সুদৃঢ় হয়েছে। শেয়ারহোল্ডারদের জন্য সুপারিশকৃত ৩০ শতাংশ লভ্যাংশ ব্যাংকের আর্থিক সক্ষমতা ও ভবিষ্যৎ সম্ভাবনার প্রতি পরিচালনা পর্ষদের আস্থার প্রতিফলন।’ এছাড়া প্রযুক্তিনির্ভর, অন্তর্ভুক্তিমূলক ও টেকসই ব্যাংকিংয়ের মাধ্যমে দীর্ঘমেয়াদি মূল্য সৃষ্টি এবং সব অংশীজনের স্বার্থ সংরক্ষণে পূবালী ব্যাংক প্রতিশ্রুতিবদ্ধ বলেও মন্তব্য করেন ব্যাংকটির চেয়ারম্যান।

এ সময় এমডি ও সিইও মোহাম্মদ আলী বলেন, ‘চ্যালেঞ্জপূর্ণ অর্থনৈতিক পরিবেশেও ২০২৫ সালে পূবালী ব্যাংক শক্তিশালী আর্থিক প্রবৃদ্ধি, সুদৃঢ় সম্পদমান এবং প্রযুক্তিনির্ভর সেবার মাধ্যমে উল্লেখযোগ্য সাফল্য পেয়েছে। ব্যাংকের মোট সম্পদ ১ লাখ ১৮ হাজার ১৩ কোটি, আমানত ৮৯ হাজার ৫১৯ কোটি এবং নিট মুনাফা ১ হাজার ৭৯ কোটি টাকায় উন্নীত হয়েছে। একই সঙ্গে মাত্র ২ দশমিক ২০ শতাংশ এনপিএল অনুপাত বজায় রেখে একটি নিরাপদ, স্থিতিশীল ও সুশাসনভিত্তিক ব্যাংকিং কাঠামো নিশ্চিত করতে সক্ষম হয়েছে।’

তিনি জানান, ডিজিটাল রূপান্তরের ধারাবাহিকতায় পূবালী ব্যাংকের ‘পিআই’ ডিজিটাল প্লাটফর্মে সক্রিয় ব্যবহারকারী সংখ্যা ৫ লাখ ২৮ হাজারে পৌঁছেছে। এর মাধ্যমে ১ কোটি ৮৬ লাখ লেনদেন সম্পন্ন হয়েছে। পাশাপাশি বাংলা কিউআর, পিওএস নেটওয়ার্ক, সেলফ সার্ভিস ব্যাংকিং এবং দেশের অন্যতম বৃহৎ শাখা ও উপশাখা নেটওয়ার্কের সমন্বয়ে পূবালী ব্যাংক দেশের অন্যতম শক্তিশালী ‘ফিজিটাল (ফিজিক্যাল + ডিজিটাল) ব্যাংকিং ইকোসিস্টেম’ গড়ে তুলছে, যেখানে গ্রাহকরা নিরাপদ, সহজ ও সুবিধাজনক উপায়ে ব্যাংকিং সেবা গ্রহণ করতে পারছেন।

এমডি ও সিইও উল্লেখ করেন, প্রযুক্তিনির্ভর, নিরাপদ, অন্তর্ভুক্তিমূলক ও দায়িত্বশীল ব্যাংকিংই ভবিষ্যতের পথ। সে লক্ষ্যকে সামনে রেখে পূবালী ব্যাংক গ্রাহক, শেয়ারহোল্ডার ও দেশের অর্থনৈতিক উন্নয়নে আরো বৃহত্তর অবদান রাখতে প্রতিশ্রুতিবদ্ধ। উদ্ভাবন, আর্থিক অন্তর্ভুক্তি ও গ্রাহককেন্দ্রিক সেবার মাধ্যমে ব্যাংকটি একটি শক্তিশালী ও টেকসই ব্যাংকিং ইকোসিস্টেম গড়ে তুলতে কাজ করে যাচ্ছে।

আরও