ওমান উপসাগরে একটি তেলবাহী ট্যাংকারে মার্কিন সামরিক বাহিনী হামলা চালিয়েছে। এতে নিখোঁজ হওয়া তিন ভারতীয় নাবিক নিহত হয়েছেন। গতকাল বুধবার ‘এমটি সেত্তেবেলো’ নামের পালাউয়ের পতাকাবাহী ওই জাহাজে হামলা চালায় মার্কিন বাহিনী। খবর বিবিসি ও টাইমস অব ইন্ডিয়া।
জানা গেছে, তেলবাহী ওই জাহাজে ২৪ জন ভারতীয় নাবিক ছিলেন। তাদের মধ্যে ২১ জনকে উদ্ধার করা সম্ভব হয়েছে।
যুক্তরাষ্ট্রের দাবি, জাহাজটি তাদের নির্দেশ অমান্য করেছিল এবং ইরান থেকে তেল পরিবহনের মাধ্যমে মার্কিন অবরোধ ভাঙার চেষ্টা করছিল। তাই এ নিখুঁত নিশানা বা ‘প্রিসিশন’ হামলা চালানো হয়।
ভারতের নৌপরিবহনমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল এ ঘটনাকে ‘অত্যন্ত দুঃখজনক’ উল্লেখ করে ওই তিন ভারতীয় নাবিকের মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনা হবে বলে জানান।
এদিকে ঘটনার পর নয়াদিল্লিতে মার্কিন দূতাবাসের উপপ্রধানকে তলব করেছে ভারত সরকার।
মার্কিন সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, জাহাজের ক্রুরা বারবার নির্দেশ না মানায় যুদ্ধবিমান থেকে নির্ভুল ক্ষেপণাস্ত্র ছুড়ে জাহাজটির ইঞ্জিন কক্ষে আঘাত করা হয়েছে।
ভারতের নাবিক ইউনিয়ন এ হামলার নিন্দা জানিয়ে বলেছে, জাহাজটির আরোহীদের জাতীয়তা নিশ্চিত না হয়ে মার্কিন বাহিনীর এভাবে সরাসরি হামলা চালানো উচিত হয়নি। তারা চাইলে জাহাজটি আটক করতে পারত। বর্তমানে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে চলমান উত্তেজনা কমার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না।
গত ২৮ ফেব্রুয়ারি মার্কিন ও ইসরায়েলি হামলায় ইরানের সর্বোচ্চ নেতা নিহত হওয়ার পর আঞ্চলিক এ যুদ্ধ শুরু হয়। এর জবাবে ইরান হরমুজ প্রণালি বন্ধ করে দিলে গত ১৩ এপ্রিল থেকে মার্কিন বাহিনী ইরানের ওপর এ নৌ-অবরোধ জারি করে। অবরোধ শুরুর পর থেকে মার্কিন বাহিনী এখন পর্যন্ত ৮টি জাহাজ অচল এবং ১৩৪টি জাহাজের পথ ঘুরিয়ে দিয়েছে।