Logo
Logo
×

খেলা

আবারও ভেন্যু পরিবর্তনের অনুরোধ জানিয়ে আইসিসিকে বিসিবির চিঠি

ডেস্ক রিপোর্ট

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ০৯ জানুয়ারি ২০২৬, ১২:০৯ এএম

আবারও ভেন্যু পরিবর্তনের অনুরোধ জানিয়ে আইসিসিকে বিসিবির চিঠি

বাংলাদেশ ক্রিকেট বোর্ড। ছবি: সংগৃহীত

আসন্ন টি–টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচগুলো ভারত থেকে সরিয়ে শ্রীলঙ্কায় নেওয়ার অনুরোধ জানিয়ে দ্বিতীয় দফায় আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলকে (আইসিসি) ইমেইল করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

বিসিবির এক পরিচালক সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘চিঠি পাঠানো হয়েছে। আমরা এখন তাদের জবাবের অপেক্ষায় আছি।’

এর আগে বিসিবির প্রথম অনুরোধের জবাবে আইসিসি বুধবার জানিয়েছে, টুর্নামেন্টের মাত্র এক মাস আগে ভেন্যু বদল করা কঠিন। ভারতে খেলার ব্যাপারে বাংলাদেশ যে নিরাপত্তাশঙ্কার কথা জানিয়েছে, সে রকম কিছু হবে না বলেও আশ্বস্ত করেছে আইসিসি।

তবে তারা বলেছে, বিশ্বকাপের পূর্ণাঙ্গ নিরাপত্তা পরিকল্পনা চূড়ান্ত হওয়ার পর বিসিবি বাড়তি কিছু যোগ করতে চাইলে সেটা বিবেচনা করা হবে। দ্বিতীয় দফায় পাঠানো ইমেইলের জবাব শনিবারের মধ্যে আসবে বলে আশা বিসিবির।

এদিকে, আইসিসির জবাব পাওয়ার পর বুধবার বিকেলে আইন, যুব ও ক্রীড়া উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুলের সঙ্গে সাক্ষাৎ করেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম ও কয়েকজন বোর্ড পরিচালক। সাক্ষাতের পর সংবাদমাধ্যমের কাছে ভারতে বিশ্বকাপের ম্যাচ না খেলার সিদ্ধান্তে অটল থাকার কথা জানান উপদেষ্টা। 

তিনি বলেন, ‘ভারতে নিরাপদে খেলার মতো পরিস্থিতি নেই। বাংলাদেশের মর্যাদার প্রশ্নে আমরা কোনো আপস করব না। আরেক আয়োজক দেশ শ্রীলঙ্কা, সেখানে খেলতে চাই। দেশের মর্যাদার বিনিময়ে আমরা বিশ্বকাপ ক্রিকেট খেলতে চাই না।’

উল্লেখ্য, বাংলাদেশের বাঁ-হাতি পেসার মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দিয়েছে ভারত। বিষয়টির জেরে ফেব্রুয়ারিতে ভারতে অনুষ্ঠেয় টি-২০ বিশ্বকাপ খেলতে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। 

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন