Logo
Logo
×

অভিমত

তারেক রহমান: স্বদেশ প্রত্যাবর্তন ও নতুন বাংলাদেশের রাষ্ট্রদর্শন

Icon

ফয়েজ বিন আকরাম

প্রকাশ: ২৬ ডিসেম্বর ২০২৫, ১২:৩২ এএম

তারেক রহমান: স্বদেশ প্রত্যাবর্তন ও নতুন বাংলাদেশের রাষ্ট্রদর্শন

সংবর্ধনা মঞ্চে তারেক রহমান। বিএনপির মিডিয়া সেলের ফেসবুক পেজ থেকে নেওয়া ছবি

রাজসিক প্রত্যাবর্তনের মাধ্যমে জনতার আবেগ, উচ্ছ্বাস আর ভালোবাসায় সিক্ত হয়ে দীর্ঘ ১৭ বছরের নির্বাসিত জীবনের নিরব অন্ধকার শেষে স্বদেশের ভূমিতে পা রাখলেন তারেক রহমান। ২৫ ডিসেম্বর বৃহস্পতিবার দুপুরে ঢাকার হজরত শাহজালাল বিমানবন্দরে নামার পর বিশেষ একটি বাসে রওনা হয়ে উচ্ছ্বসিত সমর্থকদের আগমনী সম্ভাষণ ও মুহুর্মুহু স্লোগানের মধ্য দিয়ে বিকালে পূর্বাচলে জুলাই ৩৬ এক্সপ্রেসওয়ে সড়কে স্থাপিত সংবর্ধনা মঞ্চে পৌঁছান তিনি। মঞ্চে তারেক রহমান তার ১৬ মিনিটের বক্তব্যে কেবল রাজনৈতিক পরিকল্পনার রূপরেখা উপস্থাপন করলেন না; তিনি উচ্চারণ করলেন এক কাব্যঘন অভিজ্ঞতা-সঞ্চিত রাষ্ট্রদর্শনের প্রস্তাবনা।  যেখানে অতীতের ত্যাগ, ক্ষতচিহ্ন, বর্তমানের সংকট এবং ভবিষ্যতের স্বপ্ন একত্রে বাংলাদেশের হৃদয়ে ঢেউ তোলে। প্রতিটি শব্দ যেন ইতিহাসের স্মৃতি, নৈতিক দায়বদ্ধতার প্রতিফলন এবং নতুন দিনের নাগরিক চেতনার আহ্বান—এক মঞ্চ, লাখো জনতার চোখের সামনে, একটি জাতিকে নিজের অস্তিত্ব ও সম্ভাবনার সঙ্গে পুনরায় সংযুক্ত করার প্রজ্ঞা। জনতার আত্মার সঙ্গে গড়ে তোলে নাগরিক সংলাপ। এ যেন এক মহাকাব্যিক যাত্রার কাব্যময় বিবৃতি। তার ভাষণের প্রতিটি অংশ তাই বিশ্লেষণের দাবি রাখে—ইতিহাস, দর্শন, নৈতিকতা ও ভবিষ্যৎ রাষ্ট্রকাঠামোর আলোকে।

বিশাল জনসমূদ্রের সামনে দাঁড়িয়ে আস্থায় অবিচল তারেক রহমান নিজের রাজনৈতিক দর্শন ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরতে গিয়ে ৬২ বছর আগে আমেরিকার বর্ণবৈষম্যবিরোধী আন্দোলনের নেতা মার্টিন লুথার কিংয়ের ঐতিহাসিক ভাষণটি স্মরণ করেন। ১৯৬৩ সালের ২৭ আগস্ট ওয়াশিংটনের লিঙ্কন মেমোরিয়ালে লাখো মানুষের সমাবেশে মার্টিন লুথার কিং বর্ণবৈষম্যমুক্ত যুক্তরাষ্ট্র দেখার স্বপ্নের কথা তুলে ধরে বলেছিলেন, ‘আই হ্যাভ আ ড্রিম।’ সাদা শার্ট পরিহিত তারেক রহমান ক্ষণিকের জন্য বাংলাদেশের মানুষের কাছে যেন ঠিক মার্টিন লুথার কিং হয়ে ওঠেন, তারপর দীপ্ত কণ্ঠে ঘোষণা করলেন— ‘আই হ্যাভ অ্যা প্ল্যান, ফর দ্য পিপল অব বাংলাদেশ অ্যান্ড ফর মাই কান্ট্রি’। বক্তৃতা শেষ করে আবার ফিরে গিয়ে মাইকে তারেক রহমান তাঁর বক্তব্য সংশোধন করে বলেন, ‘উই হ্যাভ অ্যা প্ল্যান’। এ যেন দার্শনিক ও কাব্যঘন রাজনৈতিক স্বপ্নের প্রকাশ। ‘আই হ্যাভ অ্যা প্ল্যান’ থেকে ‘ই হ্যাভ অ্যা প্ল্যান’—এই ক্ষুদ্র ভাষাগত পরিবর্তনটি গভীর অর্থ বহন করে। প্রথম বাক্যে ব্যক্তিগত দৃষ্টিকোণ প্রতিফলিত হলেও, সংশোধিত উচ্চারণে দেখা যায় সমষ্টিগত অংশগ্রহণের তাত্ত্বিক ভিত্তি। এটি রাষ্ট্রনেতার ব্যক্তিগত স্বপ্নকে জনগণের স্বপ্নের সঙ্গে একত্রিত করার একটি নৈতিক এবং কৌশলগত প্রচেষ্টা। একাডেমিক দৃষ্টিকোণ থেকে এটি Participatory Governance এবং Collective Agency-এর রাজনৈতিক তত্ত্বের সরাসরি প্রতিফলন। এই ক্ষুদ্র ভাষাগত রূপান্তরটিই আসলে নেতৃত্বের দৃষ্টিভঙ্গির একটি বৃহৎ তাত্ত্বিক পরিবর্তনের ইঙ্গিত। এখানে ব্যক্তি-নেতৃত্বের এককতা ভেঙে রাষ্ট্র নির্মাণকে পরিণত করা হয়েছে সমষ্টিগত সামাজিক চুক্তির (Collective Social Contract) প্রক্রিয়ায়। তাত্বিক দিক থেকে এটি দার্শনিক টমাস হোবস ও জন লকের ঐতিহ্য পেরিয়ে জাক রুশোর “General Will”-ভিত্তিক অংশগ্রহণমূলক রাষ্ট্রচিন্তার নিকটবর্তী একটি অবস্থান—যেখানে রাষ্ট্র নেতৃত্বের ব্যক্তিগত ইচ্ছার সম্প্রসারণ নয়, বরং জনগণের যৌথ আকাঙ্ক্ষার ফল।

এই ‘আই হ্যাভ’ থেকে ‘উই হ্যাভ’ বাক্য-সংশোধন তাই নিছক অলংকার নয়—এটি নেতৃত্বের নৈতিক বিনয় এবং গণতান্ত্রিক আত্মসমর্পণের এক অনন্য দৃষ্টান্ত।

মার্টিন লুথার কিং-এর উক্তি— ‘I have a dream’—কে স্থানীয় রাজনৈতিক বাস্তবতার সঙ্গে সংযুক্ত করে ইতিহাস ও রাজনৈতিক দর্শনকে চমৎকার এক কাব্যঘন রূপ দিয়েছেন তিনি। এটি শুধু অনুপ্রেরণামূলক বাক্য নয়; বরং একটি রূপকশিল্পময় রাজনৈতিক রূপক, যেখানে মুক্তি, ন্যায়, সমতার স্বপ্নকে বাংলাদেশের প্রেক্ষাপটে পুনঃব্যাখ্যা করা হয়েছে সুনিপুণভাবে।

তারেক রহমান জনতার প্রতি উদাত্ত আহ্বান রেখে স্পষ্ট শব্দচয়নে বললেন— ‘আপনারা পাশে থাকেন এবং সহযোগিতা করেন, এই প্ল্যান আমরা বাস্তবায়ন করতে সক্ষম হব’ সত্যিকারার্থে এটি কেবল রাজনৈতিক সমর্থনের অনুরোধ নয়। এটি সমষ্টিগত নৈতিক চুক্তি- যেখানে রাষ্ট্রনির্মাণ, উন্নয়ন এবং ভাগ্য পরিবর্তন সকল নাগরিকের যৌথ দায়বদ্ধতায় সম্পন্ন হবে। একাডেমিকভাবে বিষয়টি Collective Responsibility এবং Civic Engagement-এর নীতিকে ব্যক্ত করে।

সাহিত্যিক দৃষ্টিকোণ থেকে, তাঁর উচ্চারণের ধরণ কাব্যিক ছন্দের মতো, গদ্যরীতি শান্ত দিঘির জলের মতো স্বচ্চ এবং সাবলীল। জনসমুদ্রের সামনে দাঁড়িয়ে তার এই  পরিকল্পনার ঘোষণা  তাই একটি গণকবিতার আকার নেয়, যেখানে জনগণ এবং নেতা একত্রিত হয়ে দেশের মানচিত্রের ক্যানভাসে ভবিষ্যতের রূপরেখা আঁকার প্রতিশ্রুতি দেয়। শব্দের পুনরাবৃত্তি, ছোট কিন্তু শক্তিশালী সংশোধন, এবং ব্যক্তিগত স্বপ্ন থেকে সমষ্টিগত আহ্বান—সব মিলিয়ে এটি কেবল রাজনৈতিক ঘোষণাপত্র নয়; নতুন বাংলাদেশ বিনির্মাণের শক্ত গাঁথুনি।

বক্তৃতার শেষে তার একটি বাক্য— ‘আজ এই বাংলাদেশের মাটিতে দাঁড়িয়ে…’ এটি স্থানীয় এবং জাতীয় আবহের সঙ্গে ব্যক্তিগত দায়বদ্ধতার মিলন ঘটায়। এটি শুধু রাজনৈতিক বক্তৃতা নয়—একটি গভীর দার্শনিক রূপক, যেখানে ভাগ্য পরিবর্তন, উন্নয়ন, ন্যায় ও জনগণের অংশগ্রহণ একত্রিত হয়ে নতুন রাষ্ট্র নির্মাণের দিশা নির্দেশ করছে।

দীর্ঘদিন ধরে বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতি হামলা-মামলা, হিংসা-বিদ্বেষ, গুম-খুন, সংঘাত- উসকানিমূলক রাজনীতির মধ্যে আবর্তিত হয়েছে। কিন্তু তারেক রহমান এখানে নির্মোহভাবে প্রতিরোধের ভাষাকে দায়িত্বের ভাষা দিয়ে প্রতিস্থাপন করেন। এটি জার্মান সমাজবিজ্ঞানী ম্যাক্স ওয়েবারীয় রাজনীতির “Power Ethics”-এর বিপরীতে দাঁড় করায় “Ethics of Responsibility”- অর্থাৎ রাজনীতিকে উত্তেজনার উপাদান না বানিয়ে সামাজিক স্থিতির অভিভাবকত্বে রূপান্তর।

দীর্ঘ সতের বছর পর স্বদেশের মাটিতে পা রেখে আবেগাপ্লুত তারেক রহমানের বক্তব্যে যে কেন্দ্রীয় বার্তাটি প্রতিধ্বনিত হয়েছে, তা হলো ধৈর্য, শান্তি ও নৈতিক সংযমের উপর রাষ্ট্র ও সমাজ নির্মাণের ভিত্তি। এটি কেবল রাজনৈতিক কৌশল নয়; বরং এক গভীর নৈতিক ও দার্শনিক অবস্থান, যেখানে অস্থিরতা, মব ও উসকানির বিরুদ্ধে ধৈর্যশীল থাকা রাষ্ট্র ও সমাজকে স্থিতিশীল রাখার প্রাথমিক শর্ত হিসেবে চিহ্নিত করা হয়। একাডেমিক দৃষ্টিকোণ থেকে বিশ্লেষণ করলে, এটি “Political Restraint as Moral Imperative”-এর ধারণার প্রকাশ করে। আধিপত্যবাদী শক্তি ও ষড়যন্ত্রের মুখে নেতাকর্মীদের ধৈর্য ধরার আহ্বান শুধু রাজনৈতিক সংযম নয়—এটি জনগণকে নৈতিক ও দায়িত্বশীল রাজনৈতিক আচরণের দিকে আহ্বান জানাচ্ছে। জার্মান সমাজবিজ্ঞানী ম্যাক্স ওয়েবারের প্রশাসনিক নৈতিকতার তত্ত্বে বলা হয়, রাষ্ট্রীয় ও সামাজিক শক্তিকে নিয়ন্ত্রণে রাখা, তা ব্যবহারের আগে নৈতিক মূল্যবোধের মাধ্যমে রূপায়ণ করা—এখানেই ঠিক যেন তারেক রহমানের নির্দেশের প্রতিধ্বনি শোনা যায়।

ধৈর্য ধারণের এই আহ্বানকে অবলীলায় দেখা যায় একটি সংযমের কাব্য হিসেবে। ‘কোনো উসকানির মুখে শান্তিশৃঙ্খলা নষ্ট করা যাবে না’—তার এই বাক্যটি রাজনৈতিক উচ্চারণ হলেও কাব্যিক ব্যাঞ্জনায় মানুষকে সংযম ও সহমর্মিতার অনুভূতিতে আবদ্ধ করে। এখানে শান্তি কেবল বাহ্যিক অশান্তি থেকে মুক্তি নয়; এটি সামাজিক এবং মানসিক নিরাপত্তার একটি অভ্যন্তরীণ প্রতীক।

তরুণদের প্রতি বিশেষ নির্দেশ—‘এই দেশ গড়ার দায়িত্ব নিতে হবে’—এখানে একটি ভবিষ্যৎমুখী নাগরিক আদর্শ জন্মায়। তরুণ প্রজন্মকে ক্ষমতার নগ্ন খেলায় লিপ্ত না হয়ে, নৈতিক দায়িত্বের রূপকার হিসেবে সামনে এগিয়ে আসার আহবান জানানো হয়। এটি রাষ্ট্রবিজ্ঞান ও সমাজতত্ত্বের দৃষ্টিতে “Ethical Leadership Cultivation”—যেখানে নতুন প্রজন্মকে শক্তিশালী ও নৈতিক রাজনৈতিক চরিত্রের সঙ্গে সমান্তরালভাবে প্রস্তুত করা হয়।

ধর্ম, দল বা বর্ণ নির্বিশেষে শান্তিশৃঙ্খলা বজায় রাখার আহ্বান এবং ‘সব বয়সী ও ধর্মের মানুষ যাতে নিরাপদ থাকে, সে প্রতিজ্ঞা করতে হবে’- এই লাইনগুলি একদিকে সমাজতাত্ত্বিক অন্তর্ভুক্তি এবং বহুমাত্রিক নাগরিক নিরাপত্তা প্রতিফলিত করে; অন্যদিকে সাহিত্যিকভাবে এটি যেন এক সমষ্টিগত প্রতিজ্ঞার ছন্দবদ্ধ আলেখ্য। প্রতিটি শব্দই উপস্থিত মানুষের মধ্যে নীরব শপথ, নৈতিক দায়বদ্ধতা এবং রাষ্ট্র-গঠনের অংশীদারিত্বের অনুভূতি জাগ্রত করে।

কৃতজ্ঞতা প্রকাশের মাধ্যমে বক্তৃতা শুধুই আদেশমূলক নয়—এটি একটি মানবিক ও নৈতিক বন্ধন তৈরি করে। শান্তি, ধৈর্য এবং নৈতিক সংযমের এই সংমিশ্রণ, রাজনৈতিক বাস্তবতার সঙ্গে নৈতিকতার মেলবন্ধন ঘটিয়ে, বাংলাদেশকে একটি সুষ্ঠু, নিরাপদ ও অন্তর্ভুক্তিমূলক রাষ্ট্র হিসেবে গঠনের এক দৃশ্যপট এঁকেছে।

তারেক রহমান তার বক্তৃতায় ইতিহাসের ধারায় চলমান সংগ্রামকে একক কোনো ঘটনার স্মৃতির মধ্যে সীমাবদ্ধ না রেখে, একে মুক্তির দীর্ঘ ধারাবাহিকতার অংশ হিসেবে উপস্থাপন করেন। এখানে ১৯৭১-এর মুক্তিযুদ্ধ, ১৯৭৫-এর সিপাহি–জনতার বিপ্লব, নব্বইয়ের স্বৈরাচারবিরোধী আন্দোলন এবং ২০২৪ সালের ৫ আগস্টের ছাত্র-জনতার অভ্যুত্থান- সবগুলোই হয়ে ওঠে একই নৈতিক রক্তস্রোতের বিভিন্ন ঢেউ; একই সংগ্রামী চেতনার বহমান সময়রূপ। তাঁর বক্তব্যে ‘একাত্তর’ ও ‘চব্বিশ’ কেবল দুটি সাল নয়—এ দুটি পরিণত হয় আত্মমর্যাদা, সার্বভৌমত্ব ও গণতান্ত্রিক অধিকার পুনরুদ্ধারের যুগ্ম প্রতীকে। ইতিহাসকে তিনি টুকরো টুকরো সময় হিসেবে নয়, বরং একটানা ধারাবাহিক স্বাধীনতা-চেতনার বহতা নদী হিসেবে উপস্থাপন করেন।

তিনি যখন বলেন—মানুষ আবার কথা বলার অধিকার ও গণতন্ত্র চায়—তখন তা রাজনৈতিক দাবির শুষ্ক উচ্চারণ নয়; বরং অস্তিত্বগত এক আর্তনাদ, যা সময়ের পরতে পরতে জমে থাকা বঞ্চনার বিরুদ্ধে মানবমর্যাদার আবেদনকে স্মরণ করিয়ে দেয়। স্বাধীনতা এখানে শেষ হওয়া কোনো অর্জন নয়—বরং অব্যাহত দায়িত্ব, যা প্রতিটি প্রজন্মকে নিজেদের ঘাম, ত্যাগ ও প্রতিবাদের মাধ্যমে নতুন করে নিশ্চিত করতে হয়। ২০২৪ সালের ঘটনাকে তিনি ‘দ্বিতীয় স্বাধীনতা’ বলায় যে প্রতীকী অর্থ তৈরি হয়—তা হলো রাষ্ট্রের ভেতরে অন্যায় ও দমন-পীড়নের বিরুদ্ধে জনগণের নৈতিক বিদ্রোহ, যা মুক্তিযুদ্ধের চেতনার আধুনিক পুনর্নির্মাণ।

আধিপত্যবাদ বিরোধী লড়াইয়ে শহীদ শরিফ ওসমান হাদি এবং নিখোঁজ–গুম–খুনের শিকার অসংখ্য মানুষের প্রতি শ্রদ্ধা জ্ঞাপনের মাধ্যমে বক্তৃতাটি আরও গভীর মানবিকতা অর্জন করে। এখানে রক্ত শুধুই রাজনৈতিক শহিদীর স্মারক নয়—এ রক্ত পরিণত হয় ন্যায়বিচারের অসম্পূর্ণ দায়, ইতিহাসের ঋণ, যা ভবিষ্যৎ রাষ্ট্রকে ন্যায় ও জবাবদিহির পথে পুনর্গঠনের জন্য নিরন্তর স্মরণ করিয়ে দেয়। তাঁর আহ্বান—‘রক্তের ঋণ শোধ’—প্রতিশোধের ভাষা নয়, বরং ন্যায় প্রতিষ্ঠার ভাষা; এটি নৈতিক হিসাবের কাঠগড়ায় রাষ্ট্রকে দাঁড় করানোর আহ্বান।

তার এই সংক্ষিপ্ত ভাষণ তাই কেবল অতীত স্মরণের আবেগ নয়; বরং অতীতকে বর্তমানের সঙ্গে যুক্ত করে ভবিষ্যতের জন্য একটি নৈতিক সেতু নির্মাণ। একাত্তরের রক্ত, নব্বইয়ের জনতার হাঁক, এবং ২০২৪-এর ছাত্র-জনতার ঐক্যের অভিযাত্রা এক বিন্দুতে এসে মিলিত হয়। সেই বিন্দু হলো স্বাধীনতার গভীরতম অর্থ: মানুষের কথা বলার অধিকার, মর্যাদার অধিকার, গণতন্ত্রের অধিকার।

এখানে ইতিহাস আর ক্যালেন্ডারের পাতা নয়—এটি মানুষের শ্বাস-ফেলা সময়, যন্ত্রণা ও আশার সমবেত স্মৃতি। তারেক রহমান সেই স্মৃতিকে কাব্যের মতো কোমল, আবার ইতিহাসের মতো কঠিন করে পুনরুচ্চারণ করেন—যেন জাতির সম্মিলিত আত্মাকে আরও একবার স্মরণ করিয়ে দেওয়া যায়: স্বাধীনতা কেবল অর্জিত নয়, বরং সদা-লালিত এক চেতনা। এই বয়ান ইতিহাসতত্ত্বের দৃষ্টিতে “Narrative Integration of National Memory” যেখানে জাতির স্মৃতিকে সংঘাতময় অতীত নয়, বরং অভিন্ন সংগ্রামের উত্তরাধিকার হিসেবে নির্মাণ করা হয়।

তারেক রহমান তার নান্দনিক রূচিবোধ ও আভিজাত্যের সংমিশ্রণে দেয়া ভাষণের অতি গুরুত্বপূর্ণ অংশে- মহান আল্লাহর সাহায্য প্রার্থনা, ন্যায়পরায়ণ শাসনের অঙ্গীকার, মাতৃত্ব ও জনতার প্রতি দায়বোধের অসাধারণ বাক্যালাপে একটি রাজনৈতিক বক্তৃতার সীমা অতিক্রম করে নৈতিকতার গভীর বয়ানে পরিণত করেছেন। এখানে আধ্যাত্মিকতার আহ্বান কেবল ধর্মীয় আবেগের ব্যবহার নয়; বরং রাষ্ট্রচিন্তার পরিসরে মূল্যবোধের পুনঃপ্রতিষ্ঠার একটি প্রতীকী ভাষা। ইতিহাস, ধর্মতত্ত্ব ও রাজনৈতিক দর্শনের যে সংযোগরেখা তিনি এ বক্তব্যে অঙ্কন করেছেন—তা একদিকে ইসলামী ন্যায়বোধের ঐতিহ্যের সঙ্গে সঙ্গতিপূর্ণ, অন্যদিকে আধুনিক গণতান্ত্রিক মানবিক রাষ্ট্রচিন্তার সঙ্গে সংলাপরত।

মহানবী হযরত মুহাম্মদ (সা.)–এর ন্যায়পরায়ণতার অনুকরণে রাষ্ট্র পরিচালনার অঙ্গীকার—এ বক্তব্যের কেন্দ্রে এক ধরনের নৈতিক শাসনদর্শন। ইসলামী রাজনৈতিক ঐতিহ্যে ন্যায় (আদল) কেবল প্রশাসনিক নীতি নয়, এক গভীর নৈতিক দায়িত্ব—যেখানে শাসক নিজেকে ক্ষমতার মালিক নয়, বরং আমানতদার হিসেবে দেখেন। রাষ্ট্রযন্ত্রের উদ্দেশ্য ক্ষমতা সংরক্ষণ নয়, ন্যায় প্রতিষ্ঠা। তারেক রহমানের উচ্চারণ— ‘আপনি রহমত করলে আমরা জনগণের প্রত্যাশিত বাংলাদেশ গড়তে সক্ষম হব’—

এখানে রাজনৈতিক লক্ষ্যকে স্রষ্টামুখী বিনয়ের সঙ্গে যুক্ত করা হয়েছে। এই বিনয়, একাডেমিক ভাষায়, “Moral Accountability before the Divine and the People”—দ্বৈত জবাবদিহির ধারণাকে শক্তিশালী করে। এই আহ্বানে স্পষ্ট—তিনি উন্নয়ন, অর্থনীতি, পুনর্গঠন—এসব শব্দের ভেতরে নৈতিকতাকে মৌলিক ভিত্তিতে ফিরিয়ে আনতে চান। রাষ্ট্র কেবল অবকাঠামো, পরিসংখ্যান, প্রবৃদ্ধি নয়—রাষ্ট্র হল ন্যায়, করুণা, দায়িত্ব ও মানসিক শান্তির সমষ্টি—এ ধারণা তাঁর এই আলোচনায় অন্তর্নিহিত।

মাতৃত্ব, ত্যাগ ও রাজনৈতিক দায়বোধের মানবিক প্রতীক, হাসপাতালে অসুস্থ সাবেক প্রধানমন্ত্রী সর্বজন শ্রদ্ধেয় বেগম খালেদা জিয়ার প্রসঙ্গে তাঁর আবেগপূর্ণ উচ্চারণ- ‘সন্তান হিসেবে আমার মন মায়ের শয্যাপাশে পড়ে রয়েছে… কিন্তু আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানাতেই আমি আগে এখানে এসেছি’ এ অংশটি রাজনৈতিক বক্তব্যের মধ্যে এক গভীর মানবিক স্তর যোগ করে। এখানে ব্যক্তিগত দুঃখ ও জনতার প্রতি দায়বোধ পরস্পরকে অতিক্রম করছে। এ দৃশ্যকাব্যে মা কেবল একজন ব্যক্তি নয়—জাতির মানসিক স্মৃতি, ত্যাগ ও রাজনৈতিক সংগ্রামের প্রতীক। এই চিত্রকল্পটি রাজনৈতিক মনস্তত্ত্বে “Collective Emotional Bonding” এর একটি শক্তিশালী নির্মাণ। বক্তার ব্যক্তি-সত্তা এখানে জনতার প্রতি দায়িত্বে বিলীন, আবার মানবিক দুর্বলতায় কোমল—এই দ্বৈততা বক্তৃতাকে সাহিত্যিক গভীরতা দেয়।

