Logo
Logo
×

সারাদেশ

রাউজানে যুবদলকর্মীকে গুলি করে হত্যা

Icon

চট্টগ্রাম প্রতিনিধি

প্রকাশ: ২৭ এপ্রিল ২০২৬, ১১:১৩ এএম

রাউজানে যুবদলকর্মীকে গুলি করে হত্যা

নিহত যুবদলকর্মী নাছির। ছবি: সংগৃহীত

চট্টগ্রামের রাউজানে মো. নাছির তালুকদার প্রকাশ মধু নাছির (৪৫) নামে যুবদলের এক কর্মীকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। রোববার (২৬ এপ্রিল) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার কদলপুর ইউনিয়নের ৬নং ওয়ার্ডের শমসেরপাড়ার সড়কে এ ঘটনা ঘটে। 

রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজেদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। নাছির শমসেরপাড়ার দুদু মিয়ার ছেলে।

ওসি সাজেদুল জানান, রাতের অন্ধকারে অস্ত্রধারী সন্ত্রাসীরা নাছিরকে গুলি করে পালিয়ে যান। পরে গুলিবিদ্ধ অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে রাউজান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখান থেকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক রাত সাড়ে ১১টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

স্থানীয়রা জানিয়েছেন, এলোপাথাড়ি গুলির ঘটনায় নাছিরের পেটে ও পায়ে একাধিক গুলি লেগেছে। এতে ঘটনাস্থল পুরোটা রক্তাক্ত হয়ে গেছে। সেখানে একাধিক গুলির খোসাও দেখা গেছে।

এর আগে, গত শুক্রবার দিবাগত রাত ৩টার দিকে বিএনপির আরেক সমর্থক কাউসার-উজ-জামান বাবলুকে (৩৬) গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা। তিনি পৌরসভার ৯নং ওয়ার্ডের ঢালারমুখ এলাকার আবুল কালাম সওদাগরের ছেলে। এই হত্যাকাণ্ডের দুদিনের মাথায় যুবদলকর্মী নাছির হত্যার শিকার হলেন।

এবিষয়ে জেলা যুবদলের সহ-সভাপতি সাবের সুলতান কাজল বলেন, ‘নাছির যুবদলের কর্মী। তাকে গুলি করে হত্যা করা হয়েছে। তাকে আগেও সন্ত্রাসীরা মারধর করেছে। আমরা এঘটনার তীব্র নিন্দা জানাই। আমাদের নেতা সংসদ সদস্য গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর নাম খারাপ করতে এই ঘটনাগুলো ঘটানো হচ্ছে।’

রাউজান থানার ওসি সাজেদুল ইসলাম বলেন, ‘নিহত নাছিরও হত্যা মামলাসহ ছয়টি মামলার আসামি। তাকে অস্ত্রধারীরা গুলি করে হত্যা করেছে। আমরা ঘটনাস্থল পরিদর্শন করে খোসাসহ বিভিন্ন আলামত সংগ্রহ করেছি। হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারে অভিযান চলছে।’

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন