হরমুজ প্রণালিতে টোল দিতে হবে না কোনো জাহাজকে, প্রত্যাশা ভ্যান্সের

যুদ্ধবিরতি চুক্তির আওতায় হরমুজ প্রণালি দিয়ে যাতায়াতকারী বাণিজ্যিক জাহাজগুলোর ইরানকে কোনো ধরনের টোল বা শুল্ক দিতে হবে না বলে প্রত্যাশা করছেন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। মার্কিন সংবাদমাধ্যম সিএনবিসিকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, আমাদের প্রত্যাশা হলো, এ গুরুত্বপূর্ণ নৌপথ দীর্ঘমেয়াদে সম্পূর্ণ টোলমুক্ত অবস্থায় উন্মুক্ত থাকবে।

সম্প্রতি যুদ্ধ শুরু হওয়ার পর এ কৌশলগত ও গুরুত্বপূর্ণ সমুদ্রসীমায় চলাচলকারী জাহাজগুলোর কাছ থেকে শুল্ক আদায়ের একটি নিয়ম চালু করেছিল ইরান। মার্কিন ভাইস প্রেসিডেন্ট স্বীকার করেছেন, বর্তমান টোলমুক্ত সুবিধাটি সাময়িক হতে পারে। তবে একটি স্থায়ী সমাধানের লক্ষ্যে আগামীদিনগুলোয় ইরানের সঙ্গে আলোচনা চালিয়ে যাওয়ার পরিকল্পনা রয়েছে।

তিনি আরো বলেন, কৌশলগত আলোচনায় আমরা এ বিষয়গুলোর সুরাহা করব। আলোচনার টেবিলে বসে বিস্তারিত আলোচনার মাধ্যমে একটি স্থায়ী পথ খুঁজে বের করব।

অন্যদিকে, ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই জানিয়েছেন, হরমুজ প্রণালি দিয়ে বাণিজ্যিক জাহাজের ‘নিরাপদ’ চলাচল নিশ্চিতে ওমান এবং ইরান যৌথভাবে ‘প্রয়োজনীয় পদক্ষেপ’ নেবে। তবে পুরো প্রক্রিয়াটি অন্যান্য অংশীজনদের (স্টেকহোল্ডার) সঙ্গে আলোচনার মাধ্যমেই সম্পন্ন করা হবে বলে তিনি উল্লেখ করেন।

তিনি দাবি করেছেন, সম্প্রতি যুদ্ধের কারণে ইরানের যে ক্ষয়ক্ষতি হয়েছে তা পুনর্গঠন এবং দেশটির ওপর আরোপিত অর্থনৈতিক নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়ে পদক্ষেপ নিতে যুক্তরাষ্ট্র প্রতিশ্রুতি দিয়েছে। বাঘাইয়ের মতে, উভয় সংকট নিরসনেই ইতিবাচক ভূমিকা রাখার ব্যাপারে মার্কিন প্রশাসন তাদের প্রতিশ্রুতি ব্যক্ত করেছে।

-খবর বিবিসি

আরও