এপ্রিলের প্রথম আট দিনে রেমিট্যান্স এলো ১১ হাজার ৮৯৫ কোটি টাকা
চলতি বছরের এপ্রিল মাসের প্রথম আট দিনে দেশে প্রবাসী আয় বা রেমিট্যান্স প্রবাহে উল্লেখযোগ্য বৃদ্ধি দেখা গেছে। বাংলাদেশ ব্যাংক এর তথ্য অনুযায়ী, এ সময় প্রবাসীরা দেশে পাঠিয়েছেন প্রায় ৯৭ দশমিক ৫ কোটি ডলার, যা গত বছরের একই সময়ের ৭৭ দশমিক ৫ কোটি ডলারের তুলনায় অনেক বেশি।
বাংলাদেশি মুদ্রায় (প্রতি ডলার ১২২ টাকা হিসেবে) এই অর্থের পরিমাণ দাঁড়ায় প্রায় ১১ হাজার ৮৯৫ কোটি টাকা। এর মধ্যে শুধু গত বুধবারই দেশে এসেছে ১ হাজার ৮৫৪ কোটি ৪০ লাখ টাকার রেমিট্যান্স।
এক বছরের ব্যবধানে রেমিট্যান্স প্রবাহে প্রায় ২৬ শতাংশ প্রবৃদ্ধি হয়েছে বলে জানিয়েছেন আরিফ হোসেন খান।
অন্যদিকে, চলতি অর্থবছরের শুরু থেকে এখন পর্যন্ত মোট রেমিট্যান্স এসেছে ২ হাজার ৭১৮ কোটি ডলার। গত অর্থবছরের একই সময়ে এই অঙ্ক ছিল ২ হাজার ২৫৬ কোটি ডলার। অর্থাৎ, বছরওয়ারি প্রবৃদ্ধি দাঁড়িয়েছে প্রায় ২০ দশমিক ৫ শতাংশ।
অর্থনীতিবিদরা বলছেন, প্রবাসী আয়ের এই ধারাবাহিক ঊর্ধ্বগতি দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভকে শক্তিশালী করছে এবং ডলারের চাহিদা-সরবরাহের ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এই প্রবণতা অব্যাহত থাকলে চলতি অর্থবছরেই রেমিট্যান্স প্রবাহ নতুন রেকর্ড গড়তে পারে, যা সামগ্রিক অর্থনীতির স্থিতিশীলতায় ইতিবাচক প্রভাব ফেলবে।