দোয়ার আহ্বানে সমষ্টিগত আত্মসমর্পণ- ‘আসুন আমরা আল্লাহর কাছে হাত তুলে দোয়া করি’ এ আহ্বান কেবল ধর্মীয় আচরণ নয়; এটি সমষ্টিগত আত্মানুসন্ধান। রাজনৈতিক বক্তৃতার মঞ্চ হঠাৎ এক নীরব প্রার্থনার বিস্তারে বিস্তৃত হয়ে যায়। জনতা আর বক্তা আলাদা সত্তা থাকে না—তারা একসাথে একটি সমষ্টিগত আত্মপরিচয়ের অংশ হয়ে ওঠে। এই মুহূর্তে বক্তৃতা আর কেবল রাজনৈতিক ঘোষণাপত্র নয়; বরং এক ধরনের আধ্যাত্মিক যাত্রা—ভয়, ক্ষত, প্রত্যাশা, আকাঙ্ক্ষা—সব মিলিয়ে এক নতুন রাষ্ট্রচিন্তার দিকে সম্মিলিত অগ্রযাত্রা।

রাষ্ট্রচিন্তার এই অংশটি তাই রাজনৈতিকভাবে কৌশলগত হলেও, ভাষাগতভাবে কাব্যিক, আর দার্শনিকভাবে নৈতিকতার পুনঃপ্রতিষ্ঠার ঘোষণা। এখানে ক্ষমতার ভাষা অনুপস্থিত—উপস্থিত দায়িত্বের ভাষা, কৃতজ্ঞতার ভাষা, বিনয়ের ভাষা।

তারেক রহমানের বক্তব্য একটি রাজনৈতিক আহ্বান ঠিক যেমন, তেমনি এটি ন্যায়, ত্যাগ, মানবিকতা ও বিশ্বাসের সমান্তরাল সমাবেশ। এটি রাষ্ট্রের প্রতি দায়বদ্ধতার সঙ্গে আত্মিক বিনয়ের এক যৌথ চুক্তি—যেখানে রাজনীতি ক্ষমতার নয়, বরং নৈতিক পুনর্জাগরণের প্রকল্প হয়ে ওঠে।

তার বক্তৃতা নাগরিক নিরাপত্তা, অন্তর্ভুক্তি এবং সামাজিক ন্যায়বোধকে একত্রে বুনে একটি সমন্বিত রাষ্ট্রচিন্তার নকশা নির্মাণ করে। এখানে ‘নিরাপদ বাংলাদেশ’ শুধু অপরাধমুক্ত বা অস্থিরতাহীন ভূগোল নয়; বরং এটি এক ধরনের মানসিক ও সামাজিক নিশ্চয়তার প্রতিশ্রুতি—যেখানে একজন মায়ের সন্তানের নিরাপত্তা নিয়ে নিশ্চিন্ত হওয়া মানে গোটা রাষ্ট্রকাঠামোর প্রতি আস্থার পুনর্গঠন। নিরাপত্তা এখানে আইন-শৃঙ্খলার পরিসংখ্যান নয়, বরং মানবিক মর্যাদা ও সামাজিক সম্পর্কের নিরাপত্তা—একটি সুসংহত নৈতিক পরিবেশের নান্দনিক প্রতীক।

হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিষ্টান, পাহাড় ও সমতলের মানুষ—এই সকল সম্প্রদায়ের নাম উচ্চারণ আসলে ভৌগোলিক বা ধর্মীয় পরিচয়ের তালিকা নয়; এটি বাংলাদেশের বহুস্তরীয় পরিচয়-রাজনীতির বিরুদ্ধে সমতা ও অন্তর্ভুক্তির এক দৃঢ় নৈতিক ঘোষণা। রাষ্ট্র এখানে কোনো একক সাংস্কৃতিক গোষ্ঠীর মালিকানা নয়; বরং বহুত্ববাদী সহাবস্থানের নন্দিত প্রস্তাব। রাজনৈতিক তত্ত্বের ভাষায় এটি “Inclusive Citizenship” অর্থাৎ নাগরিকত্বের কেন্দ্রে সমান মর্যাদা ও সমঅধিকারের দর্শন, যা জাতীয় পরিচয়ের ভেতরে প্রান্তিকতার জায়গাগুলোকে নতুনভাবে সংজ্ঞায়িত করে। রাষ্ট্রতত্ত্বের ভাষায়  এটিকে বলা হয়- Ethical Governance Paradigm— যেখানে উন্নয়ন কেবল অর্থনীতি নয়, বরং ন্যায়বোধ, মানবিকতা ও সামাজিক মর্যাদার সমন্বিত স্থাপত্য। এই ধারণা অর্থনীতিবিদ অমর্ত্য সেনের Capabilities Approach -এর সাথে সামঞ্জস্যপূর্ণ- যেখানে সমৃদ্ধি মানে কেবল আয়ের বৃদ্ধি নয়, বরং মানুষের মর্যাদাপূর্ণ বেঁচে থাকার সক্ষমতা বৃদ্ধি।

