আবুল বাশারের ‘পবিত্র অসুখ’ গল্প অবলম্বনে তৈরি এ ধারাবাহিক নাটকের নাম ‘চাওয়া পাওয়া’। নাটকটির নাট্যরূপ দিয়েছেন মনসুর রহমান চঞ্চল এবং পরিচালনা করছেন রাকেশ বসু।
নাটকটির নির্মাতা জানান, বর্তমানে ঢাকার বিভিন্ন লোকেশনে নাটকটির শুটিং চলছে। সম্পাদনার কাজ শেষ হলে শিগগিরই বেসরকারি টেলিভিশন চ্যানেল এনটিভিতে এটি প্রচার করা হবে। নাটকটিতে মুনিরা বেগম মেমীর শাশুড়ির চরিত্রে দেখা যাবে একুশে পদকপ্রাপ্ত কিংবদন্তি অভিনেত্রী ডলি জহুরকে।
নতুন এ ধারাবাহিক নিয়ে ডলি জহুর বলেন, ‘চাওয়া পাওয়া নাটকটির গল্প ভীষণ সুন্দর। নির্মাতা রাকেশ প্রতিটি দৃশ্য খুব যত্ন নিয়ে বানাচ্ছে। আজকাল ভালো পারিবারিক গল্পের নাটক খুব কমই তৈরি হয়। রাকেশের নাটকে সবসময়ই সুন্দর একটি সামাজিক বার্তা থাকে। আমরা সবাই বেশ আনন্দ নিয়ে কাজটি করছি।’"
দীর্ঘদিন পর ধারাবাহিকে ফেরা নিয়ে মুনিরা বেগম মেমী বলেন, ‘এটি আমাদের চেনা জীবনের গল্পের নাটক। ডলি আপার সঙ্গে অনেক দিন পর কোনো দীর্ঘ নাটকে কাজ করছি। সঙ্গে মম, ইন্তেখাব দিনারসহ আরো অনেকেই আছেন। রাকেশ বসু খুবই পরিচ্ছন্ন ও মেধাবী একজন পরিচালক। ও একদম ধরে ধরে কাজ করে।’"
উল্লেখ্য, বড় পর্দার চিরচেনা মুখ ডলি জহুর ইদানীং সিনেমার চেয়ে টিভি নাটকেই বেশি সময় দিচ্ছেন। সম্প্রতি একটি ব্র্যান্ডের শোরুম উদ্বোধন করতে রংপুর গিয়েছিলেন তিনি। সেখান থেকে ফিরেই এ নাটকের শুটিংয়ে অংশ নেন। অন্যদিকে মুনিরা বেগম মেমী এখন সংখ্যার চেয়ে গল্পের মান দেখে বেছে বেছে কাজ করতে বেশি স্বাচ্ছন্দ্যবোধ করেন।