বিশ্বকাপ ইস্যুর সমাধানে ঢাকায় আজ আইসিসি–বিসিবি বৈঠক
টি-টোয়েন্টি বিশ্বকাপ মাঠে গড়াতে আর মাত্র ২০ দিন বাকি থাকলেও এখনো বাংলাদেশের খেলা নিয়ে অনিশ্চয়তা কাটেনি। নিজেদের অবস্থানে অনড় রয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ভারত নয়, শ্রীলঙ্কায় ম্যাচ আয়োজনের দাবিতে অনড় বাংলাদেশ।
এ বিষয়ে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) সঙ্গে একাধিকবার ই-মেইল চালাচালি ও ভিডিও কনফারেন্স বৈঠক হলেও কোনো চূড়ান্ত সমাধান আসেনি। অবশেষে এই সংকট নিরসনে আজ শনিবার ঢাকায় আসছে আইসিসির প্রতিনিধি দল। বিকেলে বিসিবি কর্তাদের সঙ্গে বৈঠকের পাশাপাশি ক্রীড়া মন্ত্রণালয়ের সঙ্গেও তারা আলোচনা করবেন।
শুরুতে দুই সদস্যের প্রতিনিধি দল আসার কথা থাকলেও ভিসা জটিলতায় শেষ পর্যন্ত একজনই আসছেন। তিনি হলেন আইসিসির দুর্নীতি দমন বিভাগের অন্তর্বর্তী মহাব্যবস্থাপক অ্যান্ড্র এফগ্রেভ।
এর আগে যুব ও ক্রীড়া উপদেষ্টা ড. আসিফ নজরুল আইসিসির প্রতিনিধি দলের আগমনের বিষয়টি নিশ্চিত করেছিলেন।
প্রসঙ্গত, ভারতের উগ্র হিন্দুত্ববাদীদের দাবির মুখে মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেয় বিসিসিআই। এতে ক্ষুব্ধ বিসিবি জরুরি বোর্ড সভায় বিশ্বকাপে ভারতে দল না পাঠানোর সিদ্ধান্ত নেয়, যা সরকারও সমর্থন জানায়। এই সিদ্ধান্ত জানিয়ে বিসিবি দুই দফা আনুষ্ঠানিকভাবে আইসিসিকে চিঠি দেয়।
আজকের বৈঠকেই বিশ্বকাপ নিয়ে চলমান দোলাচলের চূড়ান্ত সমাধান আসতে পারে বলে আশা করা হচ্ছে।

