logo
/সারাদেশ
কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে শূন্যরেখা থেকে ১২ জনকে ফেরত নিল বিএসএফ - image

কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে শূন্যরেখা থেকে ১২ জনকে ফেরত নিল বিএসএফ

15 জুন 2026, বিকাল 5:18

কুষ্টিয়া প্রতিনিধি:কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে ‘পুশইন’-এর শিকার নারী, পুরুষ ও শিশুসহ ১২ জনকে তিন দিন পর পতাকা বৈঠকের মাধ্যমে নিজেদের হেফাজতে ফিরিয়ে নিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। সোমবার (১৫ জুন) বেলা ১২টার দিকে প্রাগপুর সীমান্তের ১৪৮/৩-এস পিলার সংলগ্ন এলাকায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও বিএসএফের মধ্যে একটি পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে ওই ১২ জন এখন বিএসএফ এর হেফাজতে। বিষয়টি নিশ্চিত করেন কুষ্টিয়া ৪৭ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রাশেদ কামাল রনি।পতাকা বৈঠকে বিজিবির পক্ষে কুষ্টিয়া ৪৭ বিজিবির উপ-অধিনায়ক নুরুল হুদার নেতৃত্বে ৮ সদস্যের একটি প্রতিনিধি দল এবং বিএসএফের পক্ষে রানীনগর কোম্পানি কমান্ডার এসি সুনীল কুমার যাদবের নেতৃত্বে সমসংখ্যক প্রতিনিধি দল অংশ নেয়।বিজিবি সূত্র জানায়, বিএসএফ অবৈধভাবে ১২ জনকে বাংলাদেশে পুশইন করে। পরে স্থানীয়দের সহযোগিতায় তাদের শনাক্ত ও নিয়ন্ত্রণে নেয় বিজিবি। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করার পর সোমবার অনুষ্ঠিত পতাকা বৈঠকের মাধ্যমে তাদের বিএসএফের কাছে ফেরত দেওয়া হয়। এর আগে গত শুক্রবার (১২ জুন) ভোর সাড়ে ৫টার দিকে নারী, পুরুষ ও শিশুসহ ১২ জনকে বাংলাদেশে ঠেলে দেওয়ার চেষ্টা করে বিএসএফ। ঘটনার সমাধানে সেদিন বিকেল ৪টায় পতাকা বৈঠকের সিদ্ধান্ত হলেও বিএসএফের অসহযোগিতার কারণে বৈঠকটি অনুষ্ঠিত হয়নি। পরদিন শনিবার (১৩ জুন) সকাল সাড়ে ৯টায় বিলগাতুয়া সীমান্তের ১৫০/৩-এস পিলার সংলগ্ন এলাকায় দুই বাহিনীর মধ্যে আরেকটি পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। তবে ওই বৈঠকেও কোনো চূড়ান্ত সিদ্ধান্ত না হওয়ায় ১২ জনকে শূন্যরেখাতেই অবস্থান করতে হয়।এ বিষয়ে কুষ্টিয়া ৪৭ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রাশেদ কামাল রনি বলেন, বিজিবি ও বিএসএফের মধ্যে শান্তিপূর্ণভাবে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী সংশ্লিষ্ট ১২ জনকে বিএসএফ নিজেদের হেফাজতে ফিরিয়ে নিয়েছে। তিনি আরও বলেন, সীমান্ত সুরক্ষায় বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। দেশের স্বার্থসংশ্লিষ্ট যেকোনো বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। 

