১৮০ শিক্ষার্থীকে বৃত্তি দিলেন বিজয়-রাশমিকা

ভারতের জনপ্রিয় তারকা জুটি বিজয় দেবরকোন্ডা ও রাশমিকা মান্দানা।

তারা কেবল পর্দায় নয়, সম্প্রতি বাস্তব জীবনেও সাধারণ মানুষের মন জয় করে নিয়েছেন। বিয়ের পর নিজেদের প্রথম বড় সামাজিক উদ্যোগের অংশ হিসেবে তেলেঙ্গানার ১৮০ মেধাবী স্কুল শিক্ষার্থীকে শিক্ষা বৃত্তি দিয়েছেন এ নবদম্পতি। এ উদ্যোগের মাধ্যমে তারা প্রমাণ করলেন, রুপালি পর্দার বাইরেও সমাজের প্রতি তাদের দায়িত্ববোধ কতটা গভীর।

সম্প্রতি তেলেঙ্গানার আচামপেট মণ্ডলের তুম্মানপেট গ্রামে এক উৎসবমুখর অনুষ্ঠানের মাধ্যমে নবম ও দশম শ্রেণীর মেধাবী শিক্ষার্থীদের এ বিশেষ বৃত্তি ও উপহার দেয়া হয়। উল্লেখ্য, তুম্মানপেট গ্রামটি বিজয়ের পৈত্রিক নিবাস। চলতি বছরের ফেব্রুয়ারিতে এ গ্রামেই নিজেদের নতুন বাড়ির গৃহপ্রবেশ ও পূজার সময় স্থানীয় শিক্ষার্থীদের পাশে দাঁড়ানোর প্রতিশ্রুতি দিয়েছিলেন তারা।

সামাজিক যোগাযোগমাধ্যম ‘এক্স’-এ বৃত্তির জন্য নির্বাচিত শিক্ষার্থীদের তালিকা প্রকাশ করে বিজয় দেবরকোন্ডা আবেগঘন একটি পোস্ট দেন। তিনি লেখেন, ‘আমার বাবার জন্মস্থানে এসে আমাদের এ ছোট্ট স্বপ্নটি পূরণ করতে পেরে আমি অত্যন্ত আনন্দিত। এ ১৮০ শিক্ষার্থী আজ তাদের কঠোর পরিশ্রমের মাধ্যমে বাবা-মাকে গর্বিত করেছে।’

বৃত্তি প্রদান"অনুষ্ঠানে দেয়া বক্তব্যে বিজয় বলেন, ‘এ বৃত্তি হয়তো খুবই সামান্য। কিন্তু আমি আপনাদের জীবনের অংশ হতে চেয়েছি। আমার নিজের গ্রাম থেকে শুরু করে একদিন তেলেঙ্গানাজুড়ে এ শিক্ষামূলক উদ্যোগ ছড়িয়ে দেয়াই আমার মূল স্বপ্ন।’

অনুষ্ঠানে রাশমিকা মান্দানা বিজয়ের পরিবারের প্রতি শ্রদ্ধা জানিয়ে নিজেকে ‘রাশমিকা মান্দানা দেবরকোন্ডা’ হিসেবে পরিচয় দেন। রাশমিকা বলেন, ‘আজ আমরা দ্য দেবরকোন্ডা ফাউন্ডেশনের মাধ্যমে দারুণ এক যাত্রা শুরু করলাম। আমার শ্বশুরের গ্রাম থেকে এ কাজ শুরু করতে পেরে আমি অত্যন্ত আনন্দিত ও গর্বিত।"

পর্দার ‘গীতা গোবিন্দম’ ও ‘ডিয়ার কমরেড’খ্যাত এ জুটি ২০২৬ সালের ২৬ ফেব্রুয়ারি উদয়পুরে এক ঘরোয়া অনুষ্ঠানের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে বিবাহবন্ধনে আবদ্ধ হন। বিয়ের পর বাস্তব জীবনের এ সুন্দর রসায়ন আবারো দেখা যাবে রুপালি পর্দায়। রাহুল সাংকৃত্যায়নের পরিচালনায় তাদের নতুন চলচ্চিত্র ‘রণবালী’ আগামী ১১ সেপ্টেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে।

সূত্র: হিন্দুস্তান টাইমস

আরও