Logo
Logo
×

সারাদেশ

৫৬ বছর পর ভোটদান

ফরিদগঞ্জের রূপসায় নারীদের উপচে পড়া ভিড়

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১২ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:৫৬ পিএম

ফরিদগঞ্জের রূপসায় নারীদের উপচে পড়া ভিড়

চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার রূপসা দক্ষিণ ইউনিয়নে আজ বৃহস্পতিবার সকাল থেকেই ভোটকেন্দ্রগুলোতে নারীদের উপচে পড়া ভিড় দেখা গেছে। স্থানীয়ভাবে দীর্ঘদিনের নিষেধাজ্ঞা ভেঙে ৫৬ বছর পর এবারই প্রথম ভোটাধিকার প্রয়োগ করতে এসেছেন তারা। ঘটনাটি এলাকায় ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

ফরিদগঞ্জ উপজেলার গৃদকালিন্দিয়া উচ্চবিদ্যালয় ভোটকেন্দ্রের সামনে ৭০ বছর বয়সী আয়েশা বেগম গণমাধ্যমকে বলেন, জীবনে এই প্রথম তিনি ভোট দিতে এসেছেন। এত বছর ভোট না দেওয়ার কারণ জানতে চাইলে তিনি বলেন, “নিষেধ ছিল। স্থানীয় লোকজন আমাদের বোঝানোর পর এবার ভোট দিতে এসেছি।”

রূপসা ইউনিয়নের বাসিন্দা নূরজাহান বেগম বলেন, “সবাই বলছে—নারীরা বাজারে যায়, চাকরি করে, সবকিছুই করে; তাহলে ভোট দিতে পারবে না কেন? ইসলামের দৃষ্টিতে ভোট দেওয়া হারাম নয়। তাহলে সমস্যা কোথায়? এখন আমাদের উপলব্ধি হয়েছে, এতদিন ভোট না দিয়ে ভুল করেছি। তাই আজ ভোট দিতে এসেছি।”

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, ১৯৬৯ সালে নারীদের ভোটকেন্দ্রে না যাওয়ার বিষয়ে স্থানীয়ভাবে নির্দেশনা দেওয়া হয়েছিল। পরবর্তীতে নির্বাচন কমিশন বিভিন্ন সময়ে নারীদের ভোটাধিকার প্রয়োগে উৎসাহ দিলেও দীর্ঘদিন তারা ভোটকেন্দ্রে আসেননি। তবে এবার সেই চিত্র বদলেছে—নারীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে কেন্দ্রগুলোতে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়েছে।

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন