দীর্ঘ চার মাস ধরে চলা যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্র ও ইরান একটি সমঝোতা স্মারকে সই করেছে। জি-৭ শীর্ষ সম্মেলনের আগে ফ্রান্সে গণমাধ্যমের সঙ্গে কথা বলার সময় তিনি এমনটা দাবি করে বলেন, চুক্তিটি পুরোপুরি স্বাক্ষরিত হয়েছে।
ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর পাশে বসে ট্রাম্প বলেন, হরমুজ প্রণালি ইতিমধ্যে আংশিকভাবে খুলে দেয়া হয়েছে এবং শুক্রবার এটি সম্পূর্ণভাবে উন্মুক্ত করা হবে।
এদিকে জ্যেষ্ঠ মার্কিন কর্মকর্তাদের বরাতে সোমবার বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, সমঝোতা স্মারকে এরই মধ্যে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স এবং ইরানের পার্লামেন্ট স্পিকার ও আলোচক দলের নেতৃত্ব দেয়া মোহাম্মদ বাঘের গালিবাফ সই করেছেন। আগামী শুক্রবার একটি আনুষ্ঠানিক সই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। তবে এ বিষয়ে এখনো কোনো মন্তব্য করেনি তেহরান।
নাম প্রকাশ না করার শর্তে এক মার্কিন কর্মকর্তা বলেন, হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেতে দেখবেন। এটি ইতোমধ্যে শুরু হয়েছে এবং সময়ের সঙ্গে সঙ্গে আরো বাড়বে। তিনি আরো বলেন, সম্ভবত দুই সপ্তাহের মধ্যে পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক হবে না। তবে প্রণালিতে জাহাজ চলাচল উল্লেখযোগ্য হারে বাড়বে।
এর আগে গতকাল যুক্তরাষ্ট্র ও ইরান উভয়পক্ষই জানিয়েছিল, যুদ্ধের অবসান এবং হরমুজ প্রণালি পুনরায় খুলে দেয়ার প্রসঙ্গে তারা একমত হয়েছে।
দুই মাসেরও বেশি সময় ধরে আলোচনার পর হওয়া এই সমঝোতা স্মারকের শর্তাবলি এখনো প্রকাশ করা হয়নি। নাম প্রকাশ না করার শর্তে মার্কিন ওই কর্মকর্তা বলেছেন, তিনি আশা করছেন আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে শর্তগুলো জনসমক্ষে আনা হবে।
তবে মার্কিন কর্মকর্তারা সতর্ক করে বলেছেন, সমঝোতা স্মারক বা চুক্তি যাই বলা হোক না কেন, এর বাস্তবায়ন লেবানন সংঘাতের অবসানের ওপর নির্ভরশীল হতে পারে। এছাড়া ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনা পরবর্তী পর্যায়ে হবে।