অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল বলেছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে যেসব চুক্তি হয়েছে বা অর্থনৈতিক, ব্যাংকিং ও এনবিআর সংক্রান্ত আলোচনা হয়েছে, সেসব বিষয়ে তাকে কখনো ডাকা হয়নি।
সম্প্রতি বিবিসি বাংলাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা জানান।
তিনি বলেন, ‘এসব বিষয় ছিল প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস ও সংশ্লিষ্ট কয়েকজন উপদেষ্টার দায়িত্বের মধ্যে। তবে আইন, রাজনৈতিক ও সংস্কার সংক্রান্ত ইস্যুতে তাকে নিয়মিত ডাকা হতো।’
সাক্ষাৎকারে ‘কিচেন কেবিনেট’ প্রসঙ্গে প্রশ্ন করা হলে আসিফ নজরুল বলেন, ‘বাংলাদেশের ইতিহাসে প্রায় সব সরকারের আমলেই কোনো না কোনোভাবে অনানুষ্ঠানিক সিদ্ধান্ত গ্রহণকারী একটি গোষ্ঠী ছিল। যেখানে যাকে প্রয়োজন, সেখানে তাকে ডাকা হতো।’
তিনি আরও বলেন, ‘কোনো কোনো উপদেষ্টা সব সিদ্ধান্ত প্রক্রিয়ায় না থাকলেও নির্দিষ্ট বিষয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।’
উদাহরণ হিসেবে তিনি উল্লেখ করেন, শ্রম আইন সংশ্লিষ্ট সিদ্ধান্তে এক উপদেষ্টা প্রধান ভূমিকা পালন করেছেন। একইভাবে নির্বাচন কমিশনের প্রস্তাবিত নির্বাচন আইনের খসড়া নিয়ে আলোচনায় সংশ্লিষ্ট বিষয়ে অভিজ্ঞ উপদেষ্টাকেই বেশি গুরুত্ব দেওয়া হয়েছে।
কেকে/ এমএস