Logo
Logo
×

সংবাদ

বাংলাদেশকে উন্নত দেশের কাতারে নিতে জনগণকে পাশে থাকার আহ্বান প্রধানমন্ত্রীর

Icon

প্রকাশ: ০২ মে ২০২৬, ০৫:৪৩ পিএম

বাংলাদেশকে উন্নত দেশের কাতারে নিতে জনগণকে পাশে থাকার আহ্বান প্রধানমন্ত্রীর

জনগণের স্বার্থ রক্ষা ও তাদের সমস্যার সমাধান করাই সরকারের প্রধান দায়িত্ব উল্লেখ করে প্রধানমন্ত্রী তারেক রহমান দেশ গড়ার কর্মসূচিতে দেশের সব শ্রেণি-পেশার মানুষকে সরকারের পাশে থাকার আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, আসুন, কাজ করে নিজের দেশকে নিজেরাই গড়ে তুলি। বিদেশ নিয়ে নয়, আমরা বাংলাদেশ নিয়ে গর্ব করব।

শনিবার (২ মে) দুপুরে সিলেট সদর উপজেলার কাশিপুরের ঐতিহ্যবাহী বাঁশিয়া খালের পুনঃখনন কাজের উদ্বোধন শেষে আয়োজিত সমাবেশে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, এই সরকারের (বিএনপি) এক নম্বর দায়িত্ব হচ্ছে, এই দেশের মানুষের স্বার্থ দেখা; এই দেশের মানুষের সমস্যার সামাধান করা। আপনারা যদি আমাদের পাশে থাকেন, বাংলাদেশকে আমরা সামনের দিকে এগিয়ে নিয়ে যাব। অন্যান্য উন্নত দেশের পাশাপাশি আমরা বাংলাদেশকে দাঁড় করাতে সক্ষম হব ইনশাআল্লাহ।

নিজের ‘করব কাজ গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ’ স্লোগান দিয়ে তিনি বলেন, আসুন, কাজ করে নিজের দেশকে নিজেরাই গড়ে তুলি। বিদেশ নিয়ে নয়, আমরা বাংলাদেশ নিয়ে গর্ব করব।

এর আগে, দুপুর ১টা ২০ মিনিটের দিকে নিজে কোদাল দিয়ে মাটি কেটে খালের পুনঃখনন কাজের উদ্বোধন করেন তিনি।

উদ্বোধন শেষে উপস্থিত এলাকাবাসীর উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, এই খালটি ১৯৭৭ সালে শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান খনন করেছিলেন। এরপর চলতে চলতে খালটি আবার বন্ধ হয়ে গেছে। এই খালটি আমরা কাটতে চাই।

তিনি বলেন, খালটি কাটলে প্রায় ৮০ হাজার কৃষক সরাসরি উপকৃত হবেন। এর বাইরে আরও প্রায় দেড় লাখ কৃষক উপকার পাবেন। এতে করে বর্তমানে খালের দুপাশে যে পরিমাণ ফসল উৎপাদন হয়, তার চেয়ে প্রায় ৭ হাজার টন ফসল বেশি উৎপাদিত হবে।

শুধু এই বাঁশিয়া খালই নয়, সারা বাংলাদেশে এমন অনেক খাল আমরা খনন করব। কারণ খালগুলো খনন হলে কৃষক ভাইদেরই সুবিধা হবে বলে মন্তব্য করেন তিনি।

বর্তমান সরকারকে ‘কৃষকবান্ধব সরকার’ উল্লেখ করে তারেক রহমান বলেন, নির্বাচনের আগে আমি আপনাদের প্রতিশ্রুতি দিয়েছিলাম, বিএনপি সরকার গঠন করতে পারলে আমরা কৃষক ভাইদের কৃষিকার্ড প্রদান করব। আপনারা নিশ্চয় দেখেছেন, আমরা সেই কাজ ইতোমধ্যে শুরু করেছি।

তিনি বলেন, কৃষিকার্ডের মাধ্যমে আমরা কৃষকদের ঋণ, সার, বীজ ও কীটনাশকসহ বিভিন্ন সুবিধা সরাসরি দিতে পারব। আর সবচেয়ে বড় সুবিধা হচ্ছে, এই কার্ডের মাধ্যমে আমরা কৃষকদের বছরে আড়াই হাজার টাকা করে দেব, যা দিয়ে তারা নিজেরা কীটনাশক, বীজ ইত্যাদি সরাসরি কিনতে পারবেন।

নির্বাচনি প্রতিশ্রুতি অনুযায়ী কৃষকদের সর্বোচ্চ ১০ হাজার টাকা পর্যন্ত ঋণ মওকুফ করা হয়েছে জানিয়ে তিনি আরও বলেন, ১২ লাখ কৃষকের কৃষিঋণ আমরা সুদসহ মওকুফ করে দিয়েছি। আমরা চাই, এ দেশের কৃষক ভাইয়েরা ভালো থাকুক, গ্রামের মানুষ ভালো থাকুক। দেশের বেশিরভাগ মানুষ গ্রামে বাস করে। তাই দেশের অধিকাংশ জনগোষ্ঠী যাতে ভালো থাকতে পারে, সেটিই আমাদের লক্ষ্য।

প্রধানমন্ত্রী বলেন, বাঁশিয়া খাল পুনঃখননেন মাধ্যমে (সিলেটে) আমরা খাল খননের কাজ শুরু করলাম। দেশের প্রায় ৬০টির মতো জেলায় এরই মধ্যে খাল খনন শুরু হয়েছে।

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন