Logo
Logo
×

বিনোদন

নায়ক জাভেদ মারা গেছেন

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২১ জানুয়ারি ২০২৬, ০১:৩৯ পিএম

নায়ক জাভেদ মারা গেছেন

চিত্রনায়ক জাভেদ। ছবি: সংগৃহীত

বাংলা সিনেমার সোনালী যুগের জনপ্রিয় অভিনেতা ইলিয়াস জাভেদ মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ বুধবার (২১ জানুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে ঢাকার উত্তরার একটি হাসপাতালে মারা যান তিনি। বিষয়টি নিশ্চিত করেছেন তার স্ত্রী চিত্রনায়িকা ডলি চৌধুরী।

সংবাদমাধ্যমকে ডলি চৌধুরী বলেন, আজ সকালে উনার শারীরিক অবস্থার মারাত্মক অবনতি হয়। এমনিতে তো তাকে হাসপাতালে রেখে চিকিৎসাসেবা দেওয়া হচ্ছিল। একটা সময় বাসায় রেখে তার চিকিৎসাসেবা চালিয়ে নেওয়া হয়। হাসপাতাল থেকে চিকিৎসক ও দু’জন নার্স এসে বেশ কিছুদিন ধরে তার চিকিৎসাসেবা দিচ্ছিলেন। আজ সকালে দুজন নার্স এসে জানান, তার সারা শরীর ঠান্ডা। এরপর অ্যাম্বুলেন্স ডেকে হাসপাতালে নেওয়া হয়, যেখানে দীর্ঘদিন ধরে তার চিকিৎসাসেবা দেওয়া হচ্ছিল। হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

১৯৬৪ সালে উর্দু ভাষার সিনেমা ‘নয়ি জিন্দেগি’ দিয়ে চলচ্চিত্রে নায়ক হিসেবে অভিষেক হয় ইলিয়াস জাভেদের। তবে ১৯৬৬ সালে মুক্তিপ্রাপ্ত ‘পায়েল’ সিনেমার মাধ্যমে তিনি দর্শকদের কাছে ব্যাপক জনপ্রিয়তা লাভ করেন। ওই সিনেমায় তার বিপরীতে অভিনয় করেছিলেন জনপ্রিয় অভিনেত্রী শাবানা। এরপর টানা কয়েকটি  চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে নিজেকে সফল নায়ক হিসেবে প্রতিষ্ঠিত করেন তিনি।

অভিনয়ের পাশাপাশি ইলিয়াস জাভেদ ছিলেন একজন দক্ষ নৃত্য পরিচালকও। তার প্রকৃত নাম রাজা মোহাম্মদ ইলিয়াস। নৃত্য পরিচালনার মধ্য দিয়েই চলচ্চিত্র জগতে যাত্রা শুরু হলেও পরবর্তীতে নায়ক হিসেবে শতাধিক সিনেমায় প্রধান চরিত্রে অভিনয় করেন। 

১৯৪৪ সালে ব্রিটিশ ভারতের পেশোয়ারে জন্মগ্রহণ করেন জাভেদ। পরবর্তীতে পরিবারসহ পাঞ্জাবে বসবাস শুরু করেন। তিনি ১৯৮৪ সালে চিত্রনায়িকা ডলি চৌধুরীকে বিয়ে করেন। 

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন