নতুন প্রজাতি আবিষ্কার

মাশরুমের ছদ্মবেশে লুকিয়ে থাকা মাকড়সা!

একুয়েডরে অ্যামাজন রেইনফরেস্টে মাকড়সার নতুক একটি প্রজাতি আবিষ্কার করেছেন বিজ্ঞানীরা। এটির বৈজ্ঞানিক নামকরণ করা হয়েছে Taczanowskia waska। ওই এলাকায় জরিপ চালাতে গিয়ে গবেষকরা প্রথমে এটিকে এক ধরনের মাশরুম বলে ভুল করেছিলেন। যদিও পরে তারা ভালো করে পর্যবেক্ষণ করে দেখতে পান, এটি আসলে কোনো মাশরুম নয়, বরং মাশরুমের ছদ্মবেশে থাকা মাকড়সা।

একুয়েডরে আমাজন রেইনফরেস্টে মাকড়সার নতুক একটি প্রজাতি আবিষ্কার করেছেন বিজ্ঞানীরা। এটির বৈজ্ঞানিক নামকরণ করা হয়েছে Taczanowskia waska। ওই এলাকায় জরিপ চালাতে গিয়ে গবেষকরা প্রথমে এটিকে এক ধরনের মাশরুম বলে ভুল করেছিলেন। যদিও পরে তারা ভালো করে পর্যবেক্ষণ করে দেখতে পান, এটি আসলে কোনো মাশরুম নয়, বরং মাশরুমের ছদ্মবেশে থাকা মাকড়সা। খবর সায়েন্স ডেইলি।

মাকড়সার নতুন শনাক্তকৃত এ প্রজাতির বিবরণ নিয়ে সম্প্রতি একটি গবেষণা প্রতিবেদন বিজ্ঞান সাময়িকী Zootaxa-তে প্রকাশিত হয়েছে। মাকড়সার নতুন প্রজাতি নিয়ে পরিচালিত এ গবেষণায় জার্মানির লাইবনিজ ইনস্টিটিউট ফর দ্য অ্যানালাইসিস অব বায়োডাইভারসিটি চেঞ্জসহ (এলআইবি) বিভিন্ন দেশের বিজ্ঞানীরা অংশ নেন।

নতুন প্রজাতিটির সন্ধান পাওয়া যায় একুয়েডরীয় আমাজনের লাঙ্গানাতেস-সানগাই করিডর এলাকায়। রাতে জরিপকালে গবেষকেরা প্রথম এটিকে দেখতে পান। শুরুতে তারা এটিকে মাশরুম বলে মনে করেছিলেন। পরে কাছ থেকে পর্যবেক্ষণ করে বুঝতে পারেন, এটি আসলে একটি মাকড়সা।

গবেষকদের মতে, মাকড়সাটি দেখতে অনেকটা Gibellula গণের ছত্রাকের মতো, যা সাধারণত মাকড়সার শরীরে জন্মায়। এর পেট থেকে বেরিয়ে থাকা লম্বাটে গঠন ও ফ্যাকাশে বর্ণের সঙ্গে ছত্রাকের বেরিয়ে থাকা অংশের বিস্ময়কর সাদৃশ্য রয়েছে।

শুধু চেহারাই নয়, এর আচরণও ছদ্মবেশকে আরো বিশ্বাসযোগ্য করে তুলেছে। মাকড়সাটি সাধারণত পাতার নিচের দিকে স্থির হয়ে থাকে, যেখানে Gibellula ছত্রাক প্রায়ই দেখা যায়।

গবেষকদের ধারণা, এ ধরনের ছদ্মবেশ শিকারিদের চোখ এড়িয়ে যেতে সাহায্য করতে পারে। একই সঙ্গে এটি শিকার ধরার ক্ষেত্রেও সুবিধা দিতে পারে। তবে এসব সম্ভাব্য ব্যাখ্যা এখনো পরীক্ষামূলকভাবে নিশ্চিত করা হয়নি।

গবেষণা অনুযায়ী, অন্য মাকড়সাকে সংক্রমণ করা পরজীবী ছত্রাকের অনুকরণে কোনো মাকড়সার ছদ্মবেশ ধারণের এটিই প্রথম নথিভুক্ত উদাহরণ। বিজ্ঞানীরা বলছেন, আবিষ্কারটি অনুকরণমূলক বিবর্তন বা মিমিক্রি কীভাবে বিকশিত হয়, সে সম্পর্কে নতুন ধারণা দিতে পারে।

আরও