জুন ১৫, ২০২৬

রাহি হত্যার বিচারের দাবিতে বেগমগঞ্জে মানববন্ধন ও সড়ক অবরোধ

মানিক ভূঁইয়া, নোয়াখালী প্রতিনিধি:নোয়াখালীর জিরতলী ইউনিয়নের বারইচাতল গ্রামের সন্ত্রাসী ইসমাইল, নাঈম ও রনির বিরুদ্ধে রাহিকে নিয়ে এআই-নির্মিত ভিডিও ছড়িয়ে দেওয়া, রাহির আত্মহত্যায় প্ররোচনা এবং এলাকার অন্যান্য মেয়েদের চরিত্র হননের অভিযোগে মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার দুপুরে বেগমগঞ্জ উপজেলার বাংলাবাজার এলাকায় শামসুন্নাহার উচ্চ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও স্থানীয় এলাকাবাসীর উদ্যোগে নোয়াখালী–লক্ষ্মীপুর মহাসড়কে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।মানববন্ধনে অংশগ্রহণকারীরা অভিযোগ করেন, সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার, এআই প্রযুক্তির অপব্যবহার এবং নারীদের সম্মানহানির সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। এ সময় তারা বিভিন্ন প্রতিবাদী স্লোগান দেন এবং অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তার ও সর্বোচ্চ শাস্তির দাবি জানান।একপর্যায়ে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করলে দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয় এবং যান চলাচল সাময়িকভাবে বন্ধ হয়ে যায়।খবর পেয়ে বেগমগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সামছুজ্জামান পুলিশ সদস্যদের নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হন। তিনি আন্দোলনকারীদের সঙ্গে কথা বলে ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ ও সুষ্ঠু তদন্তের আশ্বাস দেন। পরে তার আশ্বাসে শিক্ষার্থীরা অবরোধ প্রত্যাহার করলে যান চলাচল স্বাভাবিক হয় এবং পরিস্থিতি শান্ত হয়।

জুন ১১, ২০২৬

বিশ্বকাপকে স্বাগত জানিয়ে রাজাপুরে আর্জেন্টিনা সমর্থকদের র‍্যালি

ঝালকাঠি প্রতিনিধি: ফুটবল বিশ্বকাপকে স্বাগত জানিয়ে ঝালকাঠির রাজাপুরে ব্যতিক্রমী মোটরসাইকেল র‍্যালি করেছেন আর্জেন্টিনা ফুটবল দলের সমর্থকরা। প্রিয় দল এবং তারকা ফুটবলার লিওনেল মেসির প্রতি ভালোবাসা প্রকাশে আয়োজিত এ র‍্যালিতে অংশ নেন শতাধিক সমর্থক।নীল-সাদা জার্সি, হাতে আর্জেন্টিনার পতাকা এবং মুখে প্রিয় দলের জয়ধ্বনি—এমন উৎসবমুখর পরিবেশে মঙ্গলবার সকালে র‍্যালিটি অনুষ্ঠিত হয়। উপজেলার পপুলার ক্লিনিকের সামনে থেকে শুরু হওয়া র‍্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।প্রায় ৮ থেকে ১০ কিলোমিটার পথ অতিক্রম করা এ র‍্যালিতে ২০টিরও বেশি মোটরসাইকেলে অংশ নেন সমর্থকরা। অংশগ্রহণকারীরা আর্জেন্টিনার জার্সি পরার পাশাপাশি মোটরসাইকেল ও হাতে পতাকা বহন করেন।র‍্যালি চলাকালে বিভিন্ন স্লোগানে মুখর হয়ে ওঠে পুরো উপজেলা শহর। সড়কের দুই পাশে দাঁড়িয়ে স্থানীয়রাও এ উৎসবমুখর দৃশ্য উপভোগ করেন। সমর্থকদের ভাষ্য, ফুটবলের প্রতি ভালোবাসা এবং আর্জেন্টিনা দলের প্রতি গভীর আবেগ থেকেই এ আয়োজন।বিশ্বকাপকে ঘিরে এমন আয়োজন ভবিষ্যতেও অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন তারা। এ মোটরসাইকেল র‍্যালি রাজাপুরের ক্রীড়াপ্রেমীদের মাঝে নতুন উদ্দীপনা যোগ করেছে।/টি

