গুম অধ্যাদেশের ফাঁকফোকর পূরণ করে শক্ত আইন চায় জনগণ: রিজভী
দেশের জনগণ গুম সংক্রান্ত অধ্যাদেশের ফাঁকফোকর ও ঘাটতি দূর করে একটি শক্তিশালী আইন প্রণয়নের প্রত্যাশা করে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। আজ সোমবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে দলটির সাবেক সাংগঠনিক সম্পাদক ইলিয়াস আলী ও তার ড্রাইভারের গুমের সন্ধান দাবিতে আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে তিনি এ কথা বলেন।
রিজভী বলেন, দেশ একটি দুঃসময়ের মধ্য থেকে এখন সুসময়ের দিকে যাচ্ছে। তবে এই সুসময় শুধু ব্যক্তি বা গোষ্ঠীর জন্য নয়, বরং পুরো জাতির জন্য নিশ্চিত করতে হবে।
তিনি বলেন, ‘জাতীয় ও আন্তর্জাতিক ষড়যন্ত্র এখনও বিদ্যমান। তবুও এখন অন্তত গ্রেপ্তার, গুম বা ক্রসফায়ারের ভয় কমেছে—এটাই সুসময়ের লক্ষণ।’
তিনি বলেন, আইনের শাসন নিশ্চিত করতে হবে এবং কোনো সাধারণ মানুষ অন্যায়ের শিকার হলে আদালতে ন্যায়বিচার পেতে হবে। ক্ষমতার অপব্যবহার বন্ধ করাও সুসময়ের অন্যতম শর্ত।
গুম সংক্রান্ত অধ্যাদেশ বাতিল প্রসঙ্গে তিনি বলেন, সরকার এ উদ্যোগ নিয়েছে। এতে অনেক ঘাটতি ও ফাঁকফোকর রয়েছে। দেশের জনগণ চায় সে ফাঁকফোকর ঘাটতি পূরণ করে একটি শক্তিশালী আইন করা হোক। তিনি সরকারের প্রতি একটি শক্তিশালী আইন প্রণয়নের আহ্বান জানান, যাতে ভবিষ্যতে কোনো সরকার গুমের মতো অমানবিক পন্থা ব্যবহার করতে না পারে।
তিনি বলেন, ‘পার্লামেন্টে একটি কার্যকর আইন করতে হবে, যাতে ভবিষ্যতে কেউ রাজনৈতিক প্রতিপক্ষকে অদৃশ্য করার সুযোগ না পায়। জনগণ এ বিষয়ে সরকারের কাছ থেকে স্পষ্ট অবস্থান চায়।’

