মেসির হ্যাটট্রিকে ইতিহাস বদলে বিশ্বকাপ শুরু বিশ্বচ্যাম্পিয়নদের

ম্যাচে আর্জেন্টিনার তিনটি গোলই করেন লিওনেল মেসি। শুরু থেকেই বলের দখল ও আক্রমণে এগিয়ে থাকা আর্জেন্টিনা ধীরে ধীরে ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের করে নেয়। প্রতিপক্ষের রক্ষণভাগ ভেঙে একের পর এক সুযোগ তৈরি করেন বিশ্বকাপজয়ী অধিনায়ক।

ক্রীড়া ডেস্ক
আলজেরিয়াকে ৩-০ গোলে হারানোর পর সতীর্থদের সাথে মেসি
আলজেরিয়াকে ৩-০ গোলে হারানোর পর সতীর্থদের সাথে মেসি |সংগৃহীত

মার্কিন যুক্তরাষ্ট্রের কানসাস সিটিতে তখন রাত ১০টা ছুঁইছুঁই। রাতটি ছিল ইতিহাস বদলের, আর সেই ইতিহাসের কেন্দ্রে আবারো জাদুকর লিওনেল মেসি। বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন হিসেবে বিশ্বকাপে নেমে আলজেরিয়ার বিপক্ষে দারুণ এক জয় দিয়ে শিরোপা রক্ষার মিশন শুরু করেছে আর্জেন্টিনা। মেসির হ্যাটট্রিক নৈপুণ্যে ৩-০ ব্যবধানে জয় পেয়ে টুর্নামেন্ট শুরু করল লা আলবিসেলেস্তেরা।

এর আগে কোনো বিশ্বকাপে শিরোপাধারী হিসেবে প্রথম ম্যাচ জিততে না পারার যে অপ্রাপ্তি ছিল আর্জেন্টিনার, এবার সেটিই ঘুচল মেসির অনবদ্য পারফরম্যান্সে। পুরো ম্যাচজুড়ে আক্রমণ, নিয়ন্ত্রণ ও ফিনিশিংয়ে আধিপত্য দেখিয়ে নতুন ইতিহাস রচনা করল স্কালোনির দল।

ম্যাচে আর্জেন্টিনার তিনটি গোলই করেন লিওনেল মেসি। শুরু থেকেই বলের দখল ও আক্রমণে এগিয়ে থাকা আর্জেন্টিনা ধীরে ধীরে ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের করে নেয়। প্রতিপক্ষের রক্ষণভাগ ভেঙে একের পর এক সুযোগ তৈরি করেন বিশ্বকাপজয়ী অধিনায়ক।

হ্যাটট্রিক পূর্ণ করার পর ৭৮তম মিনিটে মাঠ ছাড়েন মেসি। এরপর তার তৈরি করা ব্যবধান রক্ষা করার দায়িত্ব নেয় সতীর্থরা। বাকি সময়টি দারুণ সংগঠিতভাবে খেলেই প্রতিপক্ষকে আর কোনো সুযোগ দেয়নি আর্জেন্টিনা।

আলজেরিয়ার বিপক্ষে ৭৬তম মিনিটে নিজের হ্যাট্রিক পূরণ করেন লিওনেল মেসি, দল এগিয়ে যায় ৩-০ গোলে। এর আগে ম্যাচের ৬০ মিনিটের মাথায় আলজেরিয়ার বিপক্ষে আর্জেন্টিনাকে ২-০ গোলে এগিয়ে দিয়েছিলেন আর্জেন্টাইন অধিনায়ক।

এই ম্যাচেই বিশ্বকাপে মেসি ১৬তম গোলের মাইলফলক ছুঁয়েছেন। এই গোলে মেসি ছুঁয়ে ফেললেন ১৬ গোল করা মিরোস্লাভ ক্লোসাকে।

ম্যাচের ১৭তম মিনিটেই নিজের প্রথম গোল পান মেসি। দি পলের কাছ থেকে বল পেয়ে ২৫ গজ দূর থেকে করলেন অসাধারণ এক গোল। বিশ্বকাপে মেসির করা ১৪তম গোলটি নিয়েই যায় বিশ্ব চ্যাম্পিয়নরা।

আলজেরিয়া ম্যাচে ফেরার চেষ্টা করলেও আর্জেন্টিনার রক্ষণভাগ ছিল দৃঢ় ও শৃঙ্খলাবদ্ধ। শেষ পর্যন্ত ৩-০ ব্যবধানের স্বস্তির জয় নিয়েই মাঠ ছাড়ে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা।

মেসির হ্যাটট্রিক শুধু ম্যাচের ফল নয়, বরং আর্জেন্টিনার বিশ্বকাপ অভিযানে নতুন আত্মবিশ্বাসও এনে দিয়েছে। শিরোপা ধরে রাখার মিশনে এমন শুরু নিঃসন্দেহে বড় বার্তা দিল প্রতিদ্বন্দ্বীদের জন্য।