দক্ষিণ ফ্লোরিডায় বিশ্বকাপের প্রথম ম্যাচে সৌদি আরবের বিপক্ষে শেষ পর্যন্ত হার এড়িয়েছে উরুগুয়ে। বদলি হিসেবে নেমে ৮০ মিনিটে গোল করে দলকে ১-১ সমতায় ফেরান ম্যাক্সি আরাউহো। তবে ম্যাচ শেষে ফল নিয়ে সন্তুষ্ট ছিলেন না উরুগুইয়ানরা।
ম্যাচের পর উরুগুয়ের মিডফিল্ডার ফেদেরিকো ভালভার্দে বলেন, ‘আমরাই ম্যাচটা হাতছাড়া করেছি। সত্যি কথা বলতে হবে। প্রথমার্ধ আমরা নষ্ট করেছি। অনুশীলনে যেমন খেলেছি, মাঠে তেমন খেলতে পারিনি। আমরা খুব তাড়াহুড়ো করেছি এবং প্রথম মিনিটেই ম্যাচ জিততে চেয়েছি। দ্বিতীয়ার্ধে অবশ্য অনেক ভালো খেলেছি।’
প্রথমার্ধের ৪১ মিনিটে সৌদি আরবকে এগিয়ে দেন আবদুলেলাহ আল-আমরি। ফার্নান্দো মুসলেরা একটি হেড ঠেকিয়ে দিলেও ফিরতি বলে দ্রুত টোকা মেরে জাল খুঁজে নেন তিনি। গোলের পর হাঁটু গেড়ে মাঠে মাথা নিচু করে উদযাপন করেন আল-আমরি।
বিরতির পর ম্যাচের নিয়ন্ত্রণ পুরোপুরি নেয় উরুগুয়ে। বলের দখল ও আক্রমণে আধিপত্য দেখালেও গোলের দেখা পাচ্ছিল না দলটি। শেষ পর্যন্ত ৮০ মিনিটে গোলরক্ষক মোহাম্মদ আল-ওয়াইস একটি বল ফিরিয়ে দিলে কাছ থেকে জোরালো শটে সমতা ফেরান আরাউহো।
ম্যাচে উরুগুয়ে ২৯টি শট নেয়, যেখানে সৌদি আরবের শট ছিল মাত্র সাতটি। তবে আল-ওয়াইসের দৃঢ় গোলকিপিং দীর্ঘ সময় উরুগুইয়ানদের হতাশ করে রাখে। তিনি ফেদেরিকো ভিনাস, মানুয়েল উগার্তে ও ভালভার্দের একাধিক প্রচেষ্টা রুখে দেন।
সৌদি আরবের কোচ জর্জিওস ডোনিস ফলাফল নিয়ে সন্তুষ্টি প্রকাশ করে বলেন, ‘উরুগুয়ে খুব শক্তিশালী ও অভিজ্ঞ দল। এমন প্রতিপক্ষের বিপক্ষে এক পয়েন্ট পাওয়া ইতিবাচক ফল।’
অন্যদিকে উরুগুয়ের কোচ মার্সেলো বিয়েলসা বলেন, ‘যে দলটির পার্থক্য গড়ে দেয়ার কথা— তারা যদি সেটা করতে না পারে, তখন অপেক্ষাকৃত দুর্বল দলও সাহস পেয়ে যায়।’
গ্রুপ ‘এইচ’-এ দিনের অন্য ম্যাচেও চমক দেখা গেছে। বিশ্বকাপে অভিষেক হওয়া কেপ ভার্দে শক্তিশালী স্পেনকে গোলশূন্য ড্রয়ে আটকে দেয়। ফলে দুই ম্যাচের পর গ্রুপের চার দলই সমান এক পয়েন্ট নিয়ে অবস্থান করছে।