জুন ১০, ২০২৬

মুন্সীরহাটে ৮ কোটি টাকার আধুনিক পশু জবাইখানার উদ্বোধন

মো: ফরিদুল হাসান ফরিদ, মুন্সীগঞ্জমুন্সীগঞ্জ পৌরসভার মুন্সীরহাট বাজারে প্রায় ৮ কোটি টাকা ব্যয়ে নির্মিত একটি অত্যাধুনিক পশু জবাইখানার উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (৯ জুন) সকালে আনুষ্ঠানিকভাবে জবাইখানাটির উদ্বোধন করেন মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মো. কামরুজ্জামান রতন এবং জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফী।এই প্রকল্পের তত্ত্বাবধানে ছিলেন মুন্সীগঞ্জ পৌরসভার প্রশাসক মৌসুমী মাহবুব। উদ্বোধন অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক এ কে এম ইরাদত মানু, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. এম. এ. জলিল, পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা মো. তৌহিদুল ইসলাম, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সুলতান আহমদসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।উদ্বোধন শেষে জবাইখানার কার্যক্রমের একটি প্রদর্শনী অনুষ্ঠিত হয়। এতে আধুনিক ও স্বয়ংক্রিয় পদ্ধতিতে একটি গরু জবাই ও প্রক্রিয়াজাত করার সম্পূর্ণ প্রক্রিয়া উপস্থিত অতিথিদের সামনে তুলে ধরা হয়।প্রাণিসম্পদ ও দুগ্ধ উন্নয়ন প্রকল্প (এলডিডিপি)-এর আওতায় বিশ্বব্যাংকের অর্থায়নে নির্মিত এ জবাইখানায় ব্যয় হয়েছে প্রায় ৮ কোটি টাকা। সংশ্লিষ্টদের মতে, দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ করে চালু হওয়া এই স্থাপনাটি জেলার নিরাপদ ও স্বাস্থ্যসম্মত মাংস উৎপাদনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

জুন ০৯, ২০২৬

মোরগ পোলাওয়ের প্যাকেটে মিলল আস্ত ব্যাঙ, অতঃপর যা ঘটল

মোরগ পোলাওয়ের প্যাকেটে মিলল আস্ত ব্যাঙ, অতঃপর যা ঘটলক্ষুধা মেটাতে নামী দোকান থেকে পছন্দের মোরগ পোলাও কিনে এনেছিলেন পরিবারটি। কিন্তু প্যাকটি খুলতেই ভেতরে সুস্বাদু মাংসের টুকরোর বদলে মিলল আস্ত একটি মরা ব্যাঙ! কুড়িগ্রামের রৌমারী উপজেলায় এমনই এক অবিশ্বাস্য ঘটনা ঘটেছে। গত সোমবার বিকেলে স্থানীয় বাসিন্দা আতোয়ার রহমান ও আশিকুর রহমান শহরের ‘নান্না বিরিয়ানি হাউজ’ থেকে বেশ উৎসাহ নিয়েই পাঁচ প্যাকেট মোরগ পোলাও কেনেন। বাড়িতে ফিরে খুদে শিশুদের পাতে খাবার পরিবেশন করার সময়ই ঘটে সেই অনাকাঙ্ক্ষিত ঘটনা। বিরিয়ানির চালের ভেতর থেকে বেরিয়ে আসে আস্ত ব্যাঙটি। মুহূর্তের মধ্যে পরিবারের সবার আনন্দ রূপ নেয় তীব্র আতঙ্ক ও বমিতে।খবরটি জানাজানি হতেই এলাকায় তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। শত শত মানুষ ওই খাবারের দোকানের সামনে ভিড় জমায়। পরিস্থিতি বেগতিক দেখে দ্রুত মাঠে নামে উপজেলা প্রশাসন। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আলাউদ্দিনের নির্দেশনায় দোকানে চালানো হয় ঝটিকা অভিযান। সেখানে গিয়ে নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশের প্রমাণ পান ভ্রাম্যমাণ আদালত।ভোক্তা অধিকার ক্ষুণ্ণ করা এবং চরম অসতর্কতার অপরাধে তাৎক্ষণিকভাবে ওই বিরিয়ানি হাউজকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। সেই সঙ্গে ভবিষ্যতে এমন ঘটনার পুনরাবৃত্তি হলে দোকান সিলগালা করার কড়া হুঁশিয়ারি দেওয়া হয়।এফ/এইচ  

