বাংলাদেশের বাজারে নিজেদের দীর্ঘমেয়াদি ব্যবসায়িক প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে দেশের শীর্ষস্থানীয় ই-কমার্স প্ল্যাটফর্ম দারাজ বাংলাদেশ। সম্প্রতি প্রতিষ্ঠানটির বিনিয়োগ ও পরিচালনা সংক্রান্ত বিভিন্ন আলোচনার প্রেক্ষাপটে দারাজ জানিয়েছে, তাদের নিয়মিত ব্যবসায়িক কার্যক্রম সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে এবং দেশের ডিজিটাল অর্থনীতির বিকাশে অবদান রাখতে তারা কাজ করে যাচ্ছে।
প্রতিষ্ঠানটির মতে, সাম্প্রতিক কিছু প্রতিবেদনে যে চিত্র তুলে ধরা হয়েছে, তা তাদের বর্তমান কৌশলগত অগ্রাধিকার কিংবা দৈনন্দিন কার্যক্রমের প্রতিফলন নয়। এ কারণে বাংলাদেশে তাদের কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে অবস্থান স্পষ্ট করেছে প্রতিষ্ঠানটি।
দারাজ জানায়, পরিচালন দক্ষতা ও গ্রাহক অভিজ্ঞতা উন্নয়নে প্রযুক্তিনির্ভর সমাধানে বিনিয়োগ অব্যাহত রয়েছে। একই সঙ্গে বাংলাদেশজুড়ে একটি টেকসই ও দীর্ঘমেয়াদি ডিজিটাল বাণিজ্যিক ইকোসিস্টেম গড়ে তোলাও তাদের পরিকল্পনার গুরুত্বপূর্ণ অংশ।
প্রতিষ্ঠানটির তথ্য অনুযায়ী, গত এক বছরে দারাজের প্ল্যাটফর্মে নতুন করে যুক্ত হয়েছেন ৭ হাজারের বেশি বিক্রেতা। এর মাধ্যমে স্থানীয় উদ্যোক্তা ও ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য নতুন সুযোগ সৃষ্টি হয়েছে। পাশাপাশি বিক্রেতা নেটওয়ার্ক সম্প্রসারণের ফলে কর্মসংস্থান ও আয় বৃদ্ধির সুযোগও তৈরি হচ্ছে।
সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে দারাজের বিভিন্ন কার্যক্রমও তুলে ধরা হয়। ২০২৪ সালের ভয়াবহ বন্যার সময় বিভিন্ন মানবিক সংস্থার সঙ্গে অংশীদারিত্বের মাধ্যমে এবং কর্মীদের যৌথ অনুদানে ক্ষতিগ্রস্ত মানুষের পুনর্বাসনে ১ কোটি ২০ লাখ টাকার বেশি সহায়তা দেওয়া হয়েছিল বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।
দারাজ বাংলাদেশের এক মুখপাত্র বলেন, “দারাজ বাংলাদেশে তার কার্যক্রম পরিচালনায় সম্পূর্ণভাবে প্রতিশ্রুতিবদ্ধ এবং দেশ থেকে ব্যবসা গুটিয়ে নেওয়ার কোনো পরিকল্পনা নেই। বাংলাদেশ দারাজের জন্য একটি গুরুত্বপূর্ণ বাজার। আমরা টেকসই প্রবৃদ্ধি অর্জন এবং দেশের ডিজিটাল অর্থনীতির উন্নয়নে অবদান রাখতে কাজ করে যাচ্ছি।”
তিনি আরও বলেন, “ব্যবসার স্বাভাবিক প্রক্রিয়ার অংশ হিসেবে আমরা নিয়মিতভাবে আমাদের সাংগঠনিক কাঠামো পর্যালোচনা করি, যাতে দীর্ঘমেয়াদি কৌশলগত লক্ষ্যগুলোর সঙ্গে কার্যক্রমের সামঞ্জস্য বজায় থাকে।”
বাংলাদেশের ই-কমার্স খাতে বিক্রেতা, ব্র্যান্ড ও গ্রাহকদের জন্য একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হিসেবে দারাজ তাদের কার্যক্রম পরিচালনা করছে। বিক্রেতা সক্ষমতা বৃদ্ধি, গ্রাহক অভিজ্ঞতার উন্নয়ন এবং ডিজিটাল বাণিজ্যের প্রসারে প্রতিষ্ঠানটি কাজ করে যাচ্ছে।
কেকে/ এমএস