চট্টগ্রামে পানি ও নগর স্থিতিস্থাপকতা জোরদারে সফরে ডাচ রাষ্ট্রদূত
বাংলাদেশে নিযুক্ত নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত জোরিস ভ্যান বোমেল চট্টগ্রাম সফর করবেন। টেকসই অর্থনৈতিক উন্নয়নের লক্ষ্যে সার্কুলার পানি ও বর্জ্য ব্যবস্থাপনায় দ্বিপাক্ষিক সহযোগিতা আরও জোরদারের প্রচেষ্টার অংশ হিসেবে তিনি আজ মঙ্গলবার (৭ এপ্রিল) এই সফর করছেন তিনি।
এই সফর নেদারল্যান্ডসের অঙ্গীকারকে পুনর্ব্যক্ত করে, যার মাধ্যমে বাংলাদেশকে নগরায়ণের গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ—বিশেষ করে জলাবদ্ধতা, ড্রেনেজ ব্যবস্থা, কঠিন বর্জ্য এবং বর্জ্যপানি ব্যবস্থাপনার মতো বিষয়গুলো মোকাবেলায় সহায়তা করা হচ্ছে। এসব সমস্যা চট্টগ্রামের বসবাসযোগ্যতা ও অর্থনৈতিক গতিশীলতার ওপর প্রভাব ফেলছে।
সফরকালে রাষ্ট্রদূত চট্টগ্রাম সিটি কর্পোরেশন (সিসিসি), চট্টগ্রাম ওয়াসা (সিডব্লিউএএসএ) এবং চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ)-এর প্রতিনিধিসহ সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তা, উন্নয়ন সহযোগী এবং বেসরকারি খাতের নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় করবেন।
রাষ্ট্রদূতের কর্মসূচিতে হালিশহর ল্যান্ডফিল, বিদ্যমান পয়ঃশোধনাগার এবং নির্বাচিত ড্রেনেজ ও খাল ব্যবস্থা পরিদর্শন অন্তর্ভুক্ত থাকবে। এসব পরিদর্শনের মাধ্যমে সমন্বিত পানি ও বর্জ্য ব্যবস্থাপনার চ্যালেঞ্জ ও সম্ভাবনা সম্পর্কে সরাসরি ধারণা নেওয়া হবে।
এই সফরটি চট্টগ্রামের কঠিন বর্জ্য ও ড্রেনেজ ব্যবস্থাপনা এবং বর্জ্যপানি ব্যবস্থাপনায় সার্কুলার পদ্ধতির ওপর প্রি-ফিজিবিলিটি স্টাডিতে দূতাবাসের চলমান সহায়তার ধারাবাহিকতা। ডাচ-বাংলাদেশি যৌথ উদ্যোগে পরিচালিত এসব কার্যক্রমের মাধ্যমে দীর্ঘমেয়াদি টেকসই নগর উন্নয়নে সহায়ক পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ (পিপিপি) প্রকল্পে বিদেশি বিনিয়োগ আকর্ষণের লক্ষ্যও রয়েছে।
সন্ধ্যায় রাষ্ট্রদূতের সম্মানে একটি উচ্চপর্যায়ের নেটওয়ার্কিং ডিনারের আয়োজন করা হবে। এতে সরকার, ব্যবসায়ী, সিভিল সোসাইটি এবং উন্নয়ন সংস্থার প্রতিনিধিরা অংশ নেবেন। এ আয়োজনের মাধ্যমে সংলাপ জোরদার, সহযোগিতা বৃদ্ধি এবং নগর অবকাঠামো ও সার্কুলার অর্থনীতিতে ডাচ-বাংলাদেশ অংশীদারিত্বের নতুন সম্ভাবনা অনুসন্ধান করা হবে।
পানি ব্যবস্থাপনা ও জলবায়ু অভিযোজন ক্ষেত্রে বৈশ্বিকভাবে স্বীকৃত নেদারল্যান্ডস বাংলাদেশের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করে স্থানীয় প্রয়োজন অনুযায়ী বাস্তবসম্মত ও বিস্তৃত সমাধান উন্নয়নে প্রতিশ্রুতিবদ্ধ।

