প্রথমবার সিনেমা নির্মাণ করছেন আদনান আল রাজীব

এবার পূর্ণদৈর্ঘ্যের চলচ্চিত্র নিয়ে বড় পর্দায় হাজির হতে যাচ্ছেন বিজ্ঞাপনচিত্র ও নাটক নির্মাতা আদনান আল রাজীব।

গত বছর কান চলচ্চিত্র উৎসবের একটি বিভাগে জায়গা করে নিয়েছিল তার নির্মিত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘আলী’। সিনেমাটি সেখানে বিশেষ স্বীকৃতি পাওয়ার পাশাপাশি আরো বেশ কয়েকটি উৎসবে পুরস্কৃত হয়। এর পর থেকেই দর্শকের মনে প্রশ্ন ছিল, কবে তিনি পূর্ণদৈর্ঘ্য সিনেমা বানাবেন? অবশেষে সেই অপেক্ষার অবসান ঘটিয়ে নিজের প্রথম সিনেমার ঘোষণা দিলেন এ নির্মাতা। তিনি জানিয়েছেন, প্রথম সিনেমা হিসেবে দর্শককে একটি নিখাদ প্রেমের গল্প উপহার দিতে যাচ্ছেন।

সম্প্রতি এক ফেসবুক পোস্টে নিজের এ স্বপ্নের কথা শেয়ার করেছেন রাজীব। তিনি জানান, ক্যারিয়ারের শুরুর দিকে তার নির্মিত ‘কাছে আসার গল্প’ দারুণ সাড়া ফেলেছিল। মূলত তখন থেকেই নিজের মতো করে একটি চমৎকার প্রেমের সিনেমা বানানোর স্বপ্ন বুনেছিলেন মনের ভেতর। দীর্ঘ ক্যারিয়ারে অনেক নাটক ও বিজ্ঞাপন বানালেও নিজের মনের মতো সেই গল্পের খোঁজ করে গেছেন সবসময়।

গল্প তৈরির পেছনের অনুভূতি প্রকাশ করে রাজীব লেখেন, ‘‌গল্পগুলো অনেকটা ভালোবাসার মানুষের মতোই। কেউ হুট করে ধরা দেয়, আবার কেউ দূরে দূরে থাকে। আমার গল্পটাও তেমনই ছিল। বহুবার লিখেছি, কেটেছি, আবার নতুন করে সাজিয়েছি। কখনো মনে হয়েছে এই তো পেয়ে গেছি, আবার পরক্ষণেই মনে হয়েছে মনের মতো হয়নি।’

অবশেষে সেই কাঙ্ক্ষিত গল্পটি খুঁজে পেয়েছেন জানিয়ে পোস্টের শেষ অংশে তিনি লেখেন, ‘‌হঠাৎ একদিন খেয়াল করলাম, গল্পটা আর দূরে নেই; খুব স্পষ্ট হয়ে ধরা দিয়েছে আমার কাছে। অবশেষে জীবনের প্রথম সিনেমাটি বানাতে যাচ্ছি। সবার সঙ্গে সিনেমা হলের বড় পর্দায় দেখা হবে।’

আরও