বিচারকদের নিরাপত্তা নিশ্চিত না হলে কলম বিরতির হুঁশিয়ারি
রাজশাহীতে বিচারকের ছেলেকে নৃশংসভাবে হত্যার ঘটনার পর দেশের বিচারক সমাজ ক্ষোভে ফেটে পড়েছে। শুক্রবার এক বিবৃতিতে বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশন বিচারকদের নিরাপত্তা নিশ্চিতে অবিলম্বে দুটি দাবির কথা জানিয়েছে।
বিবৃতিতে বলা হয়, দেশের সব আদালত, বিচারকদের বাসস্থান এবং যাতায়াতের সময় যেন যথেষ্ট নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়। একই সঙ্গে রাজশাহীর ঘটনায় সংশ্লিষ্ট পুলিশ সদস্যদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করতে হবে—যারা দায়িত্বে অবহেলা করেছেন এবং গ্রেপ্তার আসামিকে মিডিয়ার সামনে তুলে ধরে অপেশাদার আচরণ করেছেন।
এই দুই দফা দাবি আগামী ৪৮ ঘণ্টার মধ্যে বাস্তবায়ন না হলে রোববার থেকে সারাদেশের বিচারকেরা কলম বিরতি শুরু করবেন বলে হুঁশিয়ারি দিয়েছে অ্যাসোসিয়েশন।
অ্যাসোসিয়েশনের সভাপতি মো. আমিরুল ইসলাম এবং মহাসচিব মুহাম্মদ মাজহারুল ইসলামের স্বাক্ষরে দেওয়া বিবৃতিতে রাজশাহীতে ছুরিকাঘাতে নিহত তাওসিফ রহমান সুমনের আত্মার মাগফিরাত কামনা করা হয় এবং আহত মা তাসমিন নাহারের জন্য সুস্থতা কামনা করা হয়।
বিবৃতিতে বলা হয়, ‘দিবালোকে বিচারকের বাসভবনে এই বর্বর হত্যাকাণ্ডে পুরো বিচার বিভাগ স্তব্ধ। সারাদেশের বিচারক সমাজ গভীর ক্ষোভ ও শঙ্কায় আছে।’
তারা উল্লেখ করেন, সুপ্রিম কোর্ট থেকে বহুবার সরকারের কাছে বিচারকদের নিরাপত্তা নিশ্চিত করতে চিঠি পাঠানো হয়েছে। কিন্তু দৃশ্যমান কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। বিচারকেরা রাষ্ট্রের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করলেও পরিবারসহ তারা থাকেন একপ্রকার নিরাপত্তাহীনতার মধ্যেই।
বিশেষ করে চৌকি আদালতের বিচারকেরা সবচেয়ে অবহেলিত। সরকারি আবাসন বা পরিবহনের ব্যবস্থা না থাকায় অনেককে ভাড়া বাসায় থাকতে হয় এবং যাতায়াতে রিকশা বা পায়ে হেঁটে চলাফেরা করতে হয়।
বিবৃতিতে আরও বলা হয়, ‘রাষ্ট্রের এই উদাসীনতা ও গাফিলতির ফলেই আজ এই মর্মান্তিক ঘটনা ঘটেছে। বিচারকদের নিরাপত্তা নিশ্চিত না করে রাষ্ট্র এই রক্তের দায় এড়াতে পারে না।’
রাজশাহীতে বৃহস্পতিবার দিবাগত রাতে মহানগর দায়রা জজ আব্দুর রহমানের বাসায় ঢুকে এক ব্যক্তি তার ছেলে তাওসিফ রহমান সুমনকে ছুরিকাঘাতে হত্যা করে। হামলায় বিচারকের স্ত্রী এবং হামলাকারীও আহত হন।
পরদিন ঘটনাস্থল পরিদর্শন করে আরএমপির কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান বলেন, ‘হামলাকারীর পকেটে একটি ড্রাইভিং লাইসেন্স পাওয়া গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিনি চালক ছিলেন এবং পূর্ব কোনো বিরোধ থেকেই হামলা চালাতে পারেন।’

