এর মধ্যে ২৫ শতাংশ নগদ ও ৫ শতাংশ বোনাস লভ্যাংশ। ভার্চুয়াল প্লাটফর্মে গতকাল অনুষ্ঠিত ব্যাংকের ৩০তম বার্ষিক সাধারণ সভায় (এজিএম) এ লভ্যাংশ অনুমোদন করা হয়। ডাচ্-বাংলা ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
ব্যাংকের চেয়ারম্যান সাদিয়া রাইয়ান আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় শেয়ারহোল্ডাররা ২০২৫ সালের আর্থিক বিবরণী এবং ৩০ শতাংশ লভ্যাংশ অনুমোদন করেন। এছাড়া তারা ব্যাংকের বিভিন্ন কার্যক্রম নিয়ে মতামত ও প্রস্তাবনা দেন।
আর্থিক প্রতিবেদন অনুযায়ী, ২০২৫ সালের শেষে ডাচ্-বাংলা ব্যাংকের মোট সম্পদের পরিমাণ দাঁড়িয়েছে ৮১ হাজার ৭৭৯ কোটি ৭৬ লাখ টাকায়, যা আগের বছরের তুলনায় ২০ দশমিক ৩ শতাংশ বেশি। ২০২৪ সালে এর পরিমাণ ছিল ৬৭ হাজার ৯৮৭ কোটি ৫৫ লাখ টাকা। একই সময় ব্যাংকের ঋণ বিতরণের পরিমাণ ৫ দশমিক ১ শতাংশ বেড়ে ৪৫ হাজার ৫০ কোটি ৩৮ লাখ টাকায় উন্নীত হয়েছে। ২০২৪ সালে এর পরিমাণ ছিল ৪২ হাজার ৮৬৮ কোটি ৯৪ লাখ টাকা।
ব্যাংকের আমানত (ডিপোজিট) ২০২৫ সালে ১৯ দশমিক ২ শতাংশ প্রবৃদ্ধি অর্জন করে ৬২ হাজার ২০৫ কোটি ৭৮ লাখ টাকায় পৌঁছেছে, যা আগের বছর ছিল ৫২ হাজার ১৮৭ কোটি ২৫ লাখ টাকা। এছাড়া ২০২৫ সালে কর-পূর্ব মুনাফা অর্জন করেছে ১ হাজার ৫৯১ কোটি ১৬ লাখ টাকা এবং কর-পরবর্তী নিট মুনাফা হয়েছে ৯৬৪ কোটি ৭৭ লাখ টাকা। এ সময় শেয়ারপ্রতি আয় (ইপিএস) দাঁড়িয়েছে ৯ টাকা ৯৮ পয়সায়।
ব্যাংকের ঝুঁকিভিত্তিক সম্পদের বিপরীতে মূলধন পর্যাপ্ততার হার (সিএআর) ২০২৫ সালের শেষে দাঁড়িয়েছে ১৭ দশমিক ১ শতাংশে, যা বাংলাদেশ ব্যাংকের নির্ধারিত ন্যূনতম ১২ দশমিক ৫০ শতাংশের চেয়ে বেশি।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, সভায় ব্যাংকের পরিচালক হিসেবে সাদিয়া রাইয়ান আহমেদ ও মো. ফখরুল ইসলামের পুনঃনিয়োগ এবং স্বতন্ত্র পরিচালক হিসেবে মনজুর আহমেদ ও মোহাম্মদ জাহাঙ্গীর আলমের নিয়োগ অনুমোদন করা হয়। পাশাপাশি ২০২৬ সালের জন্য কোম্পানির বহির্নিরীক্ষক হিসেবে আজিজ হালিম খায়ের চৌধুরী, চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস এবং করপোরেট গভর্ন্যান্স নিরীক্ষক হিসেবে হোদা ভাসি চৌধুরী অ্যান্ড কোং, চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টসের নিয়োগও অনুমোদন করা হয়।