Logo
Logo
×

সংবাদ

সাজিদকে উদ্ধারে অভিযান অব্যাহত, ৩৫ ফুট গভীরেও মেলেনি খোঁজ

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১১ ডিসেম্বর ২০২৫, ১০:৫২ এএম

সাজিদকে উদ্ধারে অভিযান অব্যাহত, ৩৫ ফুট গভীরেও মেলেনি খোঁজ

রাজশাহীর তানোরে গভীর গর্তে পড়ে যাওয়া শিশুটিকে উদ্ধারে এখনো অভিযান চালিয়ে যাচ্ছে ফায়ার সার্ভিস। গতকাল বুধবার রাতভর চেষ্টা চলেছে।

ঘটনার পর থেকে প্রায় ১৬ ঘণ্টা কেটে গেলেও শিশুটিকে উদ্ধার করা সম্ভব হয়নি। আজ বৃহস্পতিবারও অভিযান অব্যাহত রয়েছে।

ফায়ার সার্ভিস জানিয়েছে, মূল গর্তের পাশ দিয়ে মাটি কেটে শিশুটির অবস্থান শনাক্তের চেষ্টা চলছে। ৩৫ ফুট গভীরে গিয়েও শিশুটির সন্ধান মেলেনি।

তানোর থানার ওসি শাহীনুজ্জামান বৃহস্পতিবার সকালে বলেন, ‘উদ্ধার অভিযান এখনো চলছে, মাটি খননের কাজও অব্যাহত রয়েছে।’

গতকাল বুধবার দুপুর একটার দিকে তানোর উপজেলার কোয়েল হাট পূর্বপাড়া গ্রামে এই দুর্ঘটনা ঘটে। দুই বছর বয়সী সাজিদ গর্তে পড়ে যায়। সে একই গ্রামের রাকিবের ছেলে।

স্থানীয়রা জানান, ভূগর্ভস্থ পানির স্তর অনেক নিচে নেমে যাওয়ায় এলাকায় গভীর নলকূপ বসানো নিষিদ্ধ। এ অবস্থায় কছির উদ্দিন নামের এক ব্যক্তি পরীক্ষামূলকভাবে নিজের জমিতে একটি গর্ত খনন করেন। পরে সেটি ভরাট করলেও বর্ষায় মাটি দেবে গিয়ে আবার গর্ত তৈরি হয়। শিশুটি সেই গর্তেই পড়ে যায়।

গতকাল বিকেল সাড়ে পাঁচটার দিকে ফায়ার সার্ভিস এক্সকাভেটর দিয়ে উদ্ধার অভিযান শুরু করে। রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জ থেকে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট, পুলিশ ও সেনাবাহিনী অভিযানে অংশ নেয়। 

রাত ১০টার দিকে ছোট এক্সকাভেটরে কাজ সম্ভব না হওয়ায়, রাজশাহী সিটি করপোরেশন থেকে আনা হয় বড় এক্সকাভেটর। রাতভর চলে খনন।

আজ সকাল আটটার দিকে প্রায় ৩৫ ফুট গভীরে পৌঁছেও শিশুটিকে খুঁজে পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে, সে আরও নিচে নেমে গেছে।


Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন