ফিফা বিশ্বকাপে শিরোপা রক্ষার মিশন শুরু করেছে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। গ্রুপ পর্বের প্রথম ম্যাচে আলজেরিয়ার মুখোমুখি হয়েছে লিওনেল স্কালোনির শিষ্যরা। বহুল প্রতীক্ষিত এ ম্যাচ ঘিরে বিশ্বজুড়ে ফুটবলপ্রেমীদের মধ্যে ব্যাপক আগ্রহ দেখা গেছে।
যুক্তরাষ্ট্রের কানসাস সিটি স্টেডিয়ামে বাংলাদেশ সময় সকাল ৭টায় আফ্রিকার দেশ আলজেরিয়ার বিপক্ষে বিশ্বচ্যাম্পিয়নদের বিশ্বকাপ মিশন শুরু হয়।
ম্যাচের আগে আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি বলেছেন, টুর্নামেন্টের প্রথম ম্যাচ গুরুত্বপূর্ণ হলেও এটিকে ভাগ্য নির্ধারণী হিসেবে দেখার সুযোগ নেই। তিনি স্মরণ করিয়ে দেন, ২০২২ বিশ্বকাপেও প্রথম ম্যাচে পরাজয়ের পর ঘুরে দাঁড়িয়ে শেষ পর্যন্ত শিরোপা জিতেছিল আর্জেন্টিনা। তাই একটি ম্যাচের ফলাফল দিয়ে পুরো আসরের চিত্র নির্ধারণ করা সম্ভব নয় বলে মন্তব্য করেন তিনি।
এদিকে বাংলাদেশেও ম্যাচটি ঘিরে ফুটবলপ্রেমীদের মধ্যে ব্যাপক উৎসাহ দেখা গেছে। দেশের দর্শকরা বিটিভি, টি-স্পোর্টস ও সময় টেলিভিশনে সরাসরি ম্যাচ উপভোগের সুযোগ পাচ্ছেন। পাশাপাশি বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মেও খেলা সম্প্রচার করা হচ্ছে।
টফি, বায়োস্কোপ, মাই রবি ও আইস্ক্রিনের মতো ডিজিটাল প্ল্যাটফর্মে নির্ধারিত সাবস্ক্রিপশনের মাধ্যমে ম্যাচটি দেখা যাচ্ছে। ফলে টেলিভিশনের সামনে বসার সুযোগ না থাকলেও স্মার্টফোন, ট্যাবলেট কিংবা অন্যান্য ডিজিটাল ডিভাইস ব্যবহার করে যে কোনো স্থান থেকে খেলা উপভোগ করতে পারছেন সমর্থকরা।
বিশ্বকাপের মঞ্চে আর্জেন্টিনার নতুন অভিযানের শুরুটা কেমন হবে, সেদিকেই এখন তাকিয়ে আছে ফুটবল বিশ্ব। অন্যদিকে শক্ত প্রতিপক্ষের বিপক্ষে চমক দেখানোর লক্ষ্য নিয়ে মাঠে নেমেছে আলজেরিয়াও।
আর্জেন্টিনার একাদশ
এমিলিয়ানো মার্টিনেজ, নাহুয়েল মলিনা, ক্রিশ্চিয়ান রোমেরো, লিসান্দ্রো মার্টিনেজ, ফাকুন্দো মেদিনা, রদ্রিগো ডি পল, এনজো ফার্নান্দেজ, অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার, থিয়াগো আলমাদা, লিওনেল মেসি ও লাউতারো মার্টিনেজ।
আলজেরিয়া একাদশ
লুকা জিদান, রাফিক বেলঘালি, আইসা মান্দি, রামি বেনসেবাইনি, রায়ান আইত-নৌরি, হিচাম বৌদাউই, ইব্রাহিম মাজা, নাবিল বেনতালেব, আনিস হাজ মৌসা, আমিন গুইরি ও ফারেস শাইবি।


