সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার অরি বেশ আলোচিত নাম। বিভিন্ন অনুষ্ঠানে তাকে দেখা যায় তারকাদের সঙ্গে। তিনি আসলে কী করেন এবং কীভাবে জীবিকা নির্বাহ করেন, এ প্রশ্ন অনেকের মনেই উঠেছে। বিভিন্ন টক শোতে তাকে তার পেশা সম্পর্কে জিজ্ঞেস করা হলেও তিনি সাধারণত অস্পষ্ট ও ঘুরিয়ে-ফিরিয়ে উত্তর দিয়েছেন। তবে সম্প্রতি এক সাক্ষাৎকারে অরি খোলাখুলিভাবে জানিয়েছেন কীভাবে তিনি অর্থ উপার্জন করেন এবং কীভাবে নিজের ব্যক্তিগত ব্র্যান্ড ও অনলাইন জনপ্রিয়তাকে একটি অত্যন্ত লাভজনক ব্যবসায় পরিণত করেছেন। সেখান থেকেই জানা গেল একটি রিল থেকেই প্রায় ৭৬ লাখ রুপি আয় করেছেন তিনি।
সম্প্রতি কাভ্যা কর্ণাটক সঞ্চালিত লার্ন বাই কেকে ক্রিয়েট পডকাস্টে অংশ নিয়ে অরি জানান, তার আয়ের বড় একটি অংশ আসে ব্র্যান্ড সহযোগিতা এবং পেইড উপস্থিতি থেকে। ব্র্যান্ড পার্টনারশিপ ও স্পনসর্ড কনটেন্ট নিয়ে কথা বলতে গিয়ে তিনি বলেন, ‘গত মাসে আমি মাত্র একটি চুক্তি থেকে, অর্থাৎ একটি রিল করেই ৭৬ লাখ রুপি আয় করেছি।’
অরি তার অনলাইন জনপ্রিয়তা এবং ব্যক্তিগত ব্র্যান্ডিংকে সফলভাবে একটি ব্যবসায় রূপ দিয়েছেন। তিনি জানান, মধ্যাহ্নভোজ, নৈশভোজ, জন্মদিনের অনুষ্ঠান, বিয়ে কিংবা অন্যান্য সামাজিক অনুষ্ঠানে উপস্থিত হওয়ার জন্য তিনি ১৫ লাখ থেকে ২৫ লাখ রুপি পর্যন্ত পারিশ্রমিক নেন।
এ প্রসঙ্গে তিনি বলেন, ‘১৫ থেকে ২৫ লাখ রুপির বিনিময়ে আপনি আমাকে লাঞ্চে ডাকতে পারেন, ডিনারে ডাকতে পারেন, আমি আপনার বিয়েতে আসব, জন্মদিনে আসব। এমনভাবে বক্তৃতা দেব যেন আমরা ছোটবেলার বন্ধু। আপনার সঙ্গে সময় কাটাব, আপনার বাবা-মায়ের সঙ্গে শটস নেব, আর আপনি যাদের চাইবেন তাদের সবার সঙ্গে মিশব। এটা এক ধরনের অভিজ্ঞতা, যা আপনি কিনতে পারেন।’
আলোচনায় অরি তার বহুল পরিচিত ‘সিগনেচার পোজ’ নিয়েও কথা বলেন। তিনি নিজেকে শাহরুখ খানের সঙ্গে তুলনা করে দাবি করেন, ভারতে এমন মাত্র দু’জন মানুষ আছেন যারা তাদের বিশেষ ভঙ্গির জন্য পরিচিত। একজন তিনি নিজে এবং অন্যজন শাহরুখ খান।
তবে নিজের আর্থিক বিষয় কে দেখাশোনা করেন, সে প্রসঙ্গে অরি জানান, তিনি এখনও বেশ ঐতিহ্যগত পদ্ধতি অনুসরণ করেন এবং তার অর্থের দায়িত্ব বাবা-মায়ের ওপরই ছেড়ে দিয়েছেন। তিনি আরো বলেন, ভবিষ্যতেও তিনি এ অভ্যাস পরিবর্তন করবেন না।
অরির আসল নাম ওরহান আওয়াত্রামানি। ইনস্টাগ্রামে তার অনুসারীর সংখ্যা ২৫ লাখেরও বেশি। তাকে প্রায়ই তারকাদের সঙ্গে পার্টি করতে এবং বলিউডের বিভিন্ন অভিজাত অনুষ্ঠানে অংশ নিতে দেখা যায়। এছাড়া তিনি আম্বানি পরিবারের ঘনিষ্ঠ পরিমণ্ডলের একজন সদস্য বলেও পরিচিত। বিভিন্ন প্রতিবেদনে দাবি করা হয়েছে, তিনি রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেডের চেয়ারপারসনের দফতরে ‘স্পেশাল প্রজেক্ট ম্যানেজার’ হিসেবে কর্মরত।
সূত্র: হিন্দুস্তান টাইমস