সুনির্দিষ্ট জঙ্গি হামলার আশঙ্কায় ঢাকার মার্কিন দূতাবাস ঘিরে কঠোর নিরাপত্তা; সোয়াট মোতায়েন
ফাইল ছবি
জঙ্গি হামলার সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে ঢাকার মার্কিন দূতাবাস ও তার আশেপাশে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। দূতাবাসের অনুরোধে সোমবার (১৩ অক্টোবর) দিবাগত রাত থেকে বারিধারার কূটনৈতিক পাড়ায় অবস্থিত দূতাবাসে পুলিশের বিশেষায়িত দল সোয়াট (SWAT) মোতায়েন করা হয়েছে, যারা যেকোনো সন্ত্রাসী কার্যক্রম মোকাবেলায় বিশেষভাবে প্রশিক্ষিত।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) একজন ঊর্ধ্বতন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে সোয়াট মোতায়েনের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বাংলা আউটলুককে বলেন, "নিরাপত্তা হুমকির বিষয়ে আমাদের বিস্তারিত জানানো হয়নি। তবে দূতাবাসের অনুরোধে সোয়াট দল এখনো সেখানে অবস্থান করছে।"
রাত সাড়ে ৯টার দিকে সোয়াট মোতায়েন করা হয় বলে পুলিশের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানিয়েছেন।
পুলিশের একটি গোয়েন্দা সূত্র নিশ্চিত করেছে, সম্ভাব্য হামলাকারী হিসেবে সন্দেহভাজন তিন ব্যক্তির ছবি তাদের হাতে এসেছে। এই তথ্যের ভিত্তিতেই পুলিশের বিশেষ শাখা (স্পেশাল ব্রাঞ্চ) থেকে ডিএমপি কমিশনারকে একটি গোপন চিঠির মাধ্যমে নিরাপত্তা বাড়ানোর জন্য জরুরি ব্যবস্থা নিতে বলা হয়।
বাংলা আউটলুকের হাতে আসা ওই চিঠিতে দেখা যায়, হামলার ঝুঁকির বিষয়ে সতর্ক করা হয়েছে। একই সঙ্গে সন্দেহভাজনদের শনাক্ত ও গ্রেপ্তার করাসহ দূতাবাসের নিরাপত্তা জোরদার করতে জরুরি ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানানো হয়েছে।
এ বিষয়ে জানতে চাইলে কূটনৈতিক নিরাপত্তা বিভাগের উপ-কমিশনার নূরে আলম তাৎক্ষণিক কোনো মন্তব্য করতে রাজি হননি। তিনি জানিয়েছেন, পরবর্তী সময়ে এ নিয়ে কথা বলবেন।
অন্যদিকে, নিরাপত্তা হুমকি এবং সোয়াট মোতায়েনের বিষয়ে মার্কিন দূতাবাসের পক্ষ থেকেও তাৎক্ষণিকভাবে কোনো বক্তব্য পাওয়া যায়নি।
