মেনে নিতে হবে মেসিই সর্বকালের সেরা: রোনালদো নাজারিও

আর্জেন্টিনার লিওনেল মেসিই সর্বকালের সেরা ফুটবলার, আলবিসেলেস্তে কিংবা বার্সা ভক্ত এমনকি সাধারণ ফুটবল-প্রেমীদের অনেকেই এ কথা মনে-প্রাণে বিশ্বাস করেন। সেই দলে এবার নিজের নাম লেখালেন ব্রাজিলের কিংবদন্তী ফুটবলার রোনালদো নাজারিও। গতকাল বিশ্বকাপ আসরে আর্জেন্টিনার প্রথম ম্যাচের পর ফুটবল বিশ্বকে তিনি বলেছেন, সময় হয়েছে, সব বাদ দিয়ে মেনে নিতে হবে, মেসিই সর্বকালের সেরা খেলোয়াড়।

আলজেরিয়ার বিপক্ষে শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে নামে লিয়োনেল স্কালোনির দল। ম্যাচের ১৭ মিনিটে দূরপাল্লার এক দুর্দান্ত বাঁ-পায়ের শটে গোল করে দলকে এগিয়ে দেন মেসি।

দ্বিতীয়ার্ধে দ্বিতীয় গোলটিও করেন মেসি। সুযোগসন্ধানী স্ট্রাইকারের মতোই আক্রমণের শুরু ও শেষ— দুই জায়গাতেই ছিলেন তিনি। বাঁ প্রান্ত থেকে সতীর্থের উদ্দেশে পাস বাড়িয়ে আক্রমণের সূচনা করেন আর্জেন্টাইন অধিনায়ক। বল গিয়ে পৌঁছায় অ্যালেক্সিস ম্যাকঅ্যালিস্টারের কাছে। তার জোরালো শট আলজেরিয়ার গোলরক্ষক লুকা জিদান কোনো রকমে ঠেকালেও বল পুরোপুরি নিয়ন্ত্রণে নিতে পারেননি। ফিরতি বল চলে আসে মেসির কাছেই। সুযোগ হাতছাড়া না করে ডান পায়ের শটে জালে বল জড়িয়ে আর্জেন্টিনাকে ২-০ গোলে এগিয়ে দেন তিনি। আর ম্যাচের ৭৬ মিনিটে দারুণ এক গোলে আদায় করে নিলেন বিশ্বকাপে নিজের প্রথম হ্যাটট্রিক। এর মধ্য দিয়েই বিশ্বকাপে আর্জেন্টিনা জাতীয় দলের হয়ে সর্বকনিষ্ঠ ও সর্বজ্যেষ্ঠ গোল দাতার রেকর্ড চলে যায় মেসির দখলে। সেই সঙ্গে আরো একগুচ্ছ রেকর্ড গড়েন তিনি।

এ ম্যাচের পর টিওয়াইসি স্পোর্টসকে দেয়া এক সাক্ষাৎকারে রোনালদো বলছেন, মেসি যে সর্বকালের সেরা, তা নিয়ে কোনো বিন্দুমাত্র সন্দেহ নেই। তিনি আরো বলেন, রেকর্ড গড়া হয় ভাঙার জন্যই। তার এ রেকর্ড ভাঙা ও গড়া বিশ্বের কোনো ফুটবল ভক্তকে এখন আর অবাক করে না। তাছাড়া আর্জেন্টিনা এই প্রতিযোগিতার বর্তমান চ্যাম্পিয়ন।”

রোনালদো বলেন, মেসি যতবারই মাঠে নামেন, বাকি সবকিছু ঐতিহাসিক এবং নান্দনিক হয়ে ওঠে। এখন বিশ্বের উচিৎ লুকোচুরি বন্ধ করে সত্যটি মেনে নেয়া যে তিনিই সর্বকালের সেরা খেলোয়াড়। তিনি প্রতিটি মৌসুমে এবং বিশ্বকাপে পারফর্ম করে যাচ্ছেন, তবুও তাকে নিয়ে সংশয় রয়ে গেছে। এটি একটি অবিস্মরণীয় এবং ঐতিহাসিক রাত যা চিরকাল ইতিহাসে লিপিবদ্ধ থাকবে।

সুইডিশ ফুটবলার ও বার্সেলোনার সাবেক স্ট্রাইকার জ্লাতান ইব্রাহিমোভিচও এ বিষয়ে সম্পূর্ণ নিশ্চিত। ফক্স নিউজকে তিনি বলেন, আমি বিশ্বাস করি না যে আমরা আর কখনো অন্য কোনো মেসিকে দেখতে পাব, কারণ তিনি অনন্য। মনে হয় ফুটবল যেন তার জন্যই তৈরি করা হয়েছিল। তিনি যা কিছু স্পর্শ করেন, তা-ই সোনায় পরিণত হয়। আর তার এমন একটি দল রয়েছে যারা তার জন্য জীবন দিতে প্রস্তুত।

তিনি আরো বলেন, আরেকটি বিশ্বকাপ জয় সর্বকালের সেরা হিসেবে তার মর্যাদাকে পরিবর্তন করবে না। এটি কেবল তার ট্রফি রুমের আরেকটি ট্রফি হয়ে থাকবে।

আরও