তার কাজের ও সাফল্যের তালিকায় যুক্ত হলো আরেকটি নাম—রোলেক্স। প্রিয়াংকা চোপড়া জোনাস আনুষ্ঠানিকভাবে বিলাসবহুল ঘড়ি নির্মাতা প্রতিষ্ঠানের নতুন বৈশ্বিক ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে যুক্ত হয়েছেন। এ ঘোষণা বিলাসপণ্যের বিজ্ঞাপনের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে। এর মাধ্যমে তিনি বিশ্বের অন্যতম প্রভাবশালী বাণিজ্যিক মুখ হিসেবে নিজের অবস্থান আরো শক্তিশালী করলেন।
চুক্তিটি বিশেষভাবে তাৎপর্যপূর্ণ। কারণ ২০২১ সাল থেকে প্রিয়াংকা এরই মধ্যে বিলাসবহুল গহনার ব্র্যান্ড বুলগারির বৈশ্বিক ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে দায়িত্ব পালন করছেন। সাধারণত বিলাসবহুল ব্র্যান্ডগুলো একই ব্যক্তিকে অন্য কোনো বড় লাক্সারি হাউজের সঙ্গে কাজ করতে দেখতে চায় না। বিশেষ করে ঘড়ির বাজারে প্রতিযোগিতার কারণে বিষয়টি আরো বেশি হয়। এবার ভিন্ন চিত্র দেখা গেল। তবে এ ব্যতিক্রমী সমঝোতা বিলাসবহুল ব্র্যান্ড এন্ডোর্সমেন্টের ইতিহাসে একটি উল্লেখযোগ্য নজির তৈরি করেছে।
চলতি বছরের শুরুতে এ অংশীদারত্ব নিয়ে আলোচনা জোরদার হয়। এ বছর প্রিয়াংকার দীর্ঘদিনের ম্যানেজার অঞ্জুলা আচার্য লস অ্যাঞ্জেলেসে রোলেক্সের যোগাযোগ বিভাগের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করার খবর এসেছিল। বিষয়টি তখনই আলোড়ন তোলে। শুরুতে প্রতিষ্ঠানটি শুধু ভারতীয় বাজারকে কেন্দ্র করে একটি প্রচারণা চালানোর কথা ভাবলেও আলোচনার পরিধি দ্রুত বিস্তৃত হয়ে বৈশ্বিক পর্যায়ের অংশীদারত্বে রূপ নেয়।
রোলেক্স আনুষ্ঠানিকভাবে প্রিয়াংকাকে তাদের মর্যাদাপূর্ণ অ্যাম্বাসেডরদের তালিকায় স্বাগত জানিয়েছে। তারা প্রিয়াংকাকে বৈশ্বিক ব্যক্তিত্ব হিসেবে উল্লেখ করেছে, যিনি ভারতীয় সিনেমা ও হলিউডের মধ্যে সেতুবন্ধ তৈরি করেছেন। চলচ্চিত্রে তার সাফল্যের পাশাপাশি ইউনিসেফের সঙ্গে গত ১৫ বছরের মানবিক কর্মকাণ্ডকেও ব্র্যান্ডটি তাকে নির্বাচনের অন্যতম কারণ হিসেবে তুলে ধরেছে।
একাধিক মহাদেশজুড়ে বিস্তৃত ২৫ বছরের ক্যারিয়ারে এ নতুন করপোরেট জোট প্রিয়াংকা চোপড়া জোনাসকে পূর্ব ও পশ্চিমের বিনোদনজগতের মধ্যে গুরুত্বপূর্ণ সংযোগসূত্র হিসেবে আরো প্রতিষ্ঠিত করল। কৌশলগত এ অংশীদারত্বের ফলে আগামী বছরগুলোতেও বিশ্বের বিলাসবহুল বিজ্ঞাপন ও বিলবোর্ডে তার উপস্থিতি জোরালোভাবে অব্যাহত থাকবে।
সূত্র: বলিউড হাঙ্গামা