যুক্তরাষ্ট্রে বি-৫২ বোমারু বিমান বিধ্বস্ত, আট আরোহীর সবাই নিহত

বি-৫২ স্ট্র্যাটোফোর্ট্রেস দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রের কৌশলগত বোমারু বহরের প্রধান শক্তি হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। দীর্ঘপাল্লার এ সাবসনিক বিমান সর্বোচ্চ ৭০ হাজার পাউন্ড বা ৩১ হাজার ৭৫০ কেজি অস্ত্র ও সরঞ্জাম বহন করতে পারে। এটি ক্লাস্টার বোমা, গ্র্যাভিটি বোমা, নির্ভুল নির্দেশিত ক্ষেপণাস্ত্র থেকে শুরু করে পারমাণবিক ওয়ারহেড পর্যন্ত যুক্তরাষ্ট্রের অস্ত্রভাণ্ডারের সবচেয়ে বিস্তৃত ধরনের অস্ত্র বহনে সক্ষম

মার্কিন বিমান বাহিনীর একটি বি-৫২ স্ট্র্যাটোফোর্ট্রেস বোমারু বিমান দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় উড্ডয়নের সময় বিধ্বস্ত হয়। মোহাভি মরুভূমিতে অবস্থিত এডওয়ার্ডস বিমানঘাঁটিতে গতকালের ওই দুর্ঘটনায় উড়োজাহাজে থাকা ৮ আরোহীর সবাই নিহত হয়েছেন। খবর রয়টার্স।

সংবাদ সম্মেলনে বিমান বাহিনীর কর্নেল জেমস হেইস জানান, আট ইঞ্জিনবিশিষ্ট জেটচালিত বিমানটি নিয়মিত একটি পরীক্ষামূলক মিশনে ছিল। মাটি ছেড়ে ওঠার কিছুক্ষণ পরই এটি রানওয়েতে বিধ্বস্ত হয়। বিমানটি পারমাণবিক ও প্রচলিত উভয় ধরনের বোমা বহনে সক্ষম।

দুর্ঘটনার পর ঘটনাস্থল থেকে আকাশে ঘন কালো ধোঁয়ার বিশাল কুণ্ডলী দেখা যায়, যা অনেক দূর থেকেও দৃশ্যমান ছিল।

হেইস বলেন, উড়োজাহাজটিতে সরকারি-বেসামরিক কর্মী, সরকারি ঠিকাদার প্রতিষ্ঠানের কর্মী এবং ইউনিফর্ম পরিহিত সামরিক সদস্যরা ছিলেন। উড়োজাহাজটির নির্মাতা প্রতিষ্ঠান বোয়িং জানিয়েছে, নিহতদের মধ্যে তাদের দুই কর্মীও রয়েছেন।

সাংবাদিকদের তিনি বলেন, উড়োজাহাজটি একটি রাডার আধুনিকায়ন কর্মসূচির অংশ হিসেবে পরীক্ষামূলক উড্ডয়নে ছিল। দুর্ঘটনার কারণ এখনো জানা যায়নি এবং এ বিষয়ে তদন্ত চলছে।

নিহতদের পরিচয় প্রকাশ করেনি। কর্মকর্তারা জানিয়েছেন, নিহতদের স্বজনদের আনুষ্ঠানিকভাবে অবহিত করার প্রক্রিয়া এখনো চলছে।

লস অ্যাঞ্জেলেস থেকে প্রায় ১৬১ কিলোমিটার উত্তরে বোমারু বিমানটি বিধ্বস্ত হয়। আকাশ থেকে ধারণ করা ভিডিওতে দেখা যাচ্ছে, মরুভূমির মাটিতে ফুটবল মাঠের চেয়েও বড় একটি পোড়া ও ধোঁয়া ওঠা এলাকা তৈরি হয়েছে। জরুরি পরিষেবার একটি গাড়িকে ওই এলাকার চারপাশে চলাচল করতে দেখা যায়। দূর থেকে তোলা ভিডিওতে বড় ধরনের ধ্বংসাবশেষ চোখে পড়েনি।

রানওয়ের ক্ষয়ক্ষতির কারণে অন্তত মঙ্গলবার পর্যন্ত এডওয়ার্ডস বিমানঘাঁটির সব ধরনের কার্যক্রম স্থগিত রাখা হয়েছে।

১৯৩০-এর দশকে একটি শুকনো হ্রদকে কেন্দ্র করে প্রতিষ্ঠিত এডওয়ার্ডস বিমানঘাঁটি প্রায় ৪৮১ বর্গমাইল বা ১ হাজার ২৪৫ বর্গকিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত। এটি যুক্তরাষ্ট্রের বিমান বাহিনীর সবচেয়ে বড় ঘাঁটি।

বি-৫২ স্ট্র্যাটোফোর্ট্রেস দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রের কৌশলগত বোমারু বহরের প্রধান শক্তি হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। দীর্ঘপাল্লার এ সাবসনিক বিমান সর্বোচ্চ ৭০ হাজার পাউন্ড বা ৩১ হাজার ৭৫০ কেজি অস্ত্র ও সরঞ্জাম বহন করতে পারে। এটি ক্লাস্টার বোমা, গ্র্যাভিটি বোমা, নির্ভুল নির্দেশিত ক্ষেপণাস্ত্র থেকে শুরু করে পারমাণবিক ওয়ারহেড পর্যন্ত যুক্তরাষ্ট্রের অস্ত্রভাণ্ডারের সবচেয়ে বিস্তৃত ধরনের অস্ত্র বহনে সক্ষম। বিমানটি সর্বোচ্চ ৫০ হাজার ফুট উচ্চতায় উড়তে পারে এবং মাঝপথে জ্বালানি না নিয়েই ৮ হাজার মাইলের বেশি দূরত্ব অতিক্রম করতে পারে।

১৯৫০-এর দশকে তৈরি হলেও বিভিন্ন আধুনিকায়নের মাধ্যমে বি-৫২ এখনো যুক্তরাষ্ট্রের সামরিক শক্তির গুরুত্বপূর্ণ অংশ হিসেবে ব্যবহৃত হচ্ছে।

বৈশ্বিক বিমান দুর্ঘটনার ডাটাবেজ ব্যুরো অব এয়ারক্রাফট এক্সিডেন্টস আর্কাইভসের তথ্যানুযায়ী, ২০১৬ সালের মে মাসে গুয়ামে একই ধরনের একটি উড়োজাহাজ বিধ্বস্ত হওয়ার পর এটিই প্রথম বি-৫২ দুর্ঘটনা। তবে ওই ঘটনায় সাত আরোহীই বেঁচে গিয়েছিলেন।

আরও