জুন ০২, ২০২৬

ঈদের আনন্দ ভাগাভাগি করতে ছোটমনি নিবাসে প্রশাসক রিটন

রাজশাহীর ছোটমনি নিবাসে ঈদের দিনে দেখা গেল এক ব্যতিক্রমী মানবিক আয়োজন। শূন্য থেকে সাত বছর বয়সী এতিম শিশুদের এই আবাসস্থলে দুপুরে উপস্থিত হন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মাহফুজুর রহমান রিটন ও তাঁর স্ত্রী নাফিজা রহমান। তাদের আগমনে পুরো পরিবেশে নেমে আসে উৎসবের আবহ।নিজেদের বাড়ি থেকে রান্না করা পোলাও, মাংস, ফিরনীসহ নানা খাবার ও ফল নিয়ে আসেন তারা। শিশুদের সঙ্গে বসে খাবার পরিবেশন করা হয় এবং নিজ হাতে খাওয়ান রিটন ও নাফিজা। বাবা-মায়ের স্নেহবঞ্চিত শিশুদের কাছে এমন মুহূর্ত ছিল এক ভিন্ন অনুভূতি, যা দ্রুতই আবেগঘন পরিবেশ তৈরি করে।খাওয়া-দাওয়ার পর শিশুদের হাতে তুলে দেওয়া হয় নতুন ঈদের পোশাক। এতে তাদের আনন্দ আরও বেড়ে যায়। এরপর আবাসনের বিভিন্ন কক্ষে গিয়ে শিশুদের সঙ্গে সময় কাটান তারা। এক পর্যায়ে মাত্র দুই মাস বয়সী একটি শিশুকে কোলে নিয়ে স্নেহভরা মুহূর্ত ভাগাভাগি করেন নাফিজা রহমান, যা উপস্থিত সবার হৃদয় ছুঁয়ে যায়।ছোটমনি নিবাসের উপ-তত্ত্বাবধায়ক রেকসোনা খাতুন জানান, তাঁর চাকরি জীবনে এই প্রথম কোনো জনপ্রতিনিধিকে ঈদের আনন্দ ভাগাভাগি করতে দেখা গেল। তিনি মনে করেন, এমন উদ্যোগ শিশুদের মানসিক বিকাশে ইতিবাচক প্রভাব ফেলে এবং সমাজে একটি অনন্য মানবিক দৃষ্টান্ত স্থাপন করে।/টি 

মে ৩০, ২০২৬

৫ ঘণ্টা পর সিলেটের সঙ্গে সারাদেশের ট্রেন চলাচল স্বাভাবিক

মৌলভীবাজারের লাউয়াছড়া জাতীয় উদ্যান এলাকায় লাইনচ্যুত হওয়া ট্রেনের চাকা সরিয়ে নেওয়ার পর টানা প্রায় পাঁচ ঘণ্টা বন্ধ থাকার পর সিলেটের সঙ্গে সারাদেশের ট্রেন যোগাযোগ স্বাভাবিক হয়েছে। এতে দীর্ঘ সময় আটকে থাকা ট্রেনগুলো আবার চলাচল শুরু করে।এ ঘটনার কারণে শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশনে আটকে পড়ে থাকা জয়ন্তিকা এক্সপ্রেস ট্রেনটি পরে সিলেটের উদ্দেশ্যে ছেড়ে যায়। যাত্রীরা স্বস্তি ফিরে পেলেও দীর্ঘ বিলম্বে ভোগান্তির মুখে পড়তে হয়েছে অনেককে।শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশনের সহকারী মাস্টার শিপন সূত্রধর জানান, শুক্রবার দুপুরে সিলেট থেকে চট্টগ্রামগামী একটি খালি তেলবাহী ট্যাংকার ট্রেন ছেড়ে আসে। বিকেল আনুমানিক সাড়ে তিনটার দিকে কমলগঞ্জ উপজেলার লাউয়াছড়া জাতীয় উদ্যান এলাকায় পৌঁছালে হঠাৎ করেই ট্রেনটির একটি চাকা লাইনচ্যুত হয়।এ ঘটনায় সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। তবে খবর পেয়ে রেলওয়ের ইঞ্জিনিয়ারিং বিভাগের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করেন। পরে লাইনচ্যুত চাকা সরিয়ে নেওয়ার পর প্রায় পাঁচ ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়।/টিএ

মে ২৯, ২০২৬

ট্রেনের বগি লাইনচ্যুত, সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ

মৌলভীবাজার প্রতিনিধি:মৌলভীবাজারের কমলগঞ্জের লাউয়াছড়া জাতীয় উদ্যানে সিলেট থেকে ছেড়ে আসা একটি তেলবাহী ট্রেন লাইনচ্যুত হয়েছে। শুক্রবার বিকেল ৪ টার দিকে আখাউড়া - সিলেট রেললাইনের লাউয়াছড়া উদ্যানের ২৯৪/৮ নম্বর পিলার এলাকায় এ ঘটনা ঘটেছে। এ ঘটনায় সিলেটের সাথে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ রয়েছে।ভানুগাছ রেলওয়ে স্টেশন মাস্টার গৌড়প্রসাদ দাশ পলাশ  বিষয়টি নিশ্চিত করেছেন।দূর্ঘটনা কবলিত তেলবাহী ৯৬২ নম্বর ট্রেনটিতে থাকা আরএনবি গোয়েন্দা পরাগ বকুল দাস বলেন, সকালে সিলেট থেকে ট্রেন ছেড়ে আসার পর বিকেলে লাউয়াছড়া উদ্যানের প্রবেশের পর হঠাৎ করে আমরা ধোয়া দেখতে পাই। পরে তাৎক্ষণিক বিষয়টি লোকোমাস্টারকে জানালে তিনি ট্রেন থামান৷ পরে দেখা যায় ট্রেনের একটি ওয়াগনের চারটি চাকা লাইনচ্যুত হয়েছে। ট্রেনে কোন তেল ছিল না।ভানুগাছ রেলওয়ে স্টেশন মাস্টার গৌড়প্রসাদ দাশ পলাশ বলেন, বর্তমানে সিলেটের সাথে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ রয়েছে।  লাইনচ্যুত হওয়া ওয়াগন উদ্ধারের পর ট্রেন চলাচল স্বাভাবিক হবে।/টি 

মে ২৯, ২০২৬

কোরবানির মাংস বণ্টন নিয়ে সংঘর্ষে ৩০ জন আহত

‎ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় পবিত্র ঈদুল আজহার দিন কোরবানির গোস্ত মসজিদে রাখা হবে নাকি বাড়িতে নেওয়া হবে এ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে নারী-পুরুষসহ অন্তত ৩০ জন আহত হয়েছেন।‎‎বৃহস্পতিবার (২৮ মে) সকাল ১০টার দিকে উপজেলার আলগী ইউনিয়নের পূর্ব আড়ুয়াকান্দী গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।‎‎স্থানীয় সূত্রে জানা যায়, ঈদের জামাত শেষে কোরবানির গোস্ত সংরক্ষণ নিয়ে গ্রামের দুই পক্ষের মধ্যে প্রথমে বাকবিতণ্ডা শুরু হয়। এক পক্ষের নেতৃত্ব দেন আবু বকর মুন্সী এবং অপর পক্ষের নেতৃত্ব দেন কামরুজ্জামান সম্রাট। কথাকাটাকাটির একপর্যায়ে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং তা সংঘর্ষে রূপ নেয়।‎সংঘর্ষে উভয় পক্ষের নারী-পুরুষসহ অন্তত ৩০ জন আহত হন। আহতদের মধ্যে কয়েকজনকে স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। গুরুতর আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানা গেছে।‎খবর পেয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এ সময় এসআই পরেশ ও এসআই প্রশান্তসহ পুলিশের সদস্যরা পরিস্থিতি শান্ত করতে কাজ করেন।‎‎বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। ঘটনার পর পুরো এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। স্থানীয়দের মধ্যে আতঙ্ক বিরাজ করলেও নতুন করে কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।‎‎ভাঙ্গা থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান বলেন, সকালে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। গোস্ত রাখা কে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের সৃষ্টি হয়। সংবাদ পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। দুই পক্ষকে ডাকা হয়েছে, বসে বিষয়টি সমাধানের চেষ্টা করা হবে।‎‎এ ঘটনায় এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রাখা হয়েছে বলে জানা গেছে।/টি

মে ২৮, ২০২৬

ঢাকা-বরিশাল মহাসড়কে বাসের ধাক্কায় একই প‌রিবা‌রের ৩ জন নিহত

গৌরনদী (বরিশাল) প্রতিনিধি:ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদীতে বেপরোয়া বাসের ধাক্কায় একই পরিবারের তিনজন নিহত হয়েছে।মঙ্গলবার (২৬ মে) দুপুর সাড়ে ১২টার দিকে মহাসড়কের গৌরনদী উপজেলার বাটাজোর এলাকায় এই দুর্ঘটনা ঘটে।নিহতরা হলেন-উজিরপুর উপজেলার আব্দুল হাকিমের ছেলে ফিরোজ মাহমুদ (৩৯) তার স্ত্রী মনিরা বেগম এবং শিশু কন্যা জান্নাত আক্তারঘটনার পরপরই ঘাতক বাসটি ভাংচুর করেছে। তবে চালক-হেলপাড় কৌশলে পালিয়ে গেছে। অপরদিকে দূর্ঘটনার কারনে যান চলাচল বন্ধ হয়ে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত যান চলাচল স্বাভাবিক হয়নি।তথ্যের সত্যতা নিশ্চিত করে গৌরনদী ফায়ার সার্ভিস স্টেশন অফিসার মো. মিজানুর রহমান জানিয়েছেন, মোটরসাইকেল যোগে স্ত্রী ও শিশু সন্তানকে নিয়ে উজিরপুরের দিকে যাচ্ছিলেন মোটরসাইকেল চালক। পথিমধ্যে যানজটের কারনে বাটাজোর বাসস্ট্যান্ডে মোটরসাইকেল থামিয়ে রাখেন। এসময় তাজ আনন্দ পরিবহনের একটি বাস পেছন থেকে মোটরসাইকেলকে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তিনজন নিহত হয়।গৌরনদী হাইওয়ে থানার ওসি মো. মহসীন জানিয়েছেন, দুর্ঘটনা কবলিত বাস জব্দ করা হয়েছে। জানযট নিরসনের চেস্টা চলছে।

মে ২৬, ২০২৬

ঈদে বাড়ি ফেরার পথে টাঙ্গাইলে প্রাণ গেল ১৫ যাত্রীর

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের এলেঙ্গায় রডবোঝাই একটি ট্রাক উল্টে অন্তত ১৫ জন নিহত হয়েছেন। নিহতরা সবাই ঈদে বাড়ি ফেরার পথে ট্রাকে করে উত্তরবঙ্গের দিকে যাচ্ছিলেন। এ ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন।সোমবার (২৫ মে) ভোর ৪টার দিকে মহাসড়কের সরাতৈল দক্ষিণপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।এলেঙ্গা ফায়ার স্টেশনের ইনচার্জ আতাউর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, রডবোঝাই একটি ট্রাকে যাত্রী নিয়ে উত্তরবঙ্গের দিকে যাওয়ার সময় চালক নিয়ন্ত্রণ হারালে ট্রাকটি রাস্তার পাশের খাদে পড়ে উল্টে যায়। এতে ট্রাকের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই ১৫ জন নিহত হন এবং অন্তত ৬ থেকে ১০ জন আহত হন। আহতদের উদ্ধার করে টাঙ্গাইল সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।প্রত্যক্ষদর্শীরা জানান, নিহতরা ট্রাকের ওপরে বসে ছিলেন। তাদের দাবি, চালক ঘুমিয়ে পড়ায় ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার শিকার হয়।পুলিশ জানায়, নিহতদের পরিচয় শনাক্তের কাজ চলছে। প্রাথমিকভাবে জানা গেছে, হতাহতদের বাড়ি নওগাঁর মান্দা উপজেলা ও চাঁপাইনবাবগঞ্জ এলাকায়।টাঙ্গাইলের গোপালপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ফৌজিয়া হাবিব খান বলেন, নিহতদের পরিচয় নিশ্চিত করতে কাজ চলছে। পাশাপাশি ঈদযাত্রায় মালবাহী খোলা ট্রাকে যাত্রী পরিবহন বন্ধে ব্যবস্থা নেওয়ার কথাও জানান তিনি।সচেতন মহলের দাবি, ঈদকে কেন্দ্র করে মালবাহী খোলা ট্রাকে যাত্রী পরিবহন বন্ধে প্রশাসন কার্যকর উদ্যোগ নিলে এ ধরনের মর্মান্তিক প্রাণহানি এড়ানো সম্ভব হতো।

