রুশ হামলায় ইউক্রেনে ইউনেস্কো স্বীকৃত ঐতিহাসিক মঠে আগুন

ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে স্বীকৃত ১০৫১ সালে প্রতিষ্ঠিত এ মঠ। সরাসরি ক্ষেপণাস্ত্র আঘাত হানায় মঠের একাদশ শতকের ডরমিশন ক্যাথেড্রালে বিশাল অগ্নিকাণ্ডের সৃষ্টি হয়। এ ঘটনাকে খ্রিস্টান সংস্কৃতির বিরুদ্ধে রাশিয়ার অন্যতম গুরুতর অপরাধ উল্লেখ করে নিন্দা জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি

ইউক্রেনে রুশ বিমান হামলায় রাজধানী কিয়েভের ঐতিহাসিক ‘কিয়েভ পেচেরস্ক লাভরা’ মঠে ভয়াবহ আগুনের ঘটনা ঘটেছে। গত দুই সপ্তাহের মধ্যে ইউক্রেনের রাজধানীতে চালানো এটিই সবচেয়ে শক্তিশালী রুশ হামলা। খবর রয়টার্স।

ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে স্বীকৃত ১০৫১ সালে প্রতিষ্ঠিত এ মঠ। সরাসরি ক্ষেপণাস্ত্র আঘাত হানায় মঠের একাদশ শতকের ডরমিশন ক্যাথেড্রালে বিশাল অগ্নিকাণ্ডের সৃষ্টি হয়। এ ঘটনাকে খ্রিস্টান সংস্কৃতির বিরুদ্ধে রাশিয়ার অন্যতম গুরুতর অপরাধ উল্লেখ করে নিন্দা জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ।

এ সময় বিস্তৃত রুশ হামলায় কিয়েভ ও খারকিভসহ ইউক্রেনের বিভিন্ন অঞ্চলে অন্তত নয়জন নিহত হয়েছেন। হামলার তীব্রতায় কিয়েভের আকাশ ধোঁয়া ও আগুনের শিখায় ঢেকে গেলে আতঙ্কিত বাসিন্দারা ভূগর্ভস্থ আশ্রয়কেন্দ্রে আশ্রয় নেন। ড্রোন ও ক্ষেপণাস্ত্রের আঘাতে বেশ কয়েকটি বহুতল আবাসিক ভবন ক্ষতিগ্রস্ত হয় এবং বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে প্রায় ১ লাখ ৪০ হাজার বাসিন্দা বিদ্যুৎহীন হয়ে পড়ে।

ইউক্রেনের সামরিক বাহিনী জানিয়েছে, রাশিয়া রাতারাতি ইউক্রেনজুড়ে ৭০টি ক্ষেপণাস্ত্র এবং ৬১১টি ড্রোন দিয়ে এ হামলা চালায়। এর মধ্যে দেশটির বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ৫০টি ক্ষেপণাস্ত্র এবং ৫৮২টি ড্রোন ভূপাতিত করতে সক্ষম হয়।

এ ধ্বংসযজ্ঞের প্রতিবাদে ইউক্রেনের অর্থোডক্স চার্চের প্রধান মেট্রোপলিটন এপিফানি বিশ্ববাসীকে রাশিয়ার এ আগ্রাসনের বিরুদ্ধে দৃঢ় পদক্ষেপ নেয়ার আহ্বান জানিয়েছেন। ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী আন্দ্রি সিবিলহা বলেছেন, রাশিয়ার এ রাষ্ট্রীয় আগ্রাসনের বিরুদ্ধে তারা ইউনেস্কোসহ আন্তর্জাতিক সংস্থাগুলোর কাছে জরুরি ভিত্তিতে প্রতিকার চাইবেন।

ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম শহর খারকিভে দ্বিতীয় দফা রুশ হামলায় চারজন উদ্ধারকর্মীসহ পাঁচজন নিহত হয়েছেন। পাল্টা ব্যবস্থা হিসেবে ইউক্রেনও রাশিয়ার শিল্প ও জ্বালানি অবকাঠামো লক্ষ্য করে ড্রোন হামলা চালিয়েছে। এতে রাশিয়ার তুলা নগরীতে এক শিশুসহ তিনজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে।

আরও