জানুয়ারিতেও এলো ৩ বিলিয়নের বেশি রেমিট্যান্স
চলতি বছরের (২০২৬) প্রথম মাস জানুয়ারিতে দেশে রেমিট্যান্স বা প্রবাসী আয় এসেছে ৩ দশমিক ১৭ বিলিয়ন ডলার (৩১৭ কোটি ডলার), যা গত বছরের একই সময়ের তুলনায় ৪৫ দশমিক ৪১ শতাংশ বেশি। বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, বৈধ ব্যাংকিং চ্যানেলে প্রবাসী আয় প্রবাহ বাড়ায় এই ইতিবাচক প্রবৃদ্ধি অর্জিত হয়েছে।
আজ রবিবার বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান এ তথ্য জানান। তিনি বলেন, ২০২৫ সালের জানুয়ারিতে প্রবাসীরা দেশে পাঠিয়েছিলেন ২১৮ কোটি ডলার, যা এবার উল্লেখযোগ্য হারে বেড়েছে।
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, এর আগে দেশে সর্বোচ্চ রেমিট্যান্স এসেছিল ২০২৫ সালের মার্চ মাসে—৩২৯ কোটি ডলার। একই বছরের ডিসেম্বরে দ্বিতীয় সর্বোচ্চ ৩২২ কোটি ডলার আয় পাঠান প্রবাসীরা।
চলতি ২০২৫-২৬ অর্থবছরে মাসভিত্তিক রেমিট্যান্স প্রবাহের চিত্রও ঊর্ধ্বমুখী। জুলাই মাসে এসেছে ২৪৭ কোটি ৭৮ লাখ ডলার, আগস্টে ২৪২ কোটি ১৯ লাখ ডলার, সেপ্টেম্বরে ২৬৮ কোটি ৫৮ লাখ ডলার, অক্টোবরে ২৫৬ কোটি ৩৫ লাখ ডলার এবং নভেম্বরে ২৮৮ কোটি ৯৫ লাখ ডলার।
বাংলাদেশ ব্যাংক সূত্র জানায়, ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্রজনতার অভ্যুত্থানের মুখে আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকেই প্রবাসী আয়ের প্রবৃদ্ধির ধারা অব্যাহত রয়েছে।
ব্যাংক খাতের সংশ্লিষ্টরা বলছেন, অর্থপাচার কমে যাওয়ায় অবৈধ হুন্ডি ব্যবসাও অনেকাংশে নিয়ন্ত্রণে এসেছে। ফলে প্রবাসীরা বৈধ ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে দেশে বেশি করে অর্থ পাঠাচ্ছেন, যা রেমিট্যান্স বৃদ্ধির অন্যতম কারণ হিসেবে বিবেচিত হচ্ছে।

