রাতে বাড়ছে মেট্রোরেলের সময়, কমছে ট্রেনের ব্যবধান
রাজধানী ঢাকাতে মেট্রোরেলের চলাচলের সময় আরও বাড়ানোর উদ্যোগ নিয়েছে ঢাকা মাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)। বিশেষ করে রাতে ৪০ থেকে ৫০ মিনিট অতিরিক্ত সময় মেট্রোরেল চালানোর পরিকল্পনা নেওয়া হয়েছে। এ লক্ষ্যে কারিগরি পরীক্ষা-নিরীক্ষা চালানো হচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
পরীক্ষামূলক কার্যক্রম শেষ হলে আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হবে। পরিকল্পনা অনুযায়ী, চলতি মে মাসের শেষ দিকে অথবা ঈদুল আজহার পর নতুন সময়সূচি কার্যকর হতে পারে।
নতুন সূচি অনুযায়ী মতিঝিল থেকে উত্তরাগামী শেষ ট্রেন রাত ১১টা পর্যন্ত চলতে পারে, যা বর্তমানে রাত ১০টা ১০ মিনিটে ছেড়ে যায়। অন্যদিকে উত্তরা থেকে মতিঝিলগামী শেষ ট্রেন রাত ১০টা ১০ মিনিটে ছাড়ার পরিকল্পনা রয়েছে, যা এখন ছাড়ে রাত সাড়ে ৯টায়।
এ ছাড়া পিক আওয়ারে দুই ট্রেনের মধ্যবর্তী সময় কমিয়ে সাড়ে ৪ মিনিট করার পরিকল্পনা রয়েছে, যা বর্তমানে ৫ মিনিট। এতে যাত্রীদের অপেক্ষার সময় কমবে এবং সেবা আরও দ্রুত হবে বলে আশা করা হচ্ছে।
বর্তমানে প্রতিদিন প্রায় ২৯৭ ট্রিপে মেট্রোরেল চলাচল করছে এবং গড়ে সোয়া চার লাখ যাত্রী এ সেবা ব্যবহার করছেন। সময় বৃদ্ধি পেলে ট্রিপের সংখ্যাও বাড়বে।
ডিএমটিসিএল কর্মকর্তারা জানান, রাতে যাত্রীচাপ বিবেচনায় এই সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। বিশেষ করে যারা দেরিতে অফিস শেষ করেন, তাদের জন্য এটি বড় স্বস্তি এনে দেবে।
উল্লেখ্য, ঢাকায় ২০২২ সালের ২৮ ডিসেম্বর মেট্রোরেলের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। শুরুতে উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত চলাচল করলেও পরবর্তীতে মতিঝিল পর্যন্ত সম্প্রসারণ করা হয়।

