সিনেমাটি ১২ জুন মুক্তি পেয়েছে দেশের প্রেক্ষাগৃহে। বর্তমানে এটি ঢাকার স্টার সিনেপ্লেক্স (বসুন্ধরা সিটি) এবং কেরানীগঞ্জের লায়ন সিনেমাসে দেখানো হচ্ছে। মুক্তির পর থেকেই সিনেমাটি দর্শকসাড়া পাচ্ছে। বিশ্ববিদ্যালয় জীবন, ছাত্ররাজনীতি, হলের সংস্কৃতি ও ক্ষমতার লড়াই নিয়ে তৈরি এ সিনেমার গল্প তরুণদের মাঝে বেশ আলোচিত হচ্ছে।
মুক্তির প্রথম দিন বৃষ্টি ও খারাপ আবহাওয়া ছিল। কিন্তু তা সত্ত্বেও প্রেক্ষাগৃহগুলোয় দর্শকের উপস্থিতি ছিল বেশ। বিশেষ করে বিশ্ববিদ্যালয় পড়ুয়া শিক্ষার্থীদের অনেক ভিড় দেখা গেছে। সিনেমাটি দেখা শেষে সাধারণ দর্শক এর গল্প ও সাহসী নির্মাণের বেশ প্রশংসা করেছেন।
দর্শকের এ আগ্রহ ও চাহিদার কথা মাথায় রেখে স্টার সিনেপ্লেক্স (বসুন্ধরা সিটি) কর্তৃপক্ষ তাদের শোয়ের সময়সূচিতে পরিবর্তন এনেছে। বিশেষ করে চাকরিজীবীরা যেন অফিস শেষ করে সিনেমাটি দেখতে পারেন, সে সুবিধা দেয়া হয়েছে। বিকাল ৪টা ৩০ মিনিটের শোটি পরিবর্তন করে এখন থেকে প্রতিদিন ১১টা এবং সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে স্টার সিনেপ্লেক্সে সিনেমাটি দেখানো হবে। এছাড়া কেরানীগঞ্জের লায়ন সিনেমাসে প্রতিদিন বিকাল ৪টা ৪০ মিনিট ও সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে সিনেমাটির প্রদর্শনী চলছে।
রনো আনোয়ারের ছোটগল্প ‘ঝরা পাতার দুঃখ বিলাস’ থেকে অনুপ্রাণিত হয়ে সিনেমাটি বানিয়েছেন পরিচালক আকাশ হক। এতে অভিনয় করেছেন দেবদ্যুতি আইচ, রকি খান, ববি বিশ্বাসসহ একঝাঁক তরুণ শিল্পী। এরই মধ্যে এ সিনেমার ‘সহমত ভাই’ ও ‘রাজনীতির ময়দান’ গান দুটি সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ সাড়া ফেলেছে।
প্রেক্ষাগৃহে মুক্তির আগেই আন্তর্জাতিক উৎসবে পুরস্কার পাওয়ার পাশাপাশি সিনেমাটি দেশেও আরেকটি বড় স্বীকৃতি পেয়েছে। এটি ‘আমার ভাষার চলচ্চিত্র উৎসব’-এ মর্যাদাপূর্ণ হীরালাল সেন পদক এবং সেরা চিত্রনাট্যের পুরস্কার লাভ করেছে।