মে ২৫, ২০২৬

বান্দরবান সীমান্তে মাইন বিস্ফোরণে ৩ শ্রমিক নিহত

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম সীমান্তে শক্তিশালী স্থলমাইন বিস্ফোরণে ৩ চাকমা শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনার পর পুরো সীমান্ত এলাকায় আতঙ্ক বিরাজ করছে।আজ রোববার (২৪ মে) বেলা সাড়ে ১১টার দিকে সীমান্ত পিলার ৪১ ও ৪২-এর মধ্যবর্তী এলাকায়, সীমান্তের কিছুটা বাংলাদেশের অভ্যন্তরে এ বিস্ফোরণের ঘটনা ঘটে।স্থানীয় সূত্রে জানা যায়, বিস্ফোরণের পর এলাকায় তিনজন আহত হওয়ার খবর দ্রুত ছড়িয়ে পড়ে। পরে স্থানীয়দের একটি উদ্ধারকারী দল ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা দেয়। দুপুর আড়াইটার দিকে তারা ঘটনাস্থলে পৌঁছে তিনজনকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখেন।নিহতরা হলেন- ঘুমধুম ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের ভালুকিয়াপাড়া গ্রামের সুনইয়ং চাকমার ছেলে লেয়ারা (৪১), মৃত নিওমং চাকমার ছেলে অংকেমং (৫০) এবং অইমং চাকমার ছেলে চিংকা অং (৪০)।স্থানীয়দের ধারণা, সীমান্তে মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠী আরকান আর্মির পুঁতে রাখা শক্তিশালী এ স্থলমাইনের বিস্ফোরণেই তাদের মৃত্যু হয়েছে।স্থানীয় সূত্রে আরও জানা গেছে, নিহতরা ওই এলাকায় কলাবাগানে কাজ করতে গেলে এ দুর্ঘটনার শিকার হন। অপর একটি সূত্রে জানা যায়, চোরাই পণ্য পাচার কাজে জড়িত তারা। ওই দিন মাদকদ্রব্য আনতে গিয়ে এ ঘটনার কবলে পড়ে।নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী অফিসার মো. এনামুল হাসান এবং নাইক্ষ্যংছড়ি থানার ওসি মোজাম্মেল হক বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, সীমান্তবর্তী এলাকা হওয়ায় লাশ পৌঁছতে দেরি হচ্ছে। উদ্ধার তৎপরতা চলছে। ঘটনাস্থলে বিজিবি, চৌকিদারসহ স্থানীয়রা আছেন।স্থানীয় বাসিন্দারা সীমান্তসংলগ্ন ঝুঁকিপূর্ণ এলাকায় সাধারণ মানুষের চলাচলে সতর্কতা অবলম্বনের আহ্বান জানিয়েছেন।বিজিবির একটি দল ঘটনাস্থল পরিদর্শন ও বিস্তারিত তথ্য সংগ্রহসহ প্রয়োজনীয় কার্যক্রম চালিয়ে যাচ্ছে।

মে ২৪, ২০২৬
footer small logo

Design & Developed by:

developed-company-logo