Logo
Logo
×

সংবাদ

এপ্রিলে সড়কে ঝরেছে ৪০৪ প্রাণ, আহত ৭০৯

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৬ মে ২০২৬, ০৩:৪৯ পিএম

এপ্রিলে সড়কে ঝরেছে ৪০৪ প্রাণ, আহত ৭০৯

দেশে গত এপ্রিল মাসজুড়ে ৪৬৩টি সড়ক দুর্ঘটনায় ৪০৪ জন নিহত এবং ৭০৯ জন আহত হয়েছেন। নিহতদের মধ্যে ৫৩ জন নারী ও ৪৮ জন শিশু রয়েছে।

আজ বুধবার (৬ মে) রোড সেফটি ফাউন্ডেশনের প্রকাশিত মাসিক সড়ক দুর্ঘটনা প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। ৯টি জাতীয় দৈনিক, ১৭টি অনলাইন নিউজ পোর্টাল ও বিভিন্ন ইলেকট্রনিক মিডিয়ার তথ্যের ভিত্তিতে প্রতিবেদনটি তৈরি করা হয়েছে।

প্রতিবেদনে দেখা যায়, এককভাবে মোটরসাইকেল দুর্ঘটনাই সবচেয়ে বেশি প্রাণ কেড়েছে। ১৪২টি মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত হয়েছেন ১১৩ জন, যা মোট নিহতের ২৭ দশমিক ৯৭ শতাংশ।

দুর্ঘটনায় ১০২ জন পথচারী নিহত হয়েছেন, যা মোট মৃত্যুর ২৫ দশমিক ২৪ শতাংশ। এছাড়া যানবাহনের চালক ও সহকারী নিহত হয়েছেন ৪৬ জন।

বিভাগভিত্তিক পরিসংখ্যানে ঢাকা বিভাগে সবচেয়ে বেশি দুর্ঘটনা ও প্রাণহানি ঘটেছে। এ বিভাগে ১০৯টি দুর্ঘটনায় ১০২ জন নিহত হয়েছেন। বিপরীতে সিলেট বিভাগে সবচেয়ে কম ১২টি দুর্ঘটনায় ১২ জনের মৃত্যু হয়েছে। রাজধানী ঢাকায় ৩৬টি দুর্ঘটনায় ২৪ জন নিহত ও ৬৭ জন আহত হয়েছেন।

সড়কের ধরন বিশ্লেষণে দেখা গেছে, ৪১ দশমিক ৬৮ শতাংশ দুর্ঘটনা আঞ্চলিক সড়কে এবং ৩৬ দশমিক ২৮ শতাংশ জাতীয় মহাসড়কে ঘটেছে। দুর্ঘটনার বড় একটি অংশ (৪১ দশমিক ৯০ শতাংশ) ঘটেছে চালক নিয়ন্ত্রণ হারানোর কারণে।

নিহতদের মধ্যে বিভিন্ন পেশার মানুষ রয়েছেন। এর মধ্যে ৪৯ জন শিক্ষার্থী, ১৯ জন রাজনৈতিক নেতা-কর্মী, ১৭ জন বিক্রয় প্রতিনিধি, ১৪ জন এনজিও কর্মী এবং ১২ জন ধানকাটা শ্রমিক রয়েছেন। এছাড়া চিকিৎসক, প্রকৌশলী, সাংবাদিক ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও প্রাণ হারিয়েছেন।

সড়কের পাশাপাশি গত মাসে ৩৪টি রেল দুর্ঘটনায় ২৬ জন এবং ৭টি নৌ-দুর্ঘটনায় ৪ জন নিহত হয়েছেন।

দুর্ঘটনার প্রধান কারণ হিসেবে ত্রুটিপূর্ণ যানবাহন, বেপরোয়া গতি, চালকদের অদক্ষতা ও শারীরিক অসুস্থতা এবং দুর্বল ট্রাফিক ব্যবস্থাপনাকে দায়ী করেছে রোড সেফটি ফাউন্ডেশন।

পরিস্থিতি নিয়ন্ত্রণে সংস্থাটি ১২ দফা সুপারিশ করেছে। এর মধ্যে রয়েছে—জাতীয় সড়ক নিরাপত্তা কাউন্সিল (এনআরএসসি) পুনর্গঠন, বিআরটিএ’র কার্যক্রমে স্বচ্ছতা নিশ্চিত করা, আধুনিক প্রযুক্তির ব্যবহার বাধ্যতামূলক করা, মহাসড়কে সার্ভিস রোড নির্মাণ এবং টেকসই পরিবহন কৌশলের আওতায় সমন্বিত যোগাযোগ মন্ত্রণালয় গঠন।

সংস্থাটির মতে, নিরাপদ সড়ক নিশ্চিত করতে সরকারের দৃঢ় রাজনৈতিক সদিচ্ছা অপরিহার্য।

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন