সাগরিকার বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ সময় বেলা ২টায় শুরু হবে টাইগার-অজি টি-টোয়েন্টি লড়াই।
বিশ্বকাপের বাইরে এটা দুই দলের মাত্র দ্বিতীয় টি-টোয়েন্টি সিরিজ। ২০২১ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের ঠিক আগে বাংলাদেশ সফরে এসে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলেছিল অজিরা। সেই সফরে অস্ট্রেলিয়া হেরেছিল ১-৪ ব্যবধানে। যদিও সেবার মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের স্লো উইকেট নিয়ে ছিল অনেক সমালোচনা। এবার ঘরের মাঠে দ্বিতীয়বারের মতো সাবেক বিশ্ব চ্যাম্পিয়নদের মুখোমুখি হচ্ছে টাইগাররা। ওয়ানডের ফর্মটা ধরে রেখে এবার কি টি-টোয়েন্টি সিরিজটা জিততে পারবে লিটন কুমার দাসের দল?
২০২১ সালের সেই সিরিজের বাইরে অবশ্য অজিদের সঙ্গে টি-টোয়েন্টিতে কোনো জয় নেই বাংলাদেশের। বিশ্বকাপে মোট ছয়বার মুখোমুখি হয়ে ছয়বারই হেরেছে লাল-সবুজরা। ২০০৭ বিশ্বকাপে ৯ উইকেটে, ২০১০ বিশ্বকাপে ২৭ রানে, ২০১৪ বিশ্বকাপে ৭ উইকেটে, ২০১৬ বিশ্বকাপে ৩ উইকেটে, ২০২১ বিশ্বকাপে ৮ উইকেটে ও ২০২৪ বিশ্বকাপে ২৮ রানে জয় পায় অজিরা।
শীর্ষ ৫ পেসারই আছে স্বাগতিকদের স্কোয়াডে। নিউজিল্যান্ড সিরিজে বিশ্রাম দেয়া তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান ও নাহিদ রানাকে ফেরানো হয়েছে।
শরিফুল শেষ ওয়ানডে ম্যাচে ৬ উইকেট নিয়ে টি-টোয়েন্টিতে একাদশে থাকার দাবি জোরালো করেছেন। এছাড়া আছেন অনভিষিক্ত আবদুল গাফফার সাকলাইন। অধিনায়ক লিটন দাসকে তাই একাদশ নির্বাচনে পড়তে হবে মধুর সমস্যায়। তিনি অবশ্য এতে খুশিই। ম্যাচের আগে সংবাদ সম্মেলনে লিটন বলেন, ‘এটা সবসময়ই ভালো বিষয় যে আমাদের বেঞ্চ খুবই শক্তিশালী। আপনি একাদশের জন্য যেকোনো খেলোয়াড়কে বাছাই করতে পারেন।’