নারী, শিশু, প্রতিবন্ধী এবং চার কোটির বেশি তরুণ—এই উল্লেখ রাষ্ট্রকে কেবল ক্ষমতার কাঠামো নয়, বরং ভবিষ্যৎ-নির্ভর মানবসম্পদের নৈতিক অভিভাবক হিসেবে উপস্থিত করে। এটি সরাসরি Inclusive Social Order-এর প্রতিশ্রুতি, যেখানে রাষ্ট্র কেবল উন্নয়নচর্চা নয় - সমতার নৈতিক রক্ষক। তরুণ প্রজন্মকে দেশগঠনের অগ্রদূত বলে অভিহিত করা একদিকে অর্থনৈতিক সম্ভাবনার ভাষা, অন্যদিকে তা রাজনৈতিকভাবে সক্রিয় নাগরিক সমাজ তৈরির স্বপ্ন। তাঁর বারবার উচ্চারিত- ‘আমরা দেশের শান্তি চাই’—এই বাক্যটি কৌশলগত রাজনৈতিক ঘোষণা নয়, বরং এক ধরনের সমষ্টিগত মানসিক অভিপ্রায়; যেন শান্তি এখানে নীতির চেয়ে বেশি, এক সাংস্কৃতিক আকাঙ্ক্ষা, যৌথ আত্মার প্রশান্তি। রাজনৈতিক ভাষণের ভেতর এই অন্তর্ভুক্তিমূলক দর্শন আধুনিক গণতান্ত্রিক রাষ্ট্রের “Rights-Based Governance” মডেলের সঙ্গে সঙ্গতিপূর্ণ।

বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের উদ্দেশে তাঁর আহ্বান—‘আমরা সবাই মিলে নিরাপদ বাংলাদেশ গড়ে তুলব’—এখানে ক্ষমতা ও প্রতিদ্বন্দ্বিতার রাজনীতির বিপরীতে সহযোগিতা ও সমবায়মূলক শাসনের ধারণা উন্মোচিত হয়। যে রাষ্ট্রদর্শন তিনি উপস্থাপন করেন, তাতে বিরোধিতা শত্রুতা নয়, বরং বহুমতের সম্মিলন। এটি “Power for Liberation, not Domination”—অর্থাৎ ক্ষমতা মুক্তির জন্য, দখলের জন্য নয়, এমন এক রাজনৈতিক নৈতিকতার ইঙ্গিত।

এই স্বপ্নঘন বক্তব্যের ভেতরে তাই কাব্যের নরম আলো ও রাষ্ট্রবিজ্ঞানের কঠিন বাস্তবতা পাশাপাশি হাঁটে। নিরাপত্তা এখানে কেবল গ্যারান্টি নয়—এটি আস্থা, অন্তর্ভুক্তি ও মর্যাদার সম্মিলিত প্রতিশ্রুতি; এমন এক বাংলাদেশি কল্পনা, যেখানে ভবিষ্যৎ আর ভয় নয়, বরং শান্তি ও সম্ভাবনার দিকে উন্মুক্ত এক দরজা।

দীর্ঘ বছর পর রাজসিক প্রত্যাবর্তনে তারেক রহমানের দেয়া এই ভাষণকে তাই এককভাবে রাজনৈতিক ঘোষণা বলা যায় না। এটি একদিকে অন্তর্ভুক্তিমূলক রাষ্ট্রধারণার এক নৈতিক দলিল, অন্যদিকে জাতীয় স্মৃতি, মানবিকতা ও ভবিষ্যৎচিন্তার মহাকাব্যিক পুনর্লিখন। সময়ের কাছে প্রশ্ন এখন একটাই— এই ভাষণ কি কেবল প্রত্যাবর্তনের আবেগময় দলিল হয়ে থাকবে? নাকি এটি হয়ে উঠবে নতুন বাংলাদেশ গঠনের বুদ্ধিবৃত্তিক ভিত্তিপ্রস্তর? ইতিহাস উত্তর লিখবে—কিন্তু এই ভাষণ নিশ্চয়ই ইতোমধ্যে রাষ্ট্রচিন্তার ভাষায় একটি নতুন ন্যারেটিভ তৈরি করেছে।

লেখক: রাজনৈতিক বিশ্লেষক এবং তথ্য ও গবেষণা সম্পাদক, জিয়া সাইবার ফোর্স-জেডসিএফ, কেন্দ্রীয় কমিটি।
e-mail: [email protected]

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন