খুলনায় আদালত প্রাঙ্গণে প্রকাশ্যে দুইজনকে গুলি ও কুপিয়ে হত্যা
খুলনায় জেলা ও দায়রা জজ আদালত এলাকায় প্রকাশ্যে গুলি চালিয়ে ও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে দুইজনকে হত্যা করেছে দুর্বৃত্তরা।
আজ রোববার দুপুর সাড়ে ১২টার দিকে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সামনের সড়কে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, রূপসা উপজেলার বাগমারা এলাকার রাজন ও হাসিব নামের দুই যুবক খুলনার মহানগর ও দায়রা জজ আদালতে একটি অস্ত্র মামলায় হাজিরা দিতে এসেছিলেন।
শুনানি শেষে তারা মোটরসাইকেলে করে বের হচ্ছিলেন। ঠিক তখনই কয়েকজন দুর্বৃত্ত অতর্কিতে তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে ও ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যায়।
তাদের দ্রুত খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একাধিক ইউনিট, গোয়েন্দা সংস্থার সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে তদন্ত শুরু করেছেন।
আদালত চত্বরে প্রকাশ্যে এমন নৃশংস ঘটনায় চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে। আইনজীবীরা এই ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন এবং দ্রুত তদন্ত ও দোষীদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন।

