ইয়েমেনের ‘স্পাইডার ম্যান’ নামে পরিচিত দুঃসাহসিক পর্বতারোহী আল-কাকা ইবন আন্তার আগ্নেয়গিরির গহ্বরে পড়ে মারা গেছেন। নিরাপত্তা সরঞ্জাম ছাড়াই খাড়া পাথুরে দেয়াল বেয়ে ওঠার সময় হাত ফসকে এ দুর্ঘটনা ঘটে। গত শুক্রবার ইয়েমেনের দক্ষিণাঞ্চলীয় দালে প্রদেশে এ ঘটনা ঘটে। খবর সিএনএন।
স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, ৩০ বছর বয়সী আন্তার হারদাহ ড্যাম আগ্নেয়গিরির প্রায় ১২০ মিটার গভীর গহ্বরের খাড়া দেয়াল বেয়ে উঠছিলেন। এমন সময়ে হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে তিনি নিচে পড়ে যান। দেশটির সিভিল ডিফেন্স কর্তৃপক্ষ ঘটনাটির প্রায় ১০ সেকেন্ডের একটি ভিডিও প্রকাশ করেছে।
ভিডিওতে দেখা যায়, কোনো ধরনের নিরাপত্তা দড়ি বা সুরক্ষা সরঞ্জাম ছাড়াই তিনি পাথুরে দেয়াল বেয়ে উঠছিলেন। এক পর্যায়ে ডান হাত দিয়ে পাথর ধরে থাকা অবস্থায় তার হাত ফসকে যায় এবং তিনি গহ্বরে পড়ে যান।
খবর পেয়ে ডুবুরি ও পানিতে উদ্ধারকাজে প্রশিক্ষিত বিশেষজ্ঞদের নিয়ে উদ্ধারকারী দল অভিযান শুরু করে। প্রায় ৪ ঘণ্টার জটিল অভিযানের পর পানির প্রায় ৩০ মিটার নিচ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। কর্তৃপক্ষ আরো জানিয়েছে, খাড়া ও পাথুরে অবস্থানের কারণে উদ্ধারকাজ কঠিন হয়ে পড়েছিল।
সোশ্যাল মিডিয়ায় আন্তারের ব্যাপক জনপ্রিয়তা ছিল। তিনি প্রায়ই বিভিন্ন দুর্গম পাহাড়ে বিপজ্জনক আরোহনের ভিডিও প্রকাশ করতেন, যা তরুণদের কাছে বেশ জনপ্রিয় ছিল। এক ভিডিওতে তাকে শুধু খালি হাতে পাহাড়ের কিনারায় ঝুলে থাকতে দেখা যায়।
তকার এ দুর্ঘটনার পর বেসামরিক প্রতিরক্ষা কর্তৃপক্ষ পর্বতারোহী ও দুঃসাহসী ক্রীড়াবিদদের যথাযথ সুরক্ষামূলক গিয়ার ব্যবহারের আহ্বান জানিয়েছে।