বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) 'এক্সপোজিং হিডেন হিট: ম্যাপিং হিট-ড্রিভেন হেলথ ডিসপ্যারিটিস অ্যান্ড অ্যাডভান্সিং পলিসি ইমপ্লিকেশনস ফর ক্লাইমেট-রেজিলিয়েন্ট আরবান ডেভেলপমেন্ট ইন ঢাকা, বাংলাদেশ' শীর্ষক প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠান আয়োজিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. একরামুল হক এবং বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. আব্দুল হাসিব চৌধুরী। এছাড়াও, অনুষ্ঠানে বুয়েটের রিসার্চ অ্যান্ড ইনোভেশন সেন্টার ফর সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (রাইজ)-এর পরিচালক বক্তব্য দেন।
আজ সোমবার গণমাধ্যমে পাঠানো বিজ্ঞপ্তিতে বলা হয়, যুক্তরাজ্যের ওয়েলকাম ট্রাস্টের ২ দশমিক ২ মিলিয়ন ডলারের আন্তর্জাতিক প্রকল্পের অংশ হিসেবে বুয়েটের প্রতিনিধিদল নগর পরিকল্পনা, জনস্বাস্থ্য এবং জলবায়ু-সহনশীলতার সমন্বয়ে অত্যাধুনিক গবেষণা পরিচালনার জন্য ২ লাখ ৩৫ হাজার ৬৮০ ডলারের গবেষণা অনুদান পাচ্ছে। বুয়েটের স্থাপত্য বিভাগের অধ্যাপক ড. খন্দকার সাব্বির আহমেদ প্রধান গবেষক হিসেবে গবেষণা দলটির নেতৃত্ব দিচ্ছেন। তার সঙ্গে সহ-প্রধান গবেষক হিসেবে যুক্ত রয়েছেন পুরকৌশল বিভাগের অধ্যাপক ড. শেখ মোখলেছুর রহমান এবং মানবিক বিভাগের সহকারী অধ্যাপক ড. নাজমুল হুদা ।
এ আন্তর্জাতিক যৌথ উদ্যোগের মাধ্যমে যুক্তরাষ্ট্রের টুলেন ইউনিভার্সিটি এবং লুইজিয়ানা স্টেট ইউনিভার্সিটি হেলথ সায়েন্সেস সেন্টারের সঙ্গে যুক্ত হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় ও বুয়েট। টুলেন ইউনিভার্সিটির ড. মোস্তাফিজুর রহমান এই প্রকল্পের প্রধান গবেষক হিসেবে দায়িত্ব পালন করছেন। তার পাশাপাশি, লুইজিয়ানা স্টেট ইউনিভার্সিটি হেলথ সায়েন্সেস সেন্টারের ড. মো. শাহিনুর রহমান এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. ফাতিমা আক্তার এ প্রকল্পের সঙ্গে প্রত্যক্ষভাবে যুক্ত রয়েছেন।
লাখ লাখ মানুষকে ঝুঁকিতে ফেলা তাপপ্রবাহের প্রায়-অদৃশ্য ধরনগুলোকে উন্মোচন করতে এই দলটি উন্নত জিওস্পেশিয়াল অ্যানালিটিক্স, রিমোট সেন্সিং, থার্মাল ইমেজিং এবং জনসম্পৃক্ততামূলক তথ্য সংগ্রহ পদ্ধতির সমন্বয় ঘটাবে। এ প্রকল্পের লক্ষ্য, দক্ষিণ এশিয়ার শহরগুলোতে আরও ন্যায়সঙ্গত ও জলবায়ু-সহনশীল নগর পরিবেশের জন্য বিজ্ঞানভিত্তিক সমাধানগুলো চিহ্নিত করা।
বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, উদ্বোধনী অনুষ্ঠানে প্রকল্পটির একটি পূর্ণাঙ্গ রূপরেখা তুলে ধরা হয় । বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষাবিদ এবং গবেষকরা অত্যন্ত উৎসাহের সঙ্গে এ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। এ অনুদান প্রাপ্তি জলবায়ু ও টেকসই বিজ্ঞানে বুয়েটের ক্রমবর্ধমান গবেষণার ক্ষেত্রে একটি তাৎপর্যপূর্ণ মাইলফলক, যা বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবেলায় বাংলাদেশের উদীয়মান ভূমিকাকে আরো সুদৃঢ় করবে।