২৮ বছরের বিরতির পর বিশ্বকাপে ফিরে জয় পেল অস্ট্রিয়া। ‘গ্রুপ জে’–র আজকের ম্যাচে তাদের প্রতিপক্ষ ছিল নবাগত জর্ডান। টানটান উত্তেজনা শেষে ৩-১ গোলে জয় ছিনিয়ে নেয় অস্ট্রিয়া।
মূলত দ্বিতীয়ার্ধে একটি আত্মঘাতী গোল এবং একেবারে শেষ মুহূর্তের পেনাল্টির ওপর ভর করে পূর্ণ ৩ পয়েন্ট নিশ্চিত করে ইউরোপের দেশটি।
ম্যাচের ২০ মিনিটে রোমানো শ্মিডের দুর্দান্ত শটে এগিয়ে যায় অস্ট্রিয়া। তবে বিরতির পাঁচ মিনিট পরই জর্ডানকে সমতা ফেরায় স্ট্রাইকার আলি ওলওয়ান।
অস্ট্রিয়ার অভিজ্ঞ ফরোয়ার্ড মার্কো আরনাউতোভিচ ৬৯তম মিনিটে গোলমুখের বিশৃঙ্খলা মাঝে নিচু শটে জালে বল পাঠান। কিন্তু ভিএআর রিভিউতে সতীর্থ স্টেফান পোষের হ্যান্ডবলের কারণে গোলটি বাতিল হয়ে যায়।
এর সাত মিনিট পর আবারো এগিয়ে যায় অস্ট্রিয়া। মার্সেল সাবিতজারের কর্নার জর্ডানের ইয়াজান আল-আরাবের গায়ে লেগে আত্মঘাতী গোল হয়ে যায়। এরপর অতিরিক্ত সময়ের একেবারে শেষ দিকে সালিম ওবেইদ হ্যান্ডবল করলে পেনাল্টি পায় অস্ট্রিয়া, আর ঠান্ডা মাথায় বল জালে পাঠান আরনাউতোভিচ।