প্রযুক্তি উদ্যোক্তা ইলোন মাস্ক এবার নতুন এক মাইলফলক স্পর্শ করেছেন। স্পেসএক্সের রেকর্ড পরিমাণ প্রাথমিক শেয়ার বিক্রির (আইপিও) পর তার মোট সম্পদের পরিমাণ এক ট্রিলিয়ন ডলার ছাড়িয়ে যাওয়ায় বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হিসেবে ইতিহাস গড়েছেন তিনি।
বার্তা সংস্থা রয়টার্সের এক বিশ্লেষণ অনুযায়ী, বৃহস্পতিবার স্পেসএক্সের আইপিও থেকে ৭৫ বিলিয়ন ডলার সংগ্রহ করা হয়েছে। এর ফলে কোম্পানিটির বাজারমূল্য ব্যাপকভাবে বেড়েছে এবং মাস্কের ব্যক্তিগত সম্পদের বড় অংশের মূল্যও নতুন উচ্চতায় পৌঁছেছে।
আইপিওর আগে ফোর্বস সাময়িকী মাস্কের সম্পদের পরিমাণ প্রায় ৭৮০ বিলিয়ন ডলার হিসেবে মূল্যায়ন করেছিল। সে সময় বিশ্বের দ্বিতীয় ধনী ব্যক্তি ল্যারি পেজের সম্পদের পরিমাণ ছিল প্রায় ৩০০ বিলিয়ন ডলারের ঘরে। তবে স্পেসএক্সের শেয়ার বিক্রির পর রয়টার্সের হিসাব অনুযায়ী মাস্কের মোট সম্পদ ১ দশমিক ১ ট্রিলিয়ন ডলার অতিক্রম করবে।
বর্তমানে মাস্কের সম্পদের সবচেয়ে বড় উৎস স্পেসএক্স। কোম্পানিটিতে তার মালিকানাধীন শেয়ারের মূল্য প্রায় ৮৬৬ বিলিয়ন ডলার বলে ধারণা করা হচ্ছে। এর সঙ্গে বৈদ্যুতিক গাড়ি নির্মাতা টেসলা এবং অন্যান্য ব্যবসায়িক সম্পদের মূল্য যোগ হলে তার সম্পদের পরিমাণ এক ট্রিলিয়ন ডলারের অনেক ওপরে চলে যায়।