ইরানের বিরুদ্ধে হরমুজ প্রণালিতে একাধিক ড্রোন হামলার অভিযোগ করেছে যুক্তরাষ্ট্র । তবে এসব হামলা সফলভাবে প্রতিহত করা হয়েছে বলে দাবি করেছে মার্কিন সামরিক বাহিনী। খবর আল জাজিরা।
মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানায়, গত কয়েক ঘণ্টায় ইরান থেকে ছোড়া একাধিক ড্রোন হরমুজ প্রণালি অতিক্রমরত বাণিজ্যিক জাহাজকে লক্ষ্য করে হামলার চেষ্টা চালায়। তবে মার্কিন বাহিনী সেসব ড্রোন ভূপাতিত করেছে।
এক্সে দেয়া পোস্টে সেন্টকম দাবি করে, হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল স্বাভাবিক রয়েছে এবং আন্তর্জাতিক বাণিজ্যের এই গুরুত্বপূর্ণ নৌপথ এখনো উন্মুক্ত আছে।
এর আগে গত সোমবার হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের একটি সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হওয়ার ঘটনা ঘটে। ইরান সেটি ভূপাতিত করেছে বলে অভিযোগ তুলে দেশটির বিরুদ্ধে সামরিক পদক্ষেপের নির্দেশ দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পরদিন রাতে ইরানে হামলা চালায় মার্কিন নৌবাহিনী। জবাবে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে থাকা মার্কিন স্থাপনা লক্ষ্য করে পাল্টা হামলা চালায় ইরান।
পাল্টাপাল্টি হামলার পর পরিস্থিতি কিছুটা শান্ত হলেও বুধবার গভীর রাতে আবারও সংঘর্ষ শুরু হয়। এতে গত এপ্রিলে হওয়া যুদ্ধবিরতির ভবিষ্যৎ নিয়ে নতুন করে অনিশ্চয়তা তৈরি হয়েছে। ইরান ইতোমধ্যে ওই যুদ্ধবিরতিকে কার্যত অর্থহীন বলে উল্লেখ